সকালে টেলিভিশন খুলে মনটা ভালো হয়ে গেল। গান গাইছে দুজন। একজন নজরুলের নাতনি, আরেকজন আব্বাসউদ্দীনের নাতনি। তাঁদের পরিবেশনা উচ্চাঙ্গের, মনে পড়ে গেল কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধের কথা। নাতনিকে জানালাম, তোমার বাবার মতো এত সুন্দর চেহারার মানুষ দেখিনি, যেন স্বয়ং কাজী নজরুল ইসলাম। আবার সব্যসাচী যেন তাঁর চেয়ে আরেক ডিগ্রি ওপরে। দুজনেই দেখা হলে জড়িয়ে ধরতেন। তাঁদের স্পর্শ করে নজরুলকে স্পর্শ করতাম। কাজী অনিন্দিতা দেখতে যেমন মিষ্টি, তেমনি কণ্ঠ, তেমনি বলার ভঙ্গি। ভ্রাতুষ্পুত্রী নাশিদ কামাল উপস্থাপনায় ও গানে জানিয়ে দিল সবাইকে যে নজরুল যেমন সবার, তেমনি তাঁর পরিবারও সবার। নাতনি এসেছে কলকাতা থেকে। নরেন্দ্র মোদির দেশ।
কদিন আগে এলাম দিল্লি থেকে। গরম চারদিকে, যদিও কয়েক পশলা বৃষ্টি হয়ে গেল। এখানেও প্রকৃতি কাঁদছে একটু বৃষ্টির জন্য, একটু শান্তির জন্য। গত দুই মাস বৃষ্টির দেখা নেই। একেবারে নেই তা নয়, একটু দেখা দিয়েই বৃষ্টি চলে যায়। পুকুরে, নদীতে খালে, বিলে মাছেরা একটু জাগ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। আর তো পারা যায় না। প্রকৃতি যদি হয় এত নিষ্ঠুর, তাহলে মানুষ বাঁচবে কেমন করে? দারুণ দাবদাহের আঘাতে পীড়িত মানবতা।
এমন সময় কোথা থেকে একখণ্ড মেঘের উদয়, জানান দেয় অন্য মেঘদের। চারদিক থেকে ছুটে এসে অধিকার করে সমস্ত আকাশ। জানালার ফাঁক দিয়ে হেলেদুলে উঠছে কৃষ্ণচূড়ার ডালগুলো। অদূরে কদম ফুলের ডাল। এরা নাকি কথা বলতে পারে না, ওদের দোলন দেখে জানলাম, ওরা কথা বলে উঠবেই। যখন বাতাস জানালা দিয়ে ঢুকে স্পর্শ করল প্রবল বেগে, তখন কে বলবে স্পর্শিত নই, পুরোপুরিভাবে স্পর্শিত জানলাম, বৃষ্টিকণার নাম পবিত্র কোরআনের ভাষায়: ‘মা মোবারাকান’, করুণার বৃষ্টিধারা। ‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’। বৃষ্টির পানি এসেছে ধরিত্রীকে শীতল করতে, গাছের পাতাগুলোকে সবুজ করতে। এক ঘণ্টার বৃষ্টিতে শীতল চারিধার। অর্ধ-উলঙ্গ ছেলেগুলো মাঠের জমে যাওয়া পানিতে উদাম গায়ে নেমেছে নৃত্যভঙ্গিমায়। ওদের খুশি দেখে আনন্দে প্রাণ নেচে উঠল। কবির সঙ্গে গেয়ে উঠলাম: ‘হৃদয় আমার নাচে রে আজি কে ময়ূরের মতো নাচে রে’। কবির অন্য গানগুলো চোখের সামনে নানা সাজে পল্লবিত, নেমে পড়ি বৃষ্টিতে।
‘আহা রে কোথায় ছিলি বৃষ্টি/ কেমন করে একটু জলে রাঙিয়ে দিলি মন’। কবিতার খাতা নিয়ে বসলাম। নিজের লেখা বই তো নয়, তার প্রতিই দুর্বলতা। লিখেছিলাম: ‘কোন সাগরে লুকিয়েছিলি ওরে আমার জল, এত দিনের ছাড়া পেয়ে রাঙলি বুকের তল’। নেচে উঠল শত কবির কবিতা একসঙ্গে: ‘তোমার ছন্দের নদী জল জমা হত যদি/ পৃথিবীতে হত মহাসমুদ্র-বলয়/ ঝুরঝুরে গানের মাটি জমে জমে হত/ আর-এক নতুন হিমালয়’। [দীনেশ দাস]
