
একটি সমাজকে জানতে হলে শুধু এর প্রকাশ্য নীতিগুলো জানলেই চলে না। আমাদের জানতে হবে, কীভাবে তা প্রয়োগ করতে হবে, কখন তা ব্যবহার করতে হবে আর কখন তা লঙ্ঘন করতে হবে। আর কখেনা কোনো কিছু জোরপূর্বক করতে বাধ্য হলে ভাবটা নিতে হবে এমন, যেন এটা আমরা স্বেচ্ছায় করছি। উদাহরণস্বরূপ, স্ববিরোধী পরিস্থিতির কথা ভাবুন। কিছু কিছু প্রস্তাব আছে, যেগুলো প্রত্যাখ্যাত হওয়ার জন্যই করা হয়। ধরুন, আমার কোনো ধনী চাচা আমাকে রেস্তোরাঁয় দাওয়াত করেছেন, আমরা উভয়েই জানি, তিনিই বিলটা পরিশোধ করবেন। তবু ভদ্রতার খাতিরে বললাম, আমি কিছুটা দিই। এখন তিনি যদি বলেন, ‘ঠিক আছে, তুমিই বিলটা দাও’, তাহলে ভেবে দেখুন, আমার বিস্ময়ের মাত্রাটা কী হবে।
সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইয়েলৎসিনের বিশৃঙ্খল শাসনামলে ঠিক এ রকম সমস্যাগুলোই বিরাজ করছিল। যদিও আইন সম্পর্কে মানুষ অবগত ছিল, সোভিয়েত আমলের আইন তখনো ছিল। কিন্তু অলিখিত ও অপ্রকাশ্য আইনের যে জটিল জাল পুরো সমাজে ছড়িয়ে ছিল, সেই জালটি ছিঁড়ে যায়। সোভিয়েত আমলে আপনি যদি ভালো হাসপাতালে চিকিৎসা নিতে চাইতেন, অ্যাপার্টমেন্ট কিনতে চাইতেন বা কর্তৃপক্ষের বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ থাকত বা আপনাকে আদালতে তলব করা হতো, আপনার সন্তানকে ভালো স্কুলে ভর্তি করাতে চাইতেন, তাহলে কী করতে হবে, আপনার তা জানা ছিল। অপ্রকাশ্য আইন। আপনি জানতেন, কার কাছে যেতে হবে বা কোন ব্যক্তিটিকে ঘুষ দিতে হবে এবং আপনাকে কী করতে হবে আর কী করতে হবে না। সোভিয়েত শক্তির পতনের পর এটা সবচেয়ে হতাশার বিষয় হয়ে দাঁড়ায় যে অলিখিত এই আইন সম্পর্কে জনসাধারণ আর কিছু জানতে পারত না। মানুষ জানত না তাদের কীভাবে কী করতে হবে। প্রকাশ্য আইনের সঙ্গে কীভাবে খাপ খাওয়াতে হবে, কোনটা অগ্রাহ্য করা যাবে আর কোথায় ঘুষটা দিতে হবে। (সংঘবদ্ধ অপরাধের উদ্দেশ্য হচ্ছে সমাজে একধরনের ভুয়া আইনসিদ্ধতা তৈির করা। আপনার যদি একটি ছোট ব্যবসা থাকে আর ক্রেতার কাছ থেকে আপনি টাকা পান, তাহলে আপনাকে আপনার মাফিয়ার কাছে যেতে হতো, কারণ রাষ্ট্রের আইনি ব্যবস্থা ছিল অকার্যকর) পুতিনের আমলে স্থিতাবস্থা ফিরে আসার প্রধান কারণ হচ্ছে, এই অলিখিত আইনের স্বচ্ছতা আনা সম্ভব হয়েছে। এখন আবারও মানুষ সামাজিক আন্তক্রিয়ার গতি–প্রকৃতি বুঝতে পারছে।
আন্তর্জাতিক রাজনীতিতে আমরা এখনো এ পর্যায়ে যেতে পারিনি। ১৯৯০ সাল পর্যন্ত একটি গোপন চুক্তির মাধ্যমে রাশিয়ার সঙ্গে পশ্চিমা পরাশক্তিগুলোর সম্পর্কের ধরন নির্ধারিত হতো। পশ্চিমা শক্তিগুলো রাশিয়াকে একটি পরাশক্তি হিসেবে স্বীকৃতি দিত এই শর্তে যে রাশিয়া পরাশক্তির মতো আচরণ করবে না। কিন্তু যে ব্যক্তিকে প্রত্যাখ্যান করার জন্য প্রস্তাবটি করা হয়েছে, তিনি তা গ্রহণ করলে কী হতো? রাশিয়া যদি পরাশক্তির মতো আচরণ করত, তাহলে কী ঘটত? পরিস্থিতি নিঃসন্দেহে বিপর্যয়কর হয়ে উঠত, বিরাজমান সম্পর্কই হুমকির মুখে পড়ত। পাঁচ বছর আগে জর্জিয়ার যেমনটি হয়েছিল। শুধু পরাশক্তি হিসেবে গণ্য হতে হতে রাশিয়া ক্লান্ত হয়ে ওঠে, এরপর সে পরাশক্তির মতো আচরণ শুরু করে।
এটা কীভাবে হলো? ‘মার্কিন শতাব্দী’র আয়ুষ্কাল শেষ। আমরা এখন এমন এক জামানায় ঢুকেছি, যেখানে বৈশ্বিক পুঁজিবাদের নানা কেন্দ্র গড়ে উঠছে। মার্কিন যুক্তরাষ্ট্রে, ইউরোপে, চীনে এবং সম্ভবত লাতিন আমেরিকায়ও পুঁজিবাদ নিজস্ব ধরন নিয়ে গড়ে উঠছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদ হচ্ছে নব্য উদারনৈতিক পুঁজিবাদ, ইউরোপ এখনো কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা আঁকড়ে আছে। চীনে দেখা যাচ্ছে কর্তৃত্বশীল পুঁজিবাদ, আর লাতিন আমেরিকায় জনপ্রিয় ধারার পুঁজিবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে একমাত্র পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হওয়ায় এখন এসব কেন্দ্রের বিবদমান স্বার্থের সমন্বয় করার জন্য নতুন নীতি প্রণয়নের প্রয়োজনীয়তা সৃষ্টি হয়েছে।
এ কারণে আমাদের সময় আরও বেশি বিপজ্জনক, যতটা না দেখে মনে হয়। শীতল যুদ্ধের সময় আন্তর্জাতিক পরিমণ্ডলের গতি–প্রকৃতি আমরা খালি চোখেই দেখতে পারতাম। এর বৈশিষ্ট্য ছিল পাগলামি। সে ছিল এক ভয়ানক ধ্বংসযজ্ঞ, পরাশক্তিগুলো একে অন্যের দিকে কামান তাক করেই ছিল। সোভিয়েত ইউনিয়ন এই অলিখিত আইনকে লঙ্ঘন করে আফগানিস্তানে আগ্রাসন করলে এর জন্য তাকে বড় মূল্য দিতে হয়। আফগানিস্তান যুদ্ধ ছিল সোভিয়েত ইউনিয়ন পতনের শুরু। আজ নতুন ও পুরোনো পরাশক্তিগুলো একে অন্যকে বাজিয়ে দেখছে। সবাই নিজেদের আইনকে বৈশ্বিক আইন হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। প্রক্সির মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। ছোট ছোট জাতি ও রাষ্ট্রগুলো এই প্রক্সি হিসেবে কাজ করছে।
কার্ল পপার একবার বলেছিলেন, হাইপোথিসিসগুলোর বৈজ্ঞানিক পরীক্ষা হওয়া উচিত। তিনি আরও বলেছিলেন, এর মাধ্যমে আমাদের হাইপোথিসিসগুলো হারিয়ে যায়, আমরা নই। বর্তমানে এই পরীক্ষা-নিরীক্ষায় ছোট জাতিগুলো বলির পাঁঠা হচ্ছে, বড়রা নয়। প্রথমে বলির পাঁঠা হলো জর্জিয়া, আর এখন ইউক্রেন। যদিও আনুষ্ঠানিক যুিক্ত খুবই নৈতিক, এর কেন্দ্র হচ্ছে মানবাধিকার ও স্বাধীনতা, এই খেলাটার ধরন পরিষ্কার। ইউক্রেনের সংকট হচ্ছে জর্জিয়ার সংকটের দ্বিতীয় ভাগ—এই নিয়ন্ত্রণহীন ও বহুকেিন্দ্রক বিশ্বব্যবস্থায় ভূরাজনীতির লাগাম ধরার সংগ্রামের দ্বিতীয় ক্ষেত্র।
নতুন ও পুরোনো পরাশক্তিগুলোকে কিছুটা শিক্ষা দেওয়ার এটাই যথাযথ সময়। কিন্তু সেটা কে করবে? দৃশ্যত, একটি আন্তর্জাতিক সংস্থাই এটা করতে পারে। ২০০ বছরেরও বেশি সময় আগে ইমানুয়েল কান্ট বৈশ্বিক সমাজ গড়ে ওঠার পরিপ্রেক্ষিতে একটি আন্তর্জাতিক আইিন ব্যবস্থা প্রণয়নের প্রয়োজনের কথা বলেছিলেন। তাঁর ‘চির শান্তির প্রকল্পে’ তিনি লিখেছেন, ‘দুনিয়াজুড়ে ক্ষুদ্র বা বৃহৎ সম্প্রদায়গুলোর এতটা বিকাশ হয়েছে যে কোনো এক জায়গায় অধিকার লঙ্ঘিত হলে তার প্রভাব দুনিয়াজুড়েই অনুভূত হয়। সে কারণে বৈশ্বিক নাগরিকত্ব আইনের ধারণা কোনো অতিরঞ্জিত বিষয় নয়।’ এর ফলে বলা যায়, আমরা এই নতুন বিশ্বব্যবস্থার ‘প্রধান দ্বন্দ্বের’ মুখোমুখি হয়ে যাই (যদি আমরা পুরোনো মাওবাদী শব্দবন্ধ ব্যবহার করি): বিশ্ব পুঁজিবাদী অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বৈশ্বিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার অসম্ভাব্যতা।
কাঠামোগত কারণে, শুধু প্রায়োগিক সীমাবদ্ধতার জন্য নয়, বৈশ্বিক গণতন্ত্র ও প্রতিনিধিত্বমূলক বৈশ্বিক সরকারব্যবস্থা গড়ে তোলা সম্ভব না হলে কী হবে? যদি বৈশ্বিক বাজার অর্থনীতিকে বৈশ্বিক উদার গণতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করা না যায়, তাহলে কী হবে? আজ এই বিশ্বায়নের যুগে আমরা এই ‘প্রধান দ্বন্দ্বের’ জন্য খেসারত দিচ্ছি। রাজনীতিতে সেই পুরোনো বন্দোবস্ত, বিশেষ করে ধর্মীয়, বর্ণগত ও সাংস্কৃতিক পরিচয় প্রতিশোধের নেশা নিয়ে ফিরে এসেছে। আমাদের দুরবস্থার পেছনে আছে এই চাপা উত্তেজনা। এক দিকে পণ্যের অবাধ প্রবাহ, অপর দিকে সামাজিক বিভাজন। বার্লিন দেয়ালের পতন হলেও দুনিয়াজুড়ে আরও অনেক দেয়াল তৈির হয়েছে। এই দেয়ালগুলো মানুষে মানুষে ও সংস্কৃতিতে সংস্কৃতিতে বিভেদ রেখা টেনে দিচ্ছে। সম্ভবত, এই উত্তেজনা প্রশমনের ওপরই মানুষের ভবিতব্য নির্ভর করছে৷
ইংল্যান্ডে দ্য গার্ডিয়ান থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিত৷
স্লাভোই ঝিঝেক: স্লোভেনীয় দার্শনিক ও লেখক৷