নাটকে, সিনেমায় ধূমপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন আগে অভিনেতা জাহিদ হাসান একটি সিগারেট কোম্পানির বিজ্ঞাপন করে বেশ সমালোচিত হয়েছিলেন। এর পর থেকে টিভির পর্দায় বা অন্য কোনো প্রচারমাধ্যমে ধূমপানের ব্যবহারে উদ্বুদ্ধকরণ কোনো বিজ্ঞাপন দেখা যায় না। কিন্তু ধূমপান নিয়ে আমরা আগের তুলনায় অনেক সচেতন হলেও এর ব্যবহারের চিত্র সিনেমা, নাটকে অহরহ ঘটছে। আমাদের পাশের দেশ ভারতীয় টেলিভিশন বা সিনেমা ধূমপানের ক্ষতিকর দিক তুলে ধরে সিনেমার শুরুতেই ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা ক্যানসারের কারণ’ জাতীয় কথা তুলে ধরছে।
কিন্তু আমাদের দেশে এ ধরনের পদক্ষেপ এখনো আশানুরূপ পাওয়া যাচ্ছে না। আমাদের দেশের সিনেমা, নাটকে আগের মতো এখনো ধূমপানের চিত্রগুলো ধারণ করা হচ্ছে। সম্প্রতি মুক্তিপাপ্ত একটি ছবি জটিল প্রেম-এ ধূমপানের চিত্র তুলে ধরা হয়েছে। বড় কথা হলো, এই ছবির একটি গানের দৃশ্যে নায়ক ধূমপানকে ফ্যাশন হিসেবে উপস্থাপন করেছেন। আমাদের দেশের ৯০ শতাংশ দর্শকই উঠতি বয়সী তরুণ প্রজন্ম। এ ধরনের দৃশ্য দেখে দর্শককে ফ্যাশনপ্রিয় হতে অনুপ্রাণিত করা হচ্ছে।
আবার কিছুদিন আগে মুক্তি পাওয়া প্রজাপতি ছবিতে ধূমপান ব্যবহারের চিত্র ধারণ করা হয়েছে। নাটক, সিনেমা বিনোদনের জন্য হলেও নায়ক বা ভিলেন হতাশাগ্রস্ত হলে নেশাদ্রব্য সেবন করেন বা ফ্যাশন করার জন্য, যা আমার মনে হয় উঠতি বয়সী দর্শকদের অনুপ্রাণিত করছে।
তাই দৃশ্যের প্রয়োজনে অনেক কিছুই সিনেমা, নাটক তৈরি করতে প্রয়োজন হয়। তবে সে ক্ষেত্রে ধূমপান কতটা বাস্তবসম্মত, তা ভেবে দেখা উচিত সংশ্লিষ্ট নির্মাতাদের এবং এ দৃশ্য ধারণ করার ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা থাকা দরকার।
মো. কোরবান আলী
শিক্ষার্থী, ভূগোল ও পরিবেশ বিভাগ কুষ্টিয়া সরকারি কলেজ।