নতুন দিনের জন্য তৈরি হচ্ছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সাম্প্রতিক জন-আন্দোলনগুলো আমাদের বড় ধরনের একটি ইশারা দিয়ে যাচ্ছে। বাংলাদেশ বদলে যাচ্ছে। ইতিবাচক এক সম্ভাব্য পরিবর্তনের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। কোনো রাজনৈতিক মতাদর্শের নেতৃত্বে এই পরিবর্তন না-ও আসতে পারে। নিতান্তই অরাজনৈতিক জনসাধারণ এই পরিবর্তনের আন্দোলনে শরিক হচ্ছে। নিজেদের, সার্বিকভাবে দেশের মঙ্গলের জন্য যাবতীয় অন্যায়, অনিয়ম, দুর্বৃত্তপনা নিরসনে এই আন্দোলন একটু একটু করে দানা বাঁধছে। তাত্ত্বিকভাবে বিবেচনা করলে এবং ইতিহাস সাক্ষ্য দেয়, একসময় এ ধরনের আন্দোলনই রাজনৈতিক পরিবর্তনের সূচনা করে। বিপ্লবকে ধারণ করে। আর এই পরিবর্তনের মধ্য দিয়েই বেরিয়ে আসে নতুন নতুন রাজনৈতিক নেতৃত্ব। অবশ্য পরিবর্তন সব সময়ই বিদ্যমান পচে যাওয়া রাজনৈতিক ব্যবস্থাকে বাতিল করে দেয়। সেই নতুন বিপ্লব, পরিবর্তন, নতুনের নেতৃত্বই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। এর মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশকে দেখা যাবে। নবীনেরা জাগছে। এরা জেগে উঠবেই। সাম্প্রতিক সময়ের গতিবিধি পর্যবেক্ষণ করলে তেমন ইঙ্গিতই পাওয়া যায়। এক নতুন পরিস্থিতি, নতুন দিনের জন্য তৈরি হচ্ছে বাংলাদেশ।

আমাদের সামনে কয়েকটি বড় উদাহরণ আছে। প্রথমটি হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আরোপের বিরুদ্ধে আন্দোলন। এরপর কোটা সংস্কার আন্দোলন। সর্বশেষ চলমান স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলন। এর মধ্যে ইতিবাচক ও নেতিবাচক অনেক কিছুই পাবেন। ভাঙচুর আছে। আন্দোলনকারীদের ভাষার ব্যবহার নিয়ে অনেকেরই আপত্তি থাকতে পারে। বাস্তবতা হচ্ছে, যেকোনো আন্দোলনের মধ্যে বিভিন্ন উপাদান থাকবেই। এসব উপাদানের মধ্য থেকেই মূল নির্যাস বেরিয়ে আসবে। আমাদের বিবেচনায় রাখতে হবে আন্দোলন, সংগ্রামের চরিত্রের ওপর। এই আন্দোলনগুলোর মধ্যে পরিবর্তনের এক বাঁক লক্ষ্য করা যাচ্ছে। সাম্প্রতিক আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, তরুণদের নৈতিকতার শক্তি, আপসহীনতা ও নতুন এক সমাজ-রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠার জেদ। মধ্যবিত্ত নাগরিক সমাজে অধিকাংশ মানুষের মধ্যে যেখানে আপসকামিতা, তরুণদের মধ্যে সেখানে লড়ে যাওয়ার শপথ। পরিবর্তনের আকাঙ্ক্ষা।

সাম্প্রতিক আন্দোলনগুলোকে সমাজে সাম্য প্রতিষ্ঠার আন্দোলন হিসেবে দেখা যায়। বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মই হয়েছে সম-অধিকার প্রতিষ্ঠার শপথ নিয়ে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এত বড় বিক্ষোভ, অংশগ্রহণ, এই প্রতিরোধের নজির বাংলাদেশের গণ-আন্দোলনের ইতিহাসে বিরল না হলেও নিঃসন্দেহে এক নতুন অধ্যায়। রাজনৈতিক ব্যবস্থায় পুঞ্জীভূত দীর্ঘদিনের অনিয়ম, অন্যায়, অন্যায্যতা, বেইনসাফের বিরুদ্ধে ছিল এই জনবিস্ফোরণ। হতে পারে ভ্যাট আরোপ, কোটা সংস্কার বা দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর বিক্ষোভের বহিঃপ্রকাশ। এটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারের বিরুদ্ধে আন্দোলন না। সমাজের প্রতি স্তরে বিদ্যমান রাজনৈতিক কাঠামো, চর্চা ও নেতৃত্বের প্রতি যে অনাস্থা ও অবিশ্বাসের জন্ম হয়েছে তারই প্রতিফলন এই আন্দোলন।

চলমান স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের ভাষা নিয়ে কারও কারও আপত্তি থাকতে পারে। কিন্তু নিশ্চিত করে বলা যায়, এরা মানুষের মুখের ভাষাকে জনসমক্ষে নিয়ে এসেছে। সমাজের বিভিন্ন স্তরে জনসাধারণ রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে কী মনোভাব পোষণ করে, তা প্রতিফলিত হয়েছে এসব স্লোগানে। একটি স্লোগান ছিল, মন্ত্রী-এমপিদের সপ্তাহে তিন দিন গণপরিবহনে যাতায়াত করতে হবে। ঢাকার গণপরিবহন-ব্যবস্থা এতই শোচনীয় যে শিক্ষার্থীরা চায় রাজনীতির নীতিনির্ধারকেরা সেই অভিজ্ঞতা নিক। এসব নতুন দিনের শুরুর কথা বলে। রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করে ভোগবিলাস থেকে রাজনৈতিক নেতাদের বেরিয়ে আসার আহ্বান জানায়।

এই তরুণেরা চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারে। এরা পরিবর্তনকামী আবার মানবতাবাদী। স্কুলের পোশাকধারী শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছে আবার সেই শিক্ষার্থীরাই অ্যাম্বুলেন্সকে পথ করে দিয়েছে যাওয়ার জন্য। এই শিক্ষার্থীরাই উত্তরার আর্মড পুলিশের বাস আটকে দিয়েছে চালকের লাইসেন্স নেই বলে। গণমাধ্যমের গাড়িও আটকে দিয়েছে। আবার ওরাই এক ছাত্রলীগের কর্মীকে ধরিয়ে দিয়েছে, যে কিনা গাড়ি ভাঙচুর করছিল। কোমলমতি এই শিক্ষার্থীরা বলেছে, ‘গাড়ি ভাঙচুর করছ কেন? আমরা কি ভাঙচুরের আন্দোলন করছি নাকি!’ অসম্ভব ইতিবাচক ওদের এই বিবেচনাবোধ। ধানমন্ডিতে এই শিক্ষার্থীরাই ঝাড়ু দিয়ে রাস্তার কাচ পরিষ্কার করছে।

অনেকেই বলতে পারেন, এই জন-আন্দোলনের নেতৃত্ব কোথায়? কারা দিকনির্দেশনা দেবে? একটা জিনিস বিবেচনায় রাখতে হবে, এ ধরনের জনবিপ্লব বা আন্দোলন বলে-কয়ে হয় না। আর এসবের নেতৃত্ব জনগণের ভেতর থেকেই উঠে আসে। ভ্যাটবিরোধী আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন বা স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলন সেই জনবিপ্লবের পটভূমি তৈরি করছে। প্রথমদিকের আন্দোলনগুলো সফল না-ও হতে পারে। কিন্তু শুরুর দিকের এই প্রাথমিক আন্দোলনগুলোই রাজনৈতিক পরিবর্তনকে ত্বরান্বিত করবে।

বাংলাদেশেই এর উদাহরণ রয়েছে। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে যে সংগ্রাম শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছিল তার চূড়ান্ত পরিণতি হয়েছে ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে। এই সম্ভাবনাময় কিশোর, তরুণ, যুবকদের রাজনীতিতে যোগ দেওয়া প্রয়োজন। দেশের জন্য ওদের দরকার। জেলায় জেলায় তরুণদের সংগঠন করা প্রয়োজন। আমাদের এই প্রচলিত রাজনীতি থেকে বের হওয়া দরকার। সবাইকে রাজনীতি করার প্রস্তুতি নিতে হবে। রাজনীতি ভালো মানুষ করে না, এ কথা বলে আমরা রাজনীতিকে খারাপ দুর্বৃত্তদের হাতে ছেড়ে দিয়েছি। সেই রাজনীতিকে আবার আমাদের হাতেই ফিরিয়ে আনতে হবে। যে রাজনীতি ৫২, ৬২, ৬৯, ৭১-এর। যা ছিল সালাম, বরকত, মতিউর, আসাদ, অগণিত মুক্তিযোদ্ধার।

উনসত্তরের গণ-অভ্যুত্থানে আসাদ শহীদ হওয়ার পর কবি আল মাহমুদ লিখেছিলেন,

কেন বাঁধবো দোর জানালা
তুলবো কেন খিল?
আসাদ গেছে মিছিল নিয়ে
ফিরবে সে মিছিল।

আসাদ সেই মিছিলে জীবন দিয়েছিলেন। কিন্তু হাজারো, অযুত-নিযুত আসাদ বাংলাদেশের স্বাধীনতাকে সঙ্গে করেই মিছিল নিয়ে ফিরেছিল। সেই মিছিলকে আবার ফিরিয়ে আনতে হবে। মহান জনযুদ্ধের মধ্য দিয়ে যে দেশের জন্ম, জনবিপ্লবের হাত ধরে যার স্বাধীনতা এসেছে। যার ভাষা পর্যন্ত অর্জন করতে হয়েছে রক্তের বিনিময়ে। সেই দেশ থমকে যেতে পারে না। পথ হারাতে পারে না। যতই জনদরদি, মুখরোচক বাকোয়াজি করে দুর্বৃত্ত রাজনীতিকেরা ভুল বোঝানোর চেষ্টা করুন না কেন, এই কিশোর-তরুণেরাই বাংলাদেশকে পথ দেখাবে।

ড. মারুফ মল্লিক. ভিজিটিং রিসার্চ ফেলো, ইনস্টিটিউট অব অরিয়েন্ট অ্যান্ড এশিয়ান স্টাডিজ, ইউনিভার্সিটি অব বন