যেদিন নরেন্দ্র মোদির অভিষেক, তার পরদিন ২৭ মে, রাষ্ট্রপতি ভবনের সামনে থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত সারা দিন কাটালাম। একলা কেমন লাগে তা পরখ করে দেখার। এককথায় অপূর্ব সে অনুভূতি। এটি বানিয়েছিল ব্রিটিশ। তৃতীয় আফগান যুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে, যাদের সবার নাম লেখা আছে ওই গেটে। উর্দি পরা সৈনিকদের সঙ্গে কথা বললাম, ছবি তুললাম। আমার চেয়ে মাত্র এক ফিট বেশি লম্বা। ছবিটা খুব সুন্দর হয়েছে। যারা বেড়াতে এসেছে, তাদের মধ্যে বাঙালির সংখ্যা কম নয়। একজন বললেন, আমরা প্রণব মুখার্জির দলে। দিল্লির সাউথ ব্লকে আমরা কোন দিন শাসন করব, সেই আশায় আছি। পশ্চিম বাংলা ভারতের সবচেয়ে অগ্রসর চিন্তার ফসল। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চালনা করছেন, তাতে সেদিন দূরে নয়, যেদিন পশ্চিম বাংলাই হবে ভারতের নতুন আশা-ভরসার স্থল।
দিল্লির সবচেয়ে বড় বইয়ের দোকান: বরিসন্স। নাতনির জন্য বই কেনা হলে নেড়েচেড়ে দেখি নতুন প্রধানমন্ত্রীর নামে হাস্যোজ্জ্বল কয়েকটি বই। মিডিয়াকে আলোড়িত করেছেন নরেন্দ্র দামোদরদাস মোদি। যেমন স্বাস্থ্য, তেমনি বেশ, ততোধিক মনোরম তাঁর হিন্দি বাচনভঙ্গি, যেখানে আছে তির্যক ঘায়েল করার অভিজ্ঞান। কয়েকটি বইয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ বুলালাম। চিরকাল ঝাড়ুদারের ভূমিকায়, কখনো মসজিদ, কখনো বা কাবা শরিফ।
ইন্ডিয়া গেটের বেলুন বিক্রেতা বললেন, আমি বিক্রি করি বেলুন, আর মোদি বিক্রি করছেন স্বপ্নের বেলুন। দুটিরই খরিদ্দার আছে। দিল্লির সবচেয়ে প্রয়োজনীয় বস্তুটি যিনি বিক্রি করেন, অর্থাৎ ‘দিল্লিকা লাড্ডু’, বললেন, আপনাকে দেখছি সকাল থেকেই একা একা। উল্টো প্রশ্ন করলাম, বলো তো কোত্থেকে এসেছি, তিনটি উত্তর নেব। বলল, ভোজ, অর্থাৎ ভোজপুর। পরেরবার, কাশ্মীর এবং সর্বশেষ বিহার। বললাম, হেরে গেলে ভাই লাড্ডুওয়ালা। তবে কাছাকাছি, বিহার নয়, কোচবিহার।
সত্যিকার ঝাড়ুদার পাওয়া গেল এবার। রামশংকর তিওয়ারি। যত জঞ্জাল সাফ করে চলেছেন। বললাম, ক্লান্তি লাগে না? সে বলল, না। ভগবান এর জন্যেই পৃথিবীতে পাঠিয়েছেন। জিজ্ঞেস করলাম মোদিকে চেনো? হেসে ফেলল। বিজেপির সমর্থক আমি। দেশকে সামনে নিয়ে যাবে, ওরা জাতপাত মানে না, ওরা জানে দরিদ্রের সেবা করতে। বললাম, মুসলমান ভালোবাসো? বলল, হ্যাঁ, মুসলমান ভালোবাসি, ওরা ছিল ভালো শাসক। সমস্ত দিল্লি ওদের শাসনেই ভালো ছিল। সব প্রশ্নের উত্তর পেলাম রামশংকর তিওয়ারির কাছে। ওর ছবি তুলে এনেছি। রিপোর্টার নই, তার চেয়ে কমও নই।
মুস্তাফা জামান আব্বাসী: সাহিত্য ও সংগীতব্যক্তিত্ব।
[email protected]