নারায়ণগঞ্জ উপনির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খণ্ডিত ও বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে গঠিত বর্তমান দশম জাতীয় সংসদের যে ১৫৩ আসনে সাংসদ নির্বাচিত হয়েছেন
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও বিনা ভোটে, নারায়ণগঞ্জ-৫ তার একটি।এই আসনের সাংসদ নাসিম ওসমানের মৃত্যুর পর সৃষ্ট শূন্যতা পূরণের জন্য আগামীকাল ২৬ জুন অনুষ্ঠেয় উপনির্বাচনে প্রবল প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে। এই নির্বাচন ঘিরে আগ্রহ-কৌতূহলের এটাই মূলত কারণ।
প্রথমত, এই ভোটযুদ্ধে অবতীর্ণ দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর একজন সেলিম ওসমান জাতীয় পার্টির নেতা, যে দল বর্তমান জোট সরকারের অন্যতম শরিক। এ কারণে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। অর্থাৎ সেলিম ওসমান সরকারপক্ষের প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী এস এম আকরাম একসময় আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, কিন্তু এখন কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সংস্রব নেই। তিনি লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। যেহেতু তাঁর লড়াই মূলত সরকারপক্ষের একমাত্র প্রার্থীর বিরুদ্ধে, তাই তিনি বিবেচিত হচ্ছেন সরকারবিরোধী প্রার্থী হিসেবে। এ কারণে তিনি ইতিমধ্যে ক্ষমতাসীনদের দিক থেকে বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন।
দ্বিতীয়ত, সেলিম ওসমান নারায়ণগঞ্জের একটি বিতর্কিত পরিবারের সদস্য, যাঁদের কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, হত্যা, সন্ত্রাসসহ নানা ধরনের অপরাধবৃত্তির নেতৃত্বদানের অভিযোগ বহুল উচ্চারিত। তাঁকে অনেকেই দেখছেন অপরাধমূলক বা অশুভ শক্তির প্রতিনিধি হিসেবে। আর তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী এস এম আকরামের প্রতি কোনো রাজনৈতিক দলের আশীর্বাদ না থাকলেও নারায়ণগঞ্জের শান্তিপ্রিয় জনগণের এক বিরাট অংশের সমর্থন আছে। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাসহ নারায়ণগঞ্জের সংস্কৃতিমান ও প্রগতিশীল জনগোষ্ঠী তাঁর পক্ষে সমর্থন জানিেয়ছেন। নাগরিক সমাজের অনেক বিশিষ্ট ব্যক্তিও সংবাদমাধ্যমে নারায়ণগঞ্জের এই উপনির্বাচনকে অশুভ শক্তির বিরুদ্ধে শান্তিপ্রিয় জনগণের ভোটযুদ্ধ বলে বর্ণনা করেছেন।
আগামীকালের ভোট গ্রহণ যেন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হতে পারে, নির্বাচন কমিশনকে তা নিশ্চিত করতে হবে। নির্বাচনী প্রচারাভিযানকালে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের ব্যাপারে নির্বাচন কমিশন যথেষ্ট শক্তিশালী ভূমিকা পালন করেনি।
সেলিম ওসমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অন্তত ১২টি অভিযোগ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করেছেন স্বতন্ত্র প্রার্থী এস এম আকরাম। কিন্তু একটি ছাড়া আর কোনো অভিযোগের ব্যাপারেই নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি। শামীম ওসমানসহ ক্ষমতাসীন জোটের সাংসদদের প্রকাশ্য প্রচারণায় অংশ নেওয়ার ব্যাপারেও নির্বাচন কমিশন কিছু বলেনি। ভোট গ্রহণের সময় নির্বাচন কমিশনের আচরণে যেন সামান্যতম পক্ষপাত কিংবা নিষ্ক্রিয়তা না থাকে।
প্রতীকী তাৎপর্য ছাড়া এই উপনির্বাচন বিশেষ কোনো গুরুত্ব বহন করে না। আসলে সব দলের পরিপূর্ণ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ, সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠান ছাড়া জাতীয় সংসদ কার্যকর হতে পারে না, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা পেতে পারে না।