আমাদের দেশ নদীমাতৃক৷ ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ, কৃষি ও মৎস্য থেকে শুরু করে জীবন ধারণের জন্য আমরা পানির ওপর নির্ভরশীল৷ পানির ব্যবহার, রক্ষণ, দূষণমুক্ত রাখা আমাদের অপরিহার্য৷
প্রতিবেশী দেশের ভেতর দিয়ে নদীগুলো প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়৷ ভাটিতে পানি সরবরাহ বন্ধ করে রাখা, ভাটি অঞ্চলের জনগণকে পানির অধিকার থেকে বঞ্চিত করা খুবই অন্যায়, যা আন্তর্জাতিকভাবে নিয়মবিরুদ্ধ৷ প্রতিবেশী দেশ অনেক ক্ষেত্রে একতরফাভাবে পানি প্রত্যাহার করে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে৷
নদী খনন করে নাব্যতা সৃষ্টি করা ও ভাটিতে বাঁধ নির্মাণ করে পানি সংরক্ষণ করা যায়৷ প্রতিবেশী দেশ উজানে খরস্রোতা নদী শাসন করে তাদের পানির চাহিদা পূরণ করছে, যা অত্যন্ত দুরূহ কাজ৷
অপরদিকে, আমরা পরনির্ভরশীলতা ও হাহুতাশ ছাড়া কোনো উপায় খুঁজে পাই না৷ পানির সমস্যা সমাধানে কার্যকর কোনো উপায় উদ্ভাবন না করে আমরা হাত গুটিয়ে বসে আছি, যা অত্যন্ত বেদনাদায়ক ও লজ্জাকর৷
আমাদের উচিত পানির অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টার পাশাপাশি নিজেরা কীভাবে এর সমাধান করতে পারি, তার উপায় বের করা৷ পানির জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত৷ দেশের বিজ্ঞ ব্যক্তি ও পানিবিশেষজ্ঞদের এ ব্যাপারে সম্পৃক্ত করা উচিত৷
শোনা যাচ্ছে, আগামী বাজেটের আকার হবে আড়াই লাখ কোটি টাকার৷ এই বিশাল বাজেটে নদীর পানি সংরক্ষণের জন্য একটি বড় অঙ্ক রাখা উচিত৷ কারণ, নদী শুকিয়ে গেলে দেশ ও জনগণ শুকিয়ে যাবে৷
হেলাল সরকার৷
ঢাকা৷