নারী উদ্যোক্তাদের দাবিদাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে প্রান্তিক নারীর অংশগ্রহণ বৃদ্ধির ফলে দারিদ্র্য লাঘবের বিষয়টি সুবিদিত। কিন্তু নারীর সার্বিক ক্ষমতায়নের জন্য জাতীয় অর্থনীতিতে নারীসমাজের আরও বেশি অংশগ্রহণ প্রয়োজন। শিল্প ও ব্যবসা-বাণিজ্যে নারী উদ্যোক্তাদের ভূমিকা বৃদ্ধির মাধ্যমে সেটা ঘটতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে অনেক নারী এই ক্ষেত্রে এগিয়ে এসেছেন। তবে এই খাতের আরও প্রসারের জন্য সরকারের কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
গত বুধবার ঢাকায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) আয়োজিত ‘আসন্ন জাতীয় বাজেট ২০১৪-২০১৫: নারী উদ্যোক্তাদের প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তেমনই কিছু পদক্ষেপের দাবি ও প্রস্তাব উঠেছে। যেমন, আগামী অর্থবছরের জাতীয় বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য আরও বেশি অর্থ বরাদ্দ করার আহ্বান জানানো হয়েছে। একাধিক বক্তা বলেছেন, নারী উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হলে তাঁদের কাজের প্রসার ঘটবে। তাঁদের জন্য বিশেষ তহবিল গঠনেরও সুপারিশ এসেছে, যেখান থেকে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ দেওয়া সম্ভব হবে। শিল্প ও ব্যবসায়িক উদ্যোগে অর্থায়নের বিষয়টি যেহেতু বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তাই সরকারের উচিত হবে এসব ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের জন্য ঋণ সুলভ করার উদ্যোগ নেওয়া। কর ও শুল্কের ক্ষেত্রেও নারী উদ্যোক্তাদের বিশেষ সুবিধা প্রদানের ব্যবস্থা করা উচিত। ওই বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, নারী উদ্যোক্তাদের পক্ষ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব পেলে রাজস্ব বোর্ড তা অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করবে। এখন নারী উদ্যোক্তাদের উচিত কর, শুল্ক ও মূসক প্রদানের ক্ষেত্রে বিশেষ সুবিধা চেয়ে এনবিআরের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানো।
এ ছাড়া, আরও কিছু কাজ করা প্রয়োজন। যেমন, দেশের নারী উদ্যোক্তাদের সামগ্রিক অবস্থা কী, এ বিষয়ে একটি বিশদ গবেষণা প্রতিবেদন তৈরি করা; একটি জাতীয় তথ্যভান্ডার গড়ে তোলা এবং একটি বিশেষ শিল্পপার্ক স্থাপন করা। সরকার এসব কাজে এগিয়ে এলে জাতীয় অর্থনীতিতে নারীর ভূমিকা নিঃসন্দেহে আরও বাড়বে এবং চূড়ান্তভাবে তা দেশের নারীসমাজের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করবে।