আপনি কি কখনো বেতারে নারীকণ্ঠ শুনেছেন বা টেলিভিশনে দেখেছেন? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনি হলেন বিশ্বের মাত্র ২৪ ভাগ মানুষের একজন। বিষয়টা অবিশ্বাস্য মনে হলেও, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর এক জরিপে এমন চিত্রই পাওয়া গেছে।
বিশ্বব্যাপী মতপ্রকাশের স্বাধীনতার প্রসার ঘটানোর লক্ষ্যে সোচ্চার জাতিসংঘের এই প্রতিষ্ঠান বলছে যে মতপ্রকাশের মাধ্যমগুলোয় যদি প্রবেশাধিকার উন্মুক্ত না থাকে, তাহলে মতপ্রকাশের স্বাধীনতা অবাধ হতে পারে না। এবং সে কারণেই নারীদের সমানাধিকারের বিষয়টিকে এবারের বিশ্ব বেতার দিবসের উপজীব্য করেছে ইউনেসকো। এই সম্প্রচারমাধ্যমের ভূমিকার ওপর আলোকপাত করার উদ্দেশ্যে প্রতিবছর ১৩ ফেব্রুয়ারি, বিশ্ব বেতার দিবস উদ্যাপন করা হয়ে থাকে।
বেতার সম্প্রচারশিল্পে নারী ও পুরুষের মধ্যে সমতা আনার লক্ষ্যে আরও অনেক কাজ প্রয়োজন বলে জানিয়েছে ইউনেসকো। ইউনেসকোর গণমাধ্যম, উন্নয়ন ও সমাজ বিভাগের প্রধান মিরটা লরেন্সো জাতিসংঘ রেডিওকে জানান যে এই সম্প্রচারমাধ্যমে নারী-পুরুষের মধ্যে এখনো বিস্তর বৈষম্য রয়ে গেছে। তিনি আরও জানান, রেডিওতে প্রচারিত প্রতিবেদনগুলোর মধ্যে মাত্র ৩৭ শতাংশ হচ্ছে নারীদের তৈরি। নারীদের রেডিও প্রতিবেদন তৈরির হার সবচেয়ে বেশি হচ্ছে আফ্রিকা ও লাতিন আমেরিকায়, ৩৮ শতাংশ। ইউরোপের পরিস্থিতি ভালো, এটা মনে করার কোনো কারণ নেই। কেননা, ইউরোপে নারীদের তৈরি রেডিও প্রতিবেদন প্রচারের হার হচ্ছে ৪০ শতাংশ। উত্তর আমেরিকায় এই হার হচ্ছে মাত্র ২৯ শতাংশ। এর সঙ্গে ক্যারিবীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যে এই হার হচ্ছে সবচেয়ে কম।
মিস লরেন্সো জানান, দেখা যাচ্ছে যে নারী সংবাদদাতা ও অনুষ্ঠান উপস্থাপিকারা পুরুষদের চেয়ে অনেক কম সম্প্রচার সময় পেয়ে থাকেন। উঁচু নির্বাহী পদেও তাঁদের প্রতিনিধিত্ব কম। মিস লরেন্সো জানান যে নারী-পুরুষের বৈষম্য তাই এখনো একটি উদ্বেগের বিষয় এবং সে কারণেই ইউনেসকো গণমাধ্যমের জন্য একটি জেন্ডার সূচক প্রণয়ন করেছে, যেটি গণমাধ্যমগুলো নিজেদের পরিস্থিতি যাচাইয়ের জন্য ব্যবহার করতে পারে। ইউনেসকোর হিসাব অনুযায়ী নারীদের রেডিও প্রতিবেদন তৈরির হার এশিয়ায় ৩৫ শতাংশ।
বিবিসিতে আমার নিজের অভিজ্ঞতায়ও ইউনেসকোর এসব তথ্যের মিল পেয়েছি। নব্বইয়ের দশকের দ্বিতীয়ার্ধে যখন আমি এই আন্তর্জাতিক
সম্প্রচার প্রতিষ্ঠানে যোগ দিই, তখন বিষয়টা খেয়াল করিনি। কিন্তু, ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত যে সময়টিতে ওয়ার্ল্ড সার্ভিসের নিউজগ্যাদারিং ইউনিটে কাজ করেছি, তখন সেখানকার কেন্দ্রীয় বার্তাকক্ষের চেহারাটা ছিল ৭০ শতাংশেরও বেশি পুরুষপ্রধান। বার্তা সম্পাদক এবং বিভাগীয় বা আঞ্চলিক প্রধানদের দৈনিক সভাগুলোয় এই অনুপাত আরও কমে যেত। তবে, বিবিসির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর বিশেষ উদ্যোগের পরিণতিতে ২০০৮ সালে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন নীতিনির্ধারণী ও ব্যবস্থাপনার দায়িত্বে নারী প্রতিনিধিত্ব ৪০ শতাংশে পৌঁছেছে বলে তাদের প্রকাশিত তথ্যে জানা যায়। গত পাঁচ বছরে এটি আরও বেড়েছে বলেই মনে হয়। গেল সপ্তাহে বিবিসি ঘোষণা করেছে, শুধু পুরুষদের নিয়ে গঠিত কোনো প্যানেল নিয়ে (তা তিনি বিশেষজ্ঞ বা শিল্পী—যে-ই হোন না কেন) কোনো অনুষ্ঠান হবে না। এমনকি কৌতুক অনুষ্ঠানও নয়।
রেডিওতে নারীদের পিছিয়ে থাকার কারণ সম্পর্কে মিস লরেন্সো বলেন, এর পেছনে কারণ বহুবিধ। কর্মক্ষেত্রগুলো সাধারণত নারীবান্ধব নয়, বিশেষ করে হয়রানি বন্ধের প্রাতিষ্ঠানিক ব্যবস্থার অনুপস্থিতি, কাজের সময়কে পারিবারিক জীবনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ না থাকা এবং শিশুদের দেখাশোনার ব্যবস্থা না থাকা এ ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধক বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশের চিত্রটা কি আলাদা? জানতে চাইলে বাংলাদেশ বেতারের বার্তা পরিচালক হোসনে আরা খন্দকার প্রথমে যা বললেন, তাতে একটু আশান্বিত হয়েছিলাম। তিনি বলেন, সংবাদপাঠ বা উপস্থাপনের কথা বললে বলতে হবে যে এই কাজটিতে নিয়োজিত ব্যক্তিদের দুই-তৃতীয়াংশই নারী। বাংলাদেশের রাজনীতির ওপরের আবরণে যেমন নারীর ক্ষমতায়নের আসল চিত্রটি বোঝা যায় না, সম্প্রচারমাধ্যমেও ঠিক সে রকমটিই। কিন্তু, একটু খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতেই জানা গেল একেবারেই ভিন্ন চিত্র। বাংলাদেশ বেতারের বার্তাকক্ষে নিয়মিত সংবাদকর্মী হিসেবে যাঁরা কাজ করেন, তাঁরা সবাই সরকারি তথ্য কর্মকর্তা এবং তাঁদের মধ্যে অনুপাত প্রতিজন নারীর বিপরীতে প্রায় তিনজন পুরুষ। বেতারের জেলা সংবাদদাতাদের সবাই পুরুষ এবং চুক্তির ভিত্তিতে যেসব ফ্রিল্যান্সার ঢাকায় সংবাদদাতার কাজ করেন, তাঁদেরও ৯০ শতাংশের বেশি পুরুষ।
বাংলাদেশে সাংবাদিকতায় নারীরা যে খুব বেশি পিছিয়ে আছেন, বিষয়টি কেন্তু তেমন নয়। এসব নারী সাংবাদিকের অনেকেই রেডিও ও টেলিভিশনকেই তাঁদের চারণক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন। যানজটের খবর থেকে শুরু করে রাজনৈতিক সহিংসতার খবর, স্টুডিওর আয়েশী পরিবেশ থেকে রোদে পুড়ে অথবা বৃষ্টিতে ভিজে সরাসরি সম্প্রচারে অংশ নেওয়া—এগুলোর কোনো কিছুতেই নারীরা পিছিয়ে নেই। কিন্তু, তাঁদের পদচারণে বেসরকারি রেডিও-টিভিতে যতটা সরব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুটিতে তাঁদের অনুপস্থিতি ততটাই প্রকট। এর মধ্যে নতুন সংযোজন, গ্রামাঞ্চল ও মফস্বলের কমিউনিটি রেডিওগুলোয় স্বেচ্ছাসেবী নাগরিক সাংবাদিকদের মধ্যে নারীদের অংশগ্রহণ। সে রকমটি নিঃসন্দেহে অত্যন্ত উৎসাহজনক এক অগ্রগতি।
কিন্তু, জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠানগুলো এ ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ নেবে কবে? সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য যদি কোটা বাড়ানো যায়, তাহলে বেতার ও টেলিভিশনে তা সম্ভব হবে না কেন? বিশেষজ্ঞ এবং সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের মধ্য থেকেও রেডিও-টিভিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া যায়। সংক্ষিপ্ত প্রশিক্ষণেই তাঁদের মধ্যে মাইক ও ক্যামেরার সামনে দাঁড়ানোর মতো আস্থা গড়ে তোলা কঠিন নয়। বিবিসি ইতিমধ্যেই তেমনটি করে দেখিয়েছে।
কামাল আহমেদ: সাংবাদিক ও জাতিসংঘ রেডিওর পরামর্শক।