নারী বন্দীদের জন্য পৃথক বাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী বন্দীদের আদালতে আনা-নেওয়ার সময় প্রিজন ভ্যানে পুরুষ বন্দীদের অপ্রীতিকর ও যৌন হয়রানিমূলক আচরণের যে ধারা এত দিন চলে আসছে, এবার তা স্থায়ীভাবে বন্ধ হবে বলে আশা করা যায়। নারী বন্দীদের পৃথক প্রিজন ভ্যানে পরিবহনের ব্যবস্থা নিশ্চিত করতে হাইকোর্টের একটি বেঞ্চ গত সোমবার স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও কারা মহাপরিদর্শকের প্রতি আদেশ দিয়েছেন। এমন একটি আদেশ যে বেশ জরুরি হয়ে উঠেছিল, তার যুক্তি পাওয়া যায় প্রথম আলোয় সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনের বর্ণনা থেকে।
৮ মার্চ প্রথম আলোয় প্রকাশিত হয় ‘প্রিজন ভ্যানে হেনস্তা হচ্ছেন নারী বন্দীরা’ শিরোনামে একটি প্রতিবেদন। আন্তর্জাতিক নারী দিবসে জাতি জানতে পারে, প্রিজন ভ্যানে নারী বন্দীরা পুরুষ বন্দীদের দ্বারা অপ্রীতিকর ও যৌন হয়রানিমূলক আচরণের শিকার হন। পুরুষেরা তাঁদের প্রতি কটূক্তি ছুড়ে দেন, অশোভন আগ্রহ প্রকাশ করেন, এমনকি কখনো কখনো গায়ের ওপর ঢলেও পড়েন। নারী বন্দীদের প্রতিবাদে কোনো ফল হয় না; প্রিজন ভ্যানের পুলিশ সদস্যরা নির্বিকারভাবে চেয়ে চেয়ে দেখেন নারীর দুর্দশা। চট্টগ্রামের কারা প্রশাসনের কাছেও নারী বন্দীরা এর প্রতিকার চেয়েছিলেন, কিন্তু তাঁরা কেবল আশ্বাসই শুনেছেন, প্রতিকার পাননি।
একটি সুখবর হলো, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারকে কেন্দ্র করে প্রথম আলোয় উল্লিখিত প্রতিবেদনটি প্রকাশের পরদিনই ওই কারাগারের নারী বন্দীদের পৃথক প্রিজন ভ্যানে আনা-নেওয়া শুরু হয়েছে। একই দিনে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ওই প্রতিবেদনের কপি যুক্ত করে নারী বন্দীদের পরিবহনের সময় যৌন হয়রানি থেকে সুরক্ষার নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করেন। পরদিন সেই রিটের প্রাথমিক শুনানির পর হাইকোর্টের একটি বেঞ্চ নারী বন্দীদের জন্য পৃথক প্রিজন ভ্যানের ব্যবস্থা নিশ্চিত করার আদেশ প্রদানের পাশাপাশি রুল দেন। এ জন্য আদালতকে ধন্যবাদ। এখন প্রয়োজন সারা দেশের সব কারাগারে নারী বন্দীদের জন্য পৃথক প্রিজন ভ্যানের ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া।