নারায়ণগঞ্জের উপনির্বাচন দৃশ্যত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও এটা একটি প্রতিনিধিত্বমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মডেল হিসেবে স্বীকৃতি পাবে না। এটা শান্তির পক্ষে কিংবা সন্ত্রাসের বিরুদ্ধে জনগণের রায় নয়। সুতরাং এই উপনির্বাচনের ফলাফল বহুলাংশে একটি পক্ষপাতদুষ্ট প্রশাসনের অপারগতা ও কারসাজির যোগফল হিসেেবই প্রতীয়মান হতে পারে। এটা অবশ্যই নারায়ণগঞ্জবাসীর জয়-পরাজয়ের সূচক নয়; বরং এখন তাদের অধিকতর সতর্কতা ও বুদ্ধিমত্তার সঙ্গে সন্ত্রাসবিরোধী আন্দোলনকে সামনে এগিয়ে নিতে হবে।
মূল জাতীয় সংসদের গঠন যেখানে প্রশ্নবিদ্ধ, সেখানে তার একটি উপনির্বাচন অনুষ্ঠানকে বিচ্ছিন্নভাবে আদর্শস্থানীয় হিসেবে দেখার সুযোগ যে খুবই সীমিত, সেটাই প্রমাণিত হলো। প্রধান দুই রাজনৈতিক দলের অনুপস্থিতি এবং সর্বোপরি একটি বিশেষ পরিবারের প্রভাবাধীন থাকা জনপ্রশাসনের বিপরীতে এস এম আকরামের পক্ষে যে ধরনের সাংগঠনিক প্রস্তুতি দরকার ছিল, তাতে বোধগম্য কারণেই ঘাটতি ছিল। সে কারণে ভোটকেন্দ্রে এজেন্ট দেওয়া নিয়েও তাঁকে হিমশিম খেতে হয়। সেলিম ওসমানের ব্যয়বহুল ও ব্যাপকভিত্তিক নির্বাচনী প্রচারণার বিপরীতে আকরামের প্রচারণাও ছিল নাজুক।
এই নির্বাচনে ভোটার উপস্থিিত কম ছিল৷ ফলে জনরায়ের প্রতিফলন ঘটেছে, সেটা বলা যাবে না৷ স্বতন্ত্র প্রার্থী এস এম আকরাম নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে অর্ধশত কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের যে দাবি করেছেন, তা নির্বাচন কমিশনকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। আকরাম সেনা মোতায়েন চেয়েছিলেন, কিন্তু তা কোনো যুক্তি ছাড়াই নাকচ করা হয়েছে। এখন এটা মনে করার কারণ আছে যে ইসি নিরাপত্তার পরিবেশ নিশ্চিত করতে পারলে ভোটারের উপস্থিতি এতটা কম হতো না।
৪৪ ভাগ ভোটারের অংশগ্রহণ কাগজে-কলমে যেটা দেখানো সম্ভব হয়েছে, তার গ্রহণযোগ্যতাকে জাল ভোট, ভোটারদের কেন্দ্রে আসতে বাধা, এস এম আকরামের আনারসের এজেন্টদের বের করে দেওয়া, বেশির ভাগ কেন্দ্রে শামীম ওসমান সমর্থকদের দিনভর মহড়া এবং সর্বোপরি দুপুরের পরে কয়েক ডজন কেন্দ্রে আকস্মিক ভোটার বৃদ্ধির যে অভিযোগ উঠেছে, তার আলোকে যাচাইযোগ্য। অথচ ইসি রক্তপাত না ঘটা এবং সহিংসতা না হওয়াকেই বড় করে দেখছে। কারচুপিপূর্ণ নির্বাচনের ফলাফল গ্রহণযোগ্য নয় বলেই অামরা এর সুষ্ঠু তদন্ত দাবি করি।
ইসি এটা বুঝতে অপারগ, গত পাঁচ বছরে ওসমান পরিবার নারায়ণগঞ্জে কী মাত্রায় অন্যায্য প্রভাব বিস্তার করে আছে। যেটা তাদের দ্বারা প্রশাসনের সাময়িক ‘অধিগ্রহণকালে’ কার্যকর স্বাধীনতা দেওয়া থেকে অনেক দূরে রেখেছে। এএসপিকে শামীম ওসমানের হুমকির অভিযোগ এবং তাঁর প্রতি ইসির নমনীয়তা সেই বাস্তবতাই নির্দেশ করে।
আওয়ামী লীগ প্রার্থী দেয়নি, বিএনপি বর্জন করেছে—এসব ফ্যাক্টর জাতীয় পার্টির প্রার্থীকে দুর্বিনীত করেছে; পারিবারিক ও প্রশাসনিক প্রভাব তো ছিলই৷ এ কারণেই নির্বাচনের সার্বিক পরিবেশ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নিয়ে আসা সম্ভব হয়নি৷ দুই বড় দলের দুই ধরনের বর্জনের সিদ্ধান্ত জাতীয় পার্টির প্রার্থীকে বাড়তি শক্তি জুগিয়েছে। এই উপনির্বাচনে আবারও প্রমাণিত হলো, যুদ্ধে জয়ী হতে হলে ভোটারদের সমর্থন ও সহযোগিতাই যথেষ্ট নয়৷