ভয়ের সংস্কৃতি ও নিয়ন্ত্রণের ইচ্ছা ব্যক্তিস্বাধীনতার পরিপন্থী
নজরদারির বিরুদ্ধে বৈশ্বিক প্রতিবাদ
জনগণের ওপর নজরদারির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ৮৩ দেশের খ্যাতিমান ৫৬০ জন লেখক। বাংলাদেশের দুজন লেখক প্রতিবাদপত্রে সই করেছেন। জনগণের ভাবনা-কাজের বিরুদ্ধে নজরদারি নিছক মত প্রকাশের সমস্যা নয়, এ ধরনের পরিস্থিতি ভয়ের সংস্কৃতি তৈরি করে, তৈরি করে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। বাংলাদেশেও বিভিন্ন মাত্রায় নজরদারি বিদ্যমান; এই বিবৃতি তাই আমাদের জন্যও প্রাসঙ্গিক।
ডিজিটাল যুগে ডিজিটাল নজরদারির সমস্যাটা একই সঙ্গে দেশি ও বৈশ্বিক। উইকিলিকস ও স্নোডেনের পরে জানতে বাকি নেই, দেশে দেশে সরকারগুলো নাগরিকদের নিয়ে ভীত। যুক্তরাষ্ট্র বিশ্বের ৫০০ কোটি মানুষের টেলিফোন ও ই-মেইলে আড়ি পাতার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বড় বড় করপোরেট কোম্পানিও বাণিজ্যিক স্বার্থে এ ধরনের কাজ চালাচ্ছে। বাণিজ্যিক উচ্চাকাঙ্ক্ষা এবং রাজনৈতিক নিয়ন্ত্রণের এই চেষ্টার ফলাফল: নাগরিকদের ভয়ভীতির মধ্যে রাখা এবং ব্যক্তিস্বাধীনতার প্রতি হুমকি।
বাংলাদেশে রাজনীতিবিদ, লেখক, সাংবাদিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপরও বিভিন্ন নিরাপত্তা সংস্থার গোপন নজরদারি চলে বলে অভিযোগ রয়েছে। এতে কেবল বিরোধী মতই নয়, জনগণের মত প্রকাশের স্বাধীনতাও হুমকিতে পড়ে। এ ধরনের কার্যক্রম নিরাপত্তার নামে নিয়ন্ত্রণবাদী ব্যবস্থা কায়েম করে। এতে গণতান্ত্রিক ও স্বতঃস্ফূর্ত আদান-প্রদান সংকুচিত হয়ে পড়ে। ফলে সমাজে খোলামেলা সংস্কৃতি রুদ্ধ হয়। সমাজ সৃজনশীলতা ও সাহসিকতা হারিয়ে ফেলে। পরিবর্তনের গতি রুদ্ধ হয় এবং একটি দেশ এভাবে দিনে দিনে আত্মা শুকিয়ে নির্জীব হয়ে পড়ে। অগণতান্ত্রিক শাসনের জন্য এটা অনুকূল হলেও এভাবে কোনো দেশ, সমাজ বা ব্যক্তি বিকশিত হতে পারে না।
তাই বিশ্বের বিভিন্ন অঞ্চলের ৫৬০ জন লেখক নজরদারিকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছেন, তা যথার্থ। এ বিষয়ে আমাদের সমাজেও সচেতনতা তৈরি হওয়া দরকার। সরকারি প্রতিষ্ঠানগুলোরও উচিত সংকীর্ণ স্বার্থে নাগরিকদের মুক্তবিকাশের পথে বাধা হয়ে না থাকা।