জ্বালানি ও পরিবেশের প্রতি মনোযোগী ব্যক্তিদের অনেককেই মন্তব্য করতে শোনা যায়, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে সরকারের মনোযোগের অভাব রয়েছে। অবশ্য সরকার ২০১৫ সালের মধ্যে ৫ শতাংশ এবং ২০২০ সালের মধ্যে ১০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সম্প্রতি সরকারি ও বেসরকারি খাতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বিনিয়োগে উৎসাহিত করার কিছু উদ্যোগও নেওয়া হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২০১০ সালে পৃথক নবায়নযোগ্য জ্বালানি, গবেষণা ও উন্নয়ন পরিদপ্তর গঠন করেছে গবেষণা, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই, গৃহীত পরিকল্পনার মূল্যায়ন ও পরিবীক্ষণের লক্ষ্যে। ইতিমধ্যে চলমান আছে কিছু প্রকল্প, যেমন: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৬৫০ কিলোওয়াট ক্ষমতার ‘মিনিগ্রিড পাওয়ার প্ল্যান্ট’, রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের জায়গায় আট মেগাওয়াট ক্ষমতার গ্রিড সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র, জামালপুরের সরিষাবাড়ীর তিন কিলোওয়াট ক্ষমতার আইপিপিভিত্তিক সৌরবিদ্যুৎকেন্দ্র, কুড়িগ্রামের ধরলা নদীর ওপর নির্মিত সেতুসংলগ্ন স্থানে ৩০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ পার্ক নির্মাণের উদ্যোগ এবং সাত সিটি করপোরেশন এলাকায় সৌরবিদ্যুৎ-ভিত্তিক সড়কবাতি প্রকল্প।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গত বছরের নভেম্বরে ৩০ মেগাওয়াট ক্ষমতার ধরলা সৌর পার্ক প্রকল্পে আগ্রহী বিনিয়োগকারী আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরিষাবাড়ীর প্রস্তাবিত তিন মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য আগ্রহী উদ্যোক্তা প্রকল্প বাস্তবায়ন করে প্রতি ইউনিট বিদ্যুৎ ১৮ দশমিক ৯৭ মার্কিন সেন্ট দরে সরকারের কাছে বিক্রির প্রস্তাব দিয়েছে বলে জানা যায়। এই প্রস্তাবিত দর প্রচলিত বিদ্যুতের চেয়ে অনেক বেশি। আগে নবায়নযোগ্য উৎস উন্নয়ন করে অবিশ্বাস্য সস্তা দরে সরকারের কাছে বিদ্যুৎ বিক্রির কিছু চুক্তির খবর ঢাকঢোল পিটিয়ে সংবাদমাধ্যমকে জানানো হয়েছিল। পরে আর সেগুলোর খবর জানা যায়নি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুৎ ভবনের ছাদে ৩৭ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ সিস্টেম এবং মতিঝিলের ওয়াপদা ভবনের ছাদে ৩২ দশমিক ৭৫ কিলোওয়াটের যে সৌরবিদ্যুৎ সিস্টেম বসিয়েছে, সেগুলোর উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করার পরিকল্পনা করছে। আইপিপির ভিত্তিতে ৫০০ কিলোওয়াট ক্ষমতার সৌরশক্তিনির্ভর পৃথক ‘মিনিগ্রিড’ বিদ্যুৎ উৎপাদনব্যবস্থা চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা ও বান্দরবানের থানচি উপজেলায় স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে। এ ছাড়া আইপিপি বা পিপিপির আওতায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৬০ মেগাওয়াট এবং বঙ্গবন্ধু সেতুর টাঙ্গাইল-সিরাজগঞ্জ প্রান্তে ৪০ থেকে ৪৫ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ পার্ক স্থাপন করার উচ্চাভিলাষী পরিকল্পনাও হাতে নিয়েছে।
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির নির্ভরযোগ্য উৎস জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা সীমিত হওয়ায় সৌরবিদ্যুতের প্রকল্প নিয়েই আলোচনা বেশি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ফেনী জেলার মুহুরী সেচ প্রকল্প এলাকায় আগে স্থাপিত ২২৫ x ৪ = ৯০০ কিলোওয়াট ক্ষমতার বায়ুশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের চারটি টারবাইন বা কুতুবদিয়া দ্বীপের (৫০ x ২০ = ১,০০০ কিলোওয়াট) এক মেগাওয়াট ক্ষমতার বায়ুশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ২০০৮ সালে স্থাপিত টারবাইনগুলো অকেজো হয়ে রয়েছে।
এই কেন্দ্রগুলো কার্যকর করে তা থেকে গ্রিড লাইনে বিদ্যুৎ দেওয়া এবং সম্ভাব্য অন্যান্য স্থানে আরও বায়ুশক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র নির্মাণের লক্ষ্যে উপযোগী স্থান নির্বাচনের চেষ্টা করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে ভারতের রিজেন পাওয়ারটেক লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ফেনী ও কক্সবাজারের মগনামাঘাট এলাকায় বায়ুশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য জরিপ করছে। বাংলাদেশের উপকূল অঞ্চলে বায়ুশক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনার কথা বলা হয়। কিন্তু বাণিজ্যিক উপযোগিতার কোনো বিদ্যুৎকেন্দ্র স্থাপনের আগে বাতাসের গতি, প্রবাহের দিক ও ধরন সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য না জানা থাকলে বিনিয়োগকারী এ খাতে বিনিয়োগের ঝুঁকি নেবে না। এ দেশে এখনো তেমন নির্ভরযোগ্য কোনো তথ্যভান্ডার নেই।
বাংলাদেশের গ্রিড বিদ্যুৎ সরবরাহের সুবিধাবঞ্চিত এলাকায় গত কয়েক বছরে ধারাবাহিকভাবে ‘সোলার হোম সিস্টেম’ বা একক ফটোভোল্টাইক প্যানেলনির্ভর সীমিত বিদ্যুৎ উৎপাদনের সিস্টেম ব্যাপক বিস্তৃতি অর্জন করেছে। সরকারের উদ্যোগ, ‘ইডকল’-এর মাধ্যমে দেওয়া তহবিল ও প্রণোদনা, তালিকাভুক্ত বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিওগুলোর দেওয়া সহজ শর্তের ঋণ ও সার্ভিস-সুবিধা বিস্তারের ফলে সোলার হোম সিস্টেম দ্রুত ২৫ লাখ গ্রাহকের কাছে পৌঁছে গেছে। ইতিমধ্যে স্থাপিত সোলার হোম সিস্টেম সম্মিলিতভাবে মোট প্রায় ১২০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ জোগান দিচ্ছে। বড় আকারের সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করার জন্য পর্যাপ্ত জমি এ দেশে পাওয়া সহজ নয় (এক মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রায় পাঁচ একর জায়গা দরকার)।
তবে শহরাঞ্চলে গ্রিড বিদ্যুৎ সংযোগ নেওয়ার বাধ্যতামূলক পূর্বশর্ত হিসেবে গত কয়েক বছরে ভবনের ছাদে যেসব সোলার সিস্টেম স্থাপিত হয়েছে, সেগুলোর মান, কার্যকারিতা এবং এগুলো আদৌ কোনো বিদ্যুৎ উৎপাদন করছে, না অলস বসে আছে, তা নিয়ে
উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। সংযোগ দেওয়ার পর অনেক সিস্টেম অন্য গ্রাহককে ‘ভাড়া দেওয়া’, স্থাপিত সৌরবিদ্যুৎ সিস্টেম কারিগরিভাবে অনুপযোগী বলে অলস ফেলে রাখার ঘটনা নিয়মিত ঘটেছে। অসাধু ব্যবসা যতটা প্রসারিত হয়েছে, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ব্যবহার সে তুলনায় সামান্যই এগিয়েছে। তাই বিষয়টি ক্ষতিয়ে দেখা, সৌর ও অন্যান্য নবায়নযোগ্য উৎসের বিদ্যুৎ ব্যবহারকে উৎসাহিত করার প্রণোদনা কাঠামো কার্যকর করা প্রয়োজন। নবায়নযোগ্য বিদ্যুৎসহ জ্বালানি খাতে নতুন প্রযুক্তি ও বিনিয়োগে বেসরকারি বিনিয়োগকারীদের আগ্রহী করতে দীর্ঘ মেয়াদে ‘ট্যারিফ কাঠামো’ সংস্কারের পদক্ষেপও দ্রুত নেওয়া দরকার।
বিদ্যুৎহীন থাকার চেয়ে ব্যয়বহুল কিন্তু স্বল্পসুবিধার সোলার হোম সিস্টেম মানুষ বাড়ি বা ব্যবসাপ্রতিষ্ঠানে বসিয়েছে। এখন বিদ্যুতের সঙ্গে অভ্যস্ত এবং এর বহুমুখী ব্যবহারের কারণে সচেতন মানুষ আরও বেশি নির্ভরযোগ্য ও নিরবছিন্ন বিদ্যুৎ-সংযোগ ও সেবা পেতে আগ্রহী।
তাই নবায়নযোগ্য ও গ্রিড বিদ্যুৎ সরবরাহব্যবস্থাকে আরও টেকসই ও সময়ের চাহিদা উপযোগী করার চ্যালেঞ্জ মোটেই কমেনি।
ড. মুশফিকুর রহমান: খনি প্রকৌশলী, জ্বালানি ও পরিবেশবিষয়ক লেখক।