নতুন ঘাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৪টি জেলার লক্ষাধিক মানুষ ও কয়েক হাজার পরিবহন প্রতিদিন পারাপার হয় মাওয়া-কাওরাকান্দি ঘাট দিয়ে। ওই নদীপথে লঞ্চে পার হতে সময় লাগে এক ঘণ্টা ২০ মিনিট থেকে দেড় ঘণ্টা আর ফেরিতে দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত।

কিন্তু মূল পদ্মা নদী পার হতে উভয় জলযানের সময়ের প্রয়োজন মাত্র ৩০ থেকে ৩৫ মিনিট। তারপর একটি সরু নদীপথে আরও এক থেকে দেড় ঘণ্টা (এটি আগের দৌলতদিয়া-আরিচা ঘাটের মতো। কিন্তু সেখানে পাটুরিয়া পর্যন্ত নতুন সড়ক ও ঘাট করায় এখন মাত্র ২৫ থেকে ৩০ মিনিটের প্রয়োজন হয়)।

যদি পাটুরিয়া ঘাটের মতো কাওরাকান্দি ঘাট থেকে মূল নদী পর্যন্ত আট থেকে নয় কিলোমিটার সড়ক এবং পদ্মার পাড়ে নতুন একটি ঘাট তৈরি করা যায়, তাহলে দৌলতদিয়া-পাটুরিয়ার মতো এখানেও ৩০ থেকে ৩৫ মিনিটের মধ্যে পারাপার হওয়া সম্ভব। এতে লাখ লাখ যাত্রী সময় ও অর্থ অপচয় থেকে রক্ষা পাবে। ফেরিগুলো কয়েক গুণ বেশি যানবাহন পারাপার করতে পারবে। সরু নদীটি ড্রেজিং করার ঝামেলা থেকে বেঁচে যাবে নৌপরিবহন মন্ত্রণালয়।

উল্লেখ্য, ওই পয়েন্টে পদ্মা সেতুর কাজ শিগগিরই শুরু হবে, কিন্তু তা যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করতে আরও কয়েক বছর লেগে যাবে। বর্তমান নৌমন্ত্রী ও যোগাযোগমন্ত্রী দুজনই জনস্বার্থে নানাবিধ কাজ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তাঁরা কাজটি যদি বর্তমান সরকারের সময়ের মধ্যে করে যেতে পারেন, তাহলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগণ তাঁদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে।

আহম্মদ হাসান

ফরিদপুর।