প্রথম আলো: আপনার এই বহু দেশ মানে ভালো উদাহরণের দেশ নয়, যাকে বলে তৃতীয় বিশ্বের—
মির্জা ফখরুল: আমাকে বলতে দিন, না দিলে তো হবে না। আপনি তো মুক্তচিন্তার মানুষ, আমাকে সুযোগ দিতে হবে। তৃতীয় বিশ্বের দেশে এটা হয়, কারণ সেখানে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়। থাই প্রধানমন্ত্রী থাকসিনকে দেশের বাইরে থাকতে হয়েছে। বেনজির ভুট্টোকে বাইরে থাকতে হয়েছে। নেতাজি সুভাষ বসুকেও দেশ ছাড়তে হয়েছে। তারেক রহমানের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলার কোনো ন্যায়সংগত কারণ নেই। তিনি সত্যিই অসুস্থ। এক-এগারোর পর তাঁর ওপর যে নির্যাতন চলেছে, তাতে তাঁর শরীরের যথেষ্ট ক্ষতি হয়েছে। তিনি আমাদের সিনিয়র নেতা। তিনি তাঁর উন্নয়ন ভাবনা বিদেশে বসে বলতেই পারেন। এর সমালোচনা করার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। জয় যখন দেশে এলেন, তখন তিনি ফুলের তোড়া পাঠিয়ে অভিনন্দন জানিয়েছিলেন। দুর্ভাগ্যবশত গণমাধ্যমের একটি অংশ এ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখে না। শুধু নেতিবাচক দিকগুলো নিয়ে কথা বলা হয়।
প্রথম আলো: তারেক রহমানের নেতৃত্ব প্রশ্নে আপনাকে অনেক সময় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। একজন বর্ষীয়ান ও অভিজ্ঞ রাজনীতিক হিসেবে আপনি যা বলেন, তিনি কি এর যোগ্য? অনেকে এটাকে সুনজরে দেখেন না, এমনকি তোষামোদি ভাবেন।
মির্জা ফখরুল: আমি যা বলি তা সততার সঙ্গেই বলি। তারেক রহমানের নেতৃত্বের সেই যোগ্যতা আছে। তাঁর প্রতি আমার এবং আমাদের দলের গভীর আস্থা আছে। আমি কৃষক দলের ভাইস প্রেসিডেন্ট থাকার সময়ে কৃষি ও কৃষকের প্রতি তাঁর অনুরাগ দেখেছি। এখন এ বিষয়ে তিনি আরও অভিজ্ঞ ও চিন্তাশীল হয়ে উঠেছেন।
প্রথম আলো: ’৯৬ সালে আওয়ামী লীগ নির্বাচন ঠেকাতে পারেনি, বিএনপি কেন পারবে?
মির্জা ফখরুল: এটা একটা আন্দোলনের প্রক্রিয়া। এই দাবিতে বাংলাদেশের সব মানুষ এবার একমত।
প্রথম আলো: সাম্প্রতিক প্রবণতা হচ্ছে দুই নেত্রী সরাসরি পরস্পরকে সম্বোধন করে বক্তব্য রাখছেন। একজন এক-এগারো স্মরণ করিয়ে দিচ্ছেন। অন্যজন ভরসা দিচ্ছেন। সুতোহীন সমঝোতা?
মির্জা ফখরুল: কীভাবে আপনাদের এমন ধারণার মূল্যায়ন করব জানি না। শুধু বলব, আপনাদের অসাধারণ ক্ষমতা আছে এ রকমের চিন্তাভাবনা করার। এ ধরনের কোনো বিষয় নয়। দুই নেত্রীকে এক করারও কোনো কারণ দেখি না। দুজনের ভিন্ন চিন্তা, কার্যপ্রণালিও আলাদা।
প্রথম আলো: বিএনপির কোনো সাবেক মন্ত্রী, বিশেষ করে খালেদা জিয়ার পরিবারের কারও চূড়ান্ত বিচার তারা করেনি। পারলে তথ্য দিন, কতজন চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত হয়ে দুর্নীতির দায়ে জেল খাটছেন। ওই একই ভরসা আসলে আপনারা আওয়ামী লীগকে দিচ্ছেন!
মির্জা ফখরুল: তার প্রয়োজন নেই। আমি প্রমাণ দিচ্ছি। তাদের মামলাগুলো তারা সব প্রত্যাহার করেছে। আমাদের কোনো মামলা তারা প্রত্যাহার করেনি।
প্রথম আলো: আপনি প্রমাণ করতে পারেননি। আপনি যেটা প্রমাণ করেছেন সেটা হলো আপনাকে হয়রানি করার উপায় তারা খোলা রেখেছে। এটাই খেলা।
মির্জা ফখরুল: না, এটাই আসল পয়েন্ট। তারা আমাদের হয়রানি করতে চায়, বিপদে ফেলতে চায়। এক-এগারো সরকার তারেক রহমানকে গ্রেনেড মামলায় অভিযুক্ত করেনি। আওয়ামী লীগ করেছে। সুতরাং আপনার এই পর্যবেক্ষণ সঠিক নয়।
প্রথম আলো: মির্জা ফখরুল সাহেবকে জেলে পুরেছি। মিথ্যা মামলা দিয়েছি। হয়রানি করেছি। কিন্তু দুর্নীতির দায়ে কাউকে দোষী সাব্যস্ত করিনি। ফিরতিটাও সেভাবে হবে।
মির্জা ফখরুল: এ বিষয়গুলোকে আপনারা যেভাবে দেখেন, আমরা যাঁরা রাজনীতি করি, সেভাবে দেখি না। আমরা যখন কেবল রাজনীতি করার কারণে জেলে যাই, তখন এভাবে ভাবতে পারি না। ইলিয়াস আলীর সন্তান প্রতিদিন এখনো দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। কখন বাবা ফিরবে। এটাই বাস্তবতা। এই রাজনীতি থেকে কি বেরিয়ে আসার কোনো পথ নেই?
প্রথম আলো: ন্যূনতম ঐক্যের ভিত্তি কী হতে পারে?
মির্জা ফখরুল: একটাই, সেটা সহনশীলতা। কাউকে জঙ্গিবাদী বানাব না বা অমুক দেশের পক্ষে-বিপক্ষে কাজ করছেন বলব না। আমি সহনশীল হব আপনার মতাদর্শের প্রতি। মুক্তচিন্তা ও সহনশীলতাকে বিকশিত হতে দিন। এবার আওয়ামী লীগের প্রচণ্ড সম্ভাবনা ছিল। কিন্তু তারা চালকের আসনে বসতে পারেনি। তাদের প্রতিহিংসা বাদ দিতে হবে।
প্রথম আলো: শেখ হাসিনা বা আওয়ামী লীগেরও অন্য কাউকে রেখে আপনারা তাহলে আপস করবেন না। নির্বাচনে যাবেন না।
মির্জা ফখরুল: না, আমরা নির্বাচনে যাব না।
প্রথম আলো: আর সংসদের ভেতরে বা বাইরে বিএনপি আমাদের বলবেও না যে তারা সংবিধানের কী ধরনের সংশোধন চায়? কীভাবে নির্দলীয় সরকার হবে, তার কোনো নির্দিষ্ট রূপরেখাও নয়?
মির্জা ফখরুল: না, সেটা নয়। সরকার যদি আমাদের সঙ্গে কথা বলতে রাজি হয়, তাহলেই আমরা সেটা বিবেচনা করব। তার আগে নয়। কারণ, তা হবে অর্থহীন।
সাক্ষাত্কারের বাকি অংশ আগামীকাল