নারীর নিরাপত্তাহীনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে চলতি বছরের প্রথম ছয় মাসে ৩০৯ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন, ২০১৩ সালের ১২ মাসে এই সংখ্যা ছিল ৮১২—এসব পরিসংখ্যান থেকে দেশের নারীদের নিরাপত্তাহীনতার উদ্বেগজনক চিত্র ফুটে উঠলেও এতে পরিপূর্ণ চিত্র পাওয়া যায় না। কারণ, ধর্ষণের সব ঘটনার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয় না, মানবাধিকার সংগঠনগুলোও সব ঘটনা জানতে পারে না। অর্থাৎ, নারী ধর্ষণ বিষয়ে যেসব পরিসংখ্যান সময়ে সময়ে আমরা পাই, তা এই সমস্যার প্রকৃত মাত্রার তুলনায় সাগরপৃষ্ঠে ভাসমান হিমশৈলের মতো।
নারী ধর্ষণসহ নারীর প্রতি যৌন ও অন্যান্য ধরনের সহিংস আচরণের বিরুদ্ধে সংবাদমাধ্যম ও নাগরিক সমাজে অনেক আলোচনা-প্রতিবাদ হয়। কিন্তু এসব অপরাধের মাত্রা হ্রাসের লক্ষণ নেই, বরং দিন দিন তা বেড়েই চলেছে। এটা প্রথমত দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত। সব ধরনের অপরাধবৃত্তি বেড়ে গেলে নারী ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা না বাড়ার কারণ থাকে না। বরং এসব অপরাধ অন্যান্য অপরাধের তুলনায় কয়েক গুণ বেশি হারে বাড়ে। কারণ, নারী নাজুক, তাঁকে আক্রমণ করা যায় সহজে এবং তাঁর বিরুদ্ধে অপরাধ করে পার পাওয়া যায়।
যেসব অপরাধের ঘটনায় আদালতে মামলা হয় সবচেয়ে কম; মামলা হলে বিচার–প্রক্রিয়ার শেষে অপরাধীর দণ্ড কার্যকর হওয়ার দৃষ্টান্ত আরও কম, নারী ধর্ষণ সেগুলোর অন্যতম। বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা না পাওয়া এবং অপরাধবৃত্তি বেড়ে যাওয়ার অন্যতম কারণ। এই কথা সবচেয়ে বেশি করে খাটে নারী ধর্ষণের ক্ষেত্রে। অধিকাংশ ধর্ষক শাস্তি পায় না, অনেকের বিরুদ্ধে আদালতে মামলাই হয় না। অনেক ধর্ষণের ঘটনায় ধর্ষণের শিকার নারী ও তাঁর পরিবার সামাজিক সম্মানহানির আশঙ্কায় তা প্রকাশ করে না। এসব সমস্যা বহুদিন ধরেই সুবিদিত; কিন্তু সমাধানের উদ্যোগ রাষ্ট্র কিংবা সমাজ কোনো পক্ষ থেকেই জোরালো নয়।
সব ধরনের অপরাধ কঠোর হাতে দমন ও আইন প্রয়োগব্যবস্থাকে অধিকতর গতিশীল, দক্ষ ও কার্যকর করে তোলার বিকল্প নেই; সেই সঙ্গে নারীর প্রতি প্রয়োজন বিশেষ মনোযোগ।