নামের পেছনে ঘোরে কতিপয় অবশ্যশব্দ, সমাজে নির্ণয় করে যা নিজ অবস্থান। নিজ পেশা নিয়ে ছিল আগের কালের নাম, বিশেষ করে মুম্বাই ও করাচি শহরে যাদের দেখা পাই, যেমন ভেন্ডিওয়ালা, সবজিওয়ালা, গোলগাপ্পেওয়ালা, মিঠাইওয়ালা। গান গাইতে বসলে তাড়া করে ফেরে ‘ওস্তাদ’, ‘পণ্ডিত’ পদবি, এগুলো না হলে যেন গানের আসরে বসাই যাবে না। বিএ, এমএ ডিগ্রিগুলো চমক বিতরণ করত একসময়, এখন তা ঘাটে ঘাটে। বিশ্ববিদ্যালয়ে পড়াতে এলে ‘ডক্টরেট’ নিয়ে প্রবেশ না করলে সে পিতৃমাতৃহীনদের দলে।
মানুষের বড় সম্পদ যদি হয় চরিত্র, তার নামের পেছনে যদি নতুন আড়াল এসে স্থান করে নেয়, যাতে পরিস্ফুট তার চারিত্রিক বৈশিষ্ট্য, কেমন হয়? ‘মহাত্মা’ একজনই। কাউকে বলে দেওয়ার প্রয়োজন নেই, তিনি মহাত্মা গান্ধী। ‘বিদ্যাসাগর’ নামটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে যঁার ছবি চোখের সামনে ভেসে ওঠে, তিনি ঈশ্বরচন্দ্র। ‘দানবীর’ বলতে হাজী মুহম্মদ মুহসীন। চরিত্রবান বোঝাতে কারও নামের পরে জুড়ে দিই ‘মহান’, কেমন হয়? মালয়েশিয়ায় কিছু মহৎ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তঁাদের নাম ‘দাতো’। তঁাদের সম্পর্কে পুরো জানা নেই। সম্মানীয় ব্যক্তিদের সম্মান দিতে আপত্তি কোথায়? ভারতে সম্মানীয় ব্যক্তির জন্য বরাদ্দ: ‘পূজ্যপাদ’, ‘সজ্জন’। ভাবছি নতুন নামের আড়ালের কথা, চরিত্রের সঙ্গে যা মিশে যাবে। কারও নামের সঙ্গে যদি জুড়ে দিই: চারুভাষ, স্নিগ্ধকণ্ঠ, নম্রশ্রী, কেমন হয়, অথবা শুধু ‘সুজন’। জসীমউদ্দীন কাব্যের নাম রেখেছিলেন: সোজন বাদিয়ার ঘাট। নামটি হবে ‘সুজন’।
কুয়ালালামপুরে দু-তিনজন ‘দাতো’র সঙ্গে দেখা হয়েছিল। জিজ্ঞেস করে জানা গেল ‘দাতো’ এমনি এমনি হওয়া যায় না। তিনি হবেন এমন ব্যক্তি, যিনি জয় করেছেন লোভ, খ্যাতির পেছনে ছোটেননি, খ্যাতি ছুটেছে তঁার পেছনে। সম্মানের পেছনে ছোটেননি, সম্মান তঁার পেছনে পেছনে হাজির। সমাজে এমন মানুষ বিরল।
কদিন আগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল ও কলেজে প্রথম আলো আয়োজিত দশম ভাষা প্রতিযোগ অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত হই। শত শত তরুণ সেখানে তঁাদের ভাষার অগ্রগতির পরীক্ষায় যোগ দিতে এসেছেন। বক্তৃতার আসরে আহ্বান জানালে দঁাড়িয়ে দেখলাম, স্টেজটি তৈরি হয়েছে বিশাল এক বটবৃক্ষের নিচে। বক্তব্য শুরু করলাম গান দিয়ে: ‘বটবৃক্ষের ছায়া যেমন রে, মোর বন্ধুর মায়া তেমন রে’।
ছোট ছোট সবুজ পাতা দিয়ে শত বছর এই বৃক্ষ ছায়া দিয়েছে। তোমাদের মধ্যে যদি পাওয়া যায় বটবৃক্ষসম মহান ব্যক্তিত্বের, সমাজ পেত সুশীতল ছায়া, বন্ধুর মায়া। বিদায় দিয়েছি চারুভাষ, নম্রশ্রী, স্নিগ্ধকণ্ঠকে। ক্রমেই কর্কশ হয়ে পড়েছে কণ্ঠস্বর, ভাষা প্রয়োগ, মায়া-মমতা, সুচারু, কোমলতা উধাও, অথচ সবচেয়ে সুন্দর ও মনোরম ব্যবহার ছিল বাঙালির, যার কথা বলে গেছেন হিউয়েন সাং। বলেছেন: বাঙালিদের মাটি যেমন নরম পলি দিয়ে প্রস্তুত, ততোধিক নরম তাদের হৃদয়। বন্ধুরা, আমরা কি আবার ‘সুজন’ হতে পারব না?
২০১১ সালে ৭ জানুয়ারি মই দিয়ে সীমান্ত পার হতে গিয়ে কঁাটাতারে আটকে যায় ফেলানী খাতুন। পরদিন তার বিয়ের দিন। নিজ বিয়ে উপলক্ষে সে বাবার সঙ্গে দেশে ফিরছিল, কথা ছিল না পনেরো বছরের ফেলানী বন্ধুদেশের গুলিতে কঁাটাতারে ঝুলে থাকবে পঁাচ ঘণ্টা। ওই জায়গায় গিয়ে অন্তর কেঁদে কেঁদে উঠেছে। আজও। আল মাহমুদ রচনা করলেন তঁার শ্রেষ্ঠ কবিতাটি: ‘ফেলানী ঝুলে আছে আমাদের বিবেকের কঁাটাতারের বেড়ায়’। গায়ক-সুরকার কবীর সুমনের কণ্ঠের গান আজ সবার ঠেঁাটে: ‘ওপার বাংলা এপার বাংলা/ মাঝখানে কঁাটাতার/ গুলি খেয়ে ঝুলে থাকলে ফেলানী/ বল তো দোষটা কার’। দুই দেশের দুই কবি, দুজনের চোখে মহত্ত্বের অশ্রু। বন্ধুরা, কেন আমরা আমাদের মহত্ত্বের অনুসারী হব না? বাঙালি সবচেয়ে মহৎ জাতি, কেন তা আবার সত্যি হবে না?
কদিন আগে ঘুরে এলাম ইউরোপের দুটি দেশ—স্পেন ও পতুর্গাল। পাসপোর্ট, ভিসা, টাকাপয়সা বের করতে হলো না। পুরো ইউরোপই এক দেশ। বুঝতে পেরেছে ওরা, মানুষের মন উড়াল দিলে তাকে উড়তে দিতে হয়। নিজেদের মধ্যে টানাপোড়েন থাকলেও সুসভ্য দেশ হিসেবে নিজেদের উপস্থাপিত করতে পেরেছে তারা। বাঙালিরা পৃথিবীর মধ্যে সবচেয়ে মহৎ জাতি বলে পরিচিত ছিল। আল মাহমুদ লিখছেন: ‘আমরা ভালবাসতে বাসতে হয়ে গেছি/ প্রেমের এক ফেঁাটা অশ্রুজল/ ঐ তো তাজমহল/ পাথরে লেখা একগুচ্ছ কবিতামাত্র’। ভালোবাসাই মহত্ত্বের সর্বোচ্চ উপাদান।
মহতের লক্ষ্য নিজকে প্রস্তুত করা। মহৎ আরেকজনের উদ্দেশে কখনো কটু কথা ছুড়ে দেবে না। গত বছর অমৃতসর জালিয়ানওয়ালাবাগের পার্কের সামনে দঁাড়িয়ে ছিলাম অনেকক্ষণ। এই সেই স্থান, যেখানে নির্বিচারে গুলি করেছিল ব্রিটিশ সেনারা নিরস্ত্র মানুষের ওপর। ওদের বাড়ি ফিরে যেতে হয়েছিল। আমাদের পঞ্চাশাধিক শ্রেষ্ঠ অফিসার যেদিন প্রাণ দিলেন পিলখানায়, সেদিন তো ইংরেজ ছিল না।
মহত্ত্বের যজ্ঞে প্রধান সংগ্রহ: হৃদয়ে লালন করো অজস্র ভালোবাসার উপাদান। বিদ্বেষ, অবিনয় মহৎ করবে না। বাঙালিরা ‘মহৎ’। প্রত্যেকেই আমরা ‘সুজন’ হব, কথাটি তরুণদের সামনে বারবার উচ্চারিত হোক।
মুস্তাফা জামান আব্বাসী: সাহিত্য-সংগীতব্যক্তিত্ব৷
[email protected]