সরকার ২০১৫ সালে মোট উৎপাদিত বিদ্যুতের ৫ শতাংশ এবং ২০২০ সালে ১০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে জোগান দেওয়ার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। নবায়নযোগ্য জ্বালানির বিভিন্ন উৎস বিভিন্ন দেশে ব্যবহূত হলেও বাংলাদেশে প্রধানত সৌরশক্তি ও বায়ুশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন বাস্তবানুগ বিবেচনা করা হচ্ছে। ভৌগোলিক কারণে জলবিদ্যুতের সম্ভাবনা আমাদের দেশে সীমিত। কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের উৎপাদনক্ষমতা ২৩০ মেগাওয়াট, যা লেকে পানির প্রাপ্যতার ওপর নির্ভরশীল।
এ দেশে ইতিমধ্যে ‘সোলার হোম সিস্টেমস’ জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে গ্রিড বিদ্যুৎবঞ্চিত এলাকায়। এ পর্যন্ত প্রায় ২৮ লাখ সোলার হোম সিস্টেম বিক্রি হয়েছে (সম্মিলিত বিদ্যুৎ উৎপাদনক্ষমতা প্রায় ১১৫ মেগাওয়াট)। আশা করা হয়, এর প্রায় সবগুলো সূর্যের আলো থেকে সীমিত পরিসরে বিদ্যুৎশক্তির জোগান দেয়। ব্যয়বহুল হলেও বিদ্যুৎহীন অন্ধকারের চেয়ে সে আলো অনেক আকাঙ্ক্ষিত। সৌর, বায়ু ও জলবিদ্যুতের মিলিত উৎপাদনক্ষমতা ও অন্যান্য পরীক্ষামূলক নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের সম্মিলিত স্থাপিত ক্ষমতা এখন দেশে প্রায় ৩৬০ মেগাওয়াট। দেশে মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদনক্ষমতা প্রায় ১১ হাজার মেগাওয়াট হিসেবে নিলে নবায়নযোগ্য জ্বালানি থেকে ৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য পূরণ থেকে আমরা বেশ খানিক দূরেই দাঁড়িয়ে আছি।
এই পটভূমিতে নবায়নযোগ্য জ্বালানি নীতি ২০১৪-এর খসড়া প্রকাশ করা হয়েছে। ২০০৮ সালে প্রথম যে নবায়নযোগ্য জ্বালানি নীতি প্রণীত হয়েছিল, এত দিনে তার অনেক পরিমার্জন প্রয়োজন হয়ে পড়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে যে ব্যাপক উন্নয়ন ঘটেছে, সে অভিজ্ঞতা বিবেচনায় নিতে বিদ্যমান নীতিমালা সংশোধন এবং তা আরও বিনিয়োগবান্ধব করা অপরিহার্য হয়ে উঠেছে। এ প্রসঙ্গে লক্ষ করা যেতে পারে যে ভারত কেবল সৌরবিদ্যুতের সাহায্যে প্রায় ১৭ হাজার মেগাওয়াট ও বায়ুশক্তি থেকে প্রায় ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। জলবিদ্যুৎ ছাড়াই ভারতের নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ মোট উৎপাদিত বিদ্যুতের ১২ শতাংশ। জার্মানি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে প্রাগ্রসর একটি দেশ এবং ২০২০ সাল নাগাদ নবায়নযোগ্য জ্বালানি থেকে জার্মানি প্রায় ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে মনে রাখা ভালো, নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদিত বিদ্যুৎ সস্তা নয়। প্রযুক্তির ব্যাপক উন্নয়ন হলেও নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দেওয়ায় জার্মানদের প্রতি মাসে বিদ্যুৎ বিল দিতে হয় ইউরোপে সর্বোচ্চ।
তা ছাড়া, জমিস্বল্পতার দেশে সৌর বিদ্যুতের সম্ভাবনা এখনো সীমিত (এক মেগাওয়াট বিদ্যুৎ পেতে প্রায় পাঁচ একর জায়গাজুড়ে সৌর প্যানেল বসাতে হয়)। বাংলাদেশে কোথায় বাতাসের প্রবাহ
বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের উপযোগী, তা এখনো নির্ধারণ করা হয়নি। বিভিন্ন উন্নয়ন-সহযোগী প্রতিষ্ঠান ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মিলিতভাবে বায়ুশক্তির রকম ও বৈশিষ্ট্য চিহ্নিত করে ব্যবহার উপযোগী একটি মানচিত্র তৈরি করার কাজ কয়েক বছর ধরে করছে। আশা করা হচ্ছে, আগামী মাস ছয়েকের মধ্যে এই মানচিত্র তৈরি সম্পন্ন হবে। তখন বোঝা যাবে, কোথায়, কত উচ্চতায়, কত ক্ষমতার বায়ুশক্তি প্রবহমান এবং তা থেকে কী পরিমাণ বিদ্যুৎ বাণিজ্যিকভাবে উৎপাদন সম্ভব। এরপর উদ্যোক্তারা সম্ভাব্যতা যাচাই করে বলতে পারবেন, কত মূল্যে কী পরিমাণ বিদ্যুৎ বায়ুশক্তি থেকে উৎপাদন সম্ভব।
এটিই সব নয়। উৎপাদিত বিদ্যুৎ কে কত দামে কিনবে এবং উৎপাদনস্থল থেকে নিকটবর্তী সঞ্চালন লাইনে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যয়বহুল কাজটির দায়িত্ব কে বহন করবে, তা নিষ্পত্তি না হলে নবায়নযোগ্য জ্বালানি থেকে ব্যাপক পরিমাণ বিদ্যুতের জন্য বিনিয়োগ প্রত্যাশা করা অমূলক হবে। সদ্য প্রকাশিত নবায়নযোগ্য জ্বালানি নীতি ২০১৪-তে প্রস্তাব করা হয়েছে যে সরকার নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে যাচিত ও অযাচিত উভয় ধরনের প্রস্তাব বিবেচনা করবে। তবে অযাচিত উদ্যোগের ক্ষেত্রে সৌরশক্তি থেকে হলে ৫ মেগাওয়াট পর্যন্ত ও বায়ুশক্তি হলে ১৫ মেগাওয়াট পর্যন্ত, বায়োগ্যাস থেকে এক মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন উৎপাদন প্রস্তাব বিবেচনা করা হবে। ২ মেগাওয়াট বা তদূর্ধ্ব ক্ষমতার কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র থেকে দুই কিলোমিটার পর্যন্ত সঞ্চালন লাইন বিদ্যুৎ ক্রেতা কোম্পানি বা প্রতিষ্ঠান নিজ ব্যয়ে নির্মাণ করবে। প্রকল্পের জমি উদ্যোক্তা প্রতিষ্ঠানের নিজস্ব বা লিজপ্রাপ্ত হতে হবে।
স্পষ্টত, বিতরণ লাইনের নির্মাণ দায় উদ্যোক্তা নিতে চাইবে না এবং সরকারি প্রতিষ্ঠান সে দায় নিলেও কত দিনে বিদ্যুৎ সঞ্চালন-সুবিধা নির্মিত হবে, তার নিশ্চয়তা না পেলে উদ্যোক্তা ব্যাংকঋণ নিয়ে সুদ গোনার ঝুঁকি নিতে চাইবে না। একই সঙ্গে যেহেতু নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের খরচ প্রচলিত বিদ্যুতের চেয়ে উল্লেখযোগ্য মাত্রায় বেশি, সুতরাং উদ্যোক্তা এ ক্ষেত্রে বিনিয়োগ ঝুঁকি নেবে—যদি সরকার বা কোনো প্রতিষ্ঠান বাড়তি দামে সে বিদ্যুৎ কেনার দীর্ঘমেয়াদি চুক্তি নিশ্চিত করে। এখন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নবায়নযোগ্য উৎসের বিদ্যুৎ কত মূল্যে কেনা সংগত, তা নিয়ে কাজ করছে। সে সঙ্গে ‘ফিড ইন ট্যারিফ’ বা দীর্ঘ মেয়াদে বর্ধিত মূল্যে নবায়নযোগ্য উৎসের বিদ্যুতের ক্রয়মূল্য নির্ধারণ করার পদ্ধতি নিয়ে পর্যালোচনা করছে। এ বিষয়গুলোর দ্রুত নিষ্পত্তি হলে আশা করা যায়, একটি বিনিয়োগবান্ধব নবায়নযোগ্য জ্বালানি নীতি প্রণয়নের পথ প্রশস্ত হবে।
ড. মুশফিকুর রহমান: খনি প্রকৌশলী, জ্বালানি ও পরিবেশবিষয়ক লেখক