নারী নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৬ জানুয়ারি দ্য ডেইলি স্টার পত্রিকায় ‘সার্ভে অন উইমেন রিভিলস’ নামক প্রতিবেদনে বাংলাদেশে ২০১১ সালের নারী নির্যাতনের একটি ভয়াবহ চিত্র দেখা যায়। বিবিসি ও ইউএনএফপিএ কর্তৃক দেওয়া এই পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে বিবাহিত নারীদের মধ্যে ৮৭ শতাংশ গৃহসহিংসতার শিকার হন, ওই নারীদের ৭৭ শতাংশ প্রতিনিয়ত প্রহূত হন, এঁদের মধ্যে ৫০ শতাংশ নির্যাতিত নারীর চিকিৎসার প্রয়োজন হয়। এক-তৃতীয়াংশ নারী স্বামী কর্তৃক ধর্ষণের শিকার হন।
এ ছাড়া নির্যাতনের শিকার নারীদের ৫০ শতাংশ ১৪ বছর বয়সের আগেই ধর্ষণের শিকার হন। মানুষরূপী কিছু নরপশু নারীদের ওপর নির্যাতন চালায়। উচ্চতর প্রজ্ঞার অভাবে নারী নির্যাতনের মানসিকতা তৈরি হয়। অধিকাংশ নারী যৌতুকলোভী সংকীর্ণ মনের স্বামী কর্তৃক নির্যাতিত হন। নারীদের ওপর অ্যাসিড নিক্ষেপ, আগুন দেওয়া ও জোরপূর্বক তালাক দেওয়ার মতো পাশবিক ঘটনার সঙ্গে যারা জড়িত, তারা মানবসভ্যতার অভিশাপ। নারী নির্যাতন বন্ধ করতে প্রথমে পুরুষসমাজকে সচেতন হতে হবে এবং মানবতাবোধকে জাগ্রত করতে হবে।
নারী নির্যাতন দমন আইন পূর্ণাঙ্গভাবে কার্যকর না হওয়ায় নারীরা অনেক সময় নির্যাতনের প্রতিবাদ করতে পারেন না। তাই নারী নির্যাতনকারী ব্যক্তিদের কঠোর শাস্তির আওতায় আনতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সামাজিক, পারিবারিক থেকে রাষ্ট্রীয়পর্যায়পর্যন্ত নীতি ও অধিকার প্রতিষ্ঠার জাগরণ প্রয়োজন হবে।
ইনতাজ আলী,
দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়