নিউইয়র্ক ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার নিউইয়র্কে আয়োজিত সংবাদ সম্মেলনে বিরোধী দলকে উদ্দেশ করে যে বক্তব্য দিয়েছেন, তা তাঁর পূর্ববর্তী বক্তব্য থেকে কিছুটা হলেও ভিন্ন। সংসদে এসে নির্বাচনকালীন সরকারপদ্ধতি সম্পর্কে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে আমি যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।’ এটাই গণতান্ত্রিক মনোভঙ্গি এবং সময়েরও দাবি।
আগামী নির্বাচন নিয়ে যে রাজনৈতিক অচলাবস্থা চলছে, এটা তার স্বীকৃতিও বটে। তিনি হয়তো উপলব্ধিতে রাখছেন, সংবিধান ও অন্যান্য গণতান্ত্রিক দেশের দোহাই দিয়ে একটি জবরদস্তি নির্বাচন দেশবাসীর ওপর চাপিয়ে দিলে তার পরিণতি কারও জন্যই ভালো হবে না। জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠকেও বাংলাদেশের আগামী নির্বাচনের বিষয়টি অগ্রাধিকার পেয়েছে প্রতীয়মান হয়। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বন্ধুপ্রতিম দেশগুলো বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও সবার জন্য গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ দিয়ে আসছে। সে কারণে ‘ত্যাগ’ স্বীকারসংক্রান্ত প্রধানমন্ত্রীর নিউইয়র্ক ঘোষণায় আন্তর্জাতিক মহলের সেই তাগিদের প্রতিফলন ঘটে থাকলