নদীগুলো উদ্ধার করতেই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ডজনের বেশি পরিবেশবাদী ও সামাজিক সংগঠন গত শুক্রবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে যেসব দাবি উত্থাপন করেছে, সেগুলো সর্বজনীন। বুড়িগঙ্গার পার থেকে ট্যানারিগুলো সরিয়ে, নদীটির তলদেশের বর্জ্য পরিষ্কার করে—অর্থাৎ নদীটিকে জবরদখল ও দূষণের হাত থেকে উদ্ধার করা হলে নগরবাসীর জন্যই তা হবে বিরাট আশীর্বাদের মতো।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), জাতীয় নদীরক্ষা আন্দোলনসহ যে ১৫টি সংগঠনের নেতা-কর্মীরা শুক্রবার প্রেসক্লাবের সামনে সমবেত হয়েছিলেন, তাঁরা আরও কিছু গুরুত্বপূর্ণ দাবি ও সুপারিশ তুলে ধরেছেন। যেমন, নদীপাড়ের ও নিকটস্থ কলকারখানাগুলোর বর্জ্য নদীতে না ফেলে বর্জ্য পরিশোধন প্লান্ট সংযুক্ত করা। নদীর তলদেশের বর্জ্য পদার্থ পরিষ্কার করার কাজও আবার শুরু করার দাবি জানিয়েছেন এবং এই কাজে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন। বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদনদীগুলোর জবরদখলকারীদের মধ্যে রাজনৈতিক সমর্থনপুষ্ট প্রভাবশালী ব্যক্তিরা ছাড়াও যুক্ত হচ্ছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান।
কিন্তু কেন এমন হলো? বুড়িগঙ্গাসহ ঢাকা মহানগরের চারপাশের নদনদীগুলো বছরের পর বছর ধরে জবরদখল ও দূষণের শিকার হতে হতে বিপর্যয়ের শেষ সীমায় পৌঁছে গেছে। অথচ এই মহানগরে বাস করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্র ও সমাজের সবচেয়ে ক্ষমতাধর, প্রভাবশালী লোকজন। আমজনতার কথা না হয় বাদই দেওয়া গেল, যাঁদের হাতে ক্ষমতা, প্রভাব, অর্থ ও প্রতিপত্তি আছে, তাঁরা যদি নিজেদের বসবাসের এই নগরের প্রাকৃতিক পরিবেশের কথা একটুখানি ভাবতেন, তাহলে কি ঢাকার এই বিপর্যস্ত দশা হতো?
ঢাকা মহানগরের সমস্যার শেষ নেই। বুড়িগঙ্গাসহ এর চারপাশের নদীগুলো বেদখল ও দূষিত হয়ে যাওয়া সেসব সমস্যার একমাত্র কারণ নয়; কিন্তু অনেক সমস্যাই আমরা এড়াতে পারতাম যদি নদীগুলোকে জবরদখল ও দূষণের হাত থেকে রক্ষা করা যেত। এখনো যদি আমরা নদীগুলোর পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেগুলোকে চূড়ান্ত বিপর্যয় থেকে বাঁচাতে পারি, তাহলে আমাদের প্রিয় রাজধানীর বসবাসের অনুপযোগী মহানগরে পরিণত হওয়া এড়ানো সম্ভব। এ জন্য প্রয়োজন সরকারের সর্বোচ্চ মহলের কার্যকর হস্তক্ষেপ।