নারায়ণগঞ্জে পরিবহন খাতে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার নারায়ণগঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনালে এক অভিনব সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল। ওই এলাকার সাবেক সাংসদ, ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এ কে এম শামীম ওসমানের ছত্রচ্ছায়ায় তাঁর শ্যালক এহসানুল হাসান ওরফে নিপুর নিয়মিত চাঁদাবাজি ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসমালিকেরা সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনে নিজেদের অসহায় অবস্থা তুলে ধরে বলেছেন, নিপুর চাঁদাবাজি বন্ধ হলে তাঁরা বাসভাড়া কমাবেন। আইন প্রয়োগ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়লেই কেবল এ রকম সংবাদ সম্মেলন ডেকে নিজেদের অসহায়ত্বের কথা দেশবাসীকে জানানোর প্রয়োজন হয়।
এই সরকারের মেয়াদের শুরু থেকেই চলছে নিপুর এই চাঁদাবাজি। তাঁর চাঁদাবাজ চক্র প্রতিদিন ১০ হাজার টাকা আদায় করে আসছে। শুধু তা-ই নয়, তিনি জবরদস্তিমূলকভাবে নসিব পরিবহন নামের একটি কোম্পানির চেয়ারম্যানের পদ দখল করেছেন এবং নিজেরই সহযোগী সাইফুল ইসলাম ভূঁইয়াকে বসিয়েছেন ব্যবস্থাপনা পরিচালকের পদে। প্রতি মাসে ১৫ লাখ টাকা করে তিনি হাতিয়ে নিয়েছেন ওই কোম্পানি থেকে, এভাবে সাড়ে চার বছরে ছয় কোটি টাকা। এই জবরদস্তি থেকে পরিত্রাণ পেতে বাসমালিকেরা শামীম ওসমানকে বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু তাঁদের জানা ছিল না যে শামীম ওসমানের নির্দেশেই তাঁর শ্যালক চাঁদা আদায় করে আসছেন। বাসমালিকেরা তৎকালীন জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেও কোনো ফল পাননি।
এই চাঁদাবাজির মাশুল গুনতে হয়েছে যাত্রীসাধারণকে। সারা দেশেই পরিবহন খাতে চাঁদাবাজির কারণে বাসের ভাড়া ও পণ্যদ্রব্যের দাম বেড়ে যাওয়া নিয়ে অনেক লেখালেখি হয়, কিন্তু সরকার চাঁদাবাজি বন্ধ করার উদ্যোগ নেয় না; বরং সরকার বা ক্ষমতাসীন দলের নেতাদের ছত্রচ্ছায়ায় এসব করা হয়। এর একটা উৎকৃষ্ট দৃষ্টান্ত শামীম ওসমানের ছত্রচ্ছায়ায় নিপুর এই চাঁদাবাজি।
কিন্তু নারায়ণগঞ্জের বাসমালিকেরা আর এভাবে চলতে দেবেন না। তাঁরা সংবাদ সম্মেলন ডেকে দেশবাসীকে জানিয়েছেন তাঁদের সমস্যার কথা। র‌্যাব নিপুকে ধরার চেষ্টা করেনি, তাঁর সহযোগী সাইফুলকে গ্রেপ্তার করলেও পরে ছেড়ে দিয়েছে। তাহলে নারায়ণগঞ্জে কি আইনের শাসন অচল? চাঁদাবাজের কাছে নারায়ণগঞ্জবাসী জিম্মি হয়েই থাকবে?: