নারী নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর ক্ষমতায়ন তথা নারীর আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে আমাদের দেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। আর তারই স্বীকৃতিস্বরূপ বৈশ্বিক বিভিন্ন আর্থসামাজিক ধারণাসূচকে বাংলাদেশের উন্নতি আজ ঈর্ষণীয়। দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় বাংলাদেশ আজ এসব ক্ষেত্রে অনেক ভালো অবস্থানে আছে। কিন্তু যাঁদের ঘাম-শ্রমের বিনিময়ে আজকের এই অবস্থান, তাঁরাই আজ পুরুষশাসিত সমাজে ঘরে-বাইরে নানাভাবে নির্যাতিত।
সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত এক জরিপে এসব ভয়াল তথ্য উঠে এসেছে। জরিপের তথ্যমতে, সমাজের বিবাহিত নারীদের প্রায় ৯০ শতাংশই স্বামীর মাধ্যমে কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। অবশ্য শুধু স্বামী নয়, শ্বশুরবাড়িতে স্বামী ছাড়াও অন্য আপনজনের মাধ্যমেও তাঁরা শারীরিক এবং মানসিকভাবে নির্যাতিত হচ্ছেন। নির্যাতনের মাত্রা সইতে না পেরে অনেকেই আত্মহত্যার চেষ্টা করছেন।
অথচ আমাদের দেশের অধিকাংশ অভিভাবকের ধারণা, বিয়ে দিলেই তাঁদের মেয়েরা নিরাপদ ও সুরক্ষিত থাকবেন। এ কারণে অনেকেই তাঁদের মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই বিয়ে দিয়ে হাঁফ ছেড়ে বাঁচেন। ফলে তাঁদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু এ ধরনের অযাচিত সিদ্ধান্তই পরবর্তী সময়ে নারী নির্যাতনের পথকে প্রশস্ত করে।
কাজেই এখনই সময় নারী নির্যাতনের বিপক্ষে শক্ত জনমত ও সচেতনতা গড়ে তোলা। প্রচলিত আইনের যথার্থ প্রয়োগের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।
তবে সর্বাগ্রে প্রয়োজন সুশিক্ষা নিশ্চিত করার মাধ্যমে নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন।
তারেক আজিজ
ময়মনসিংহ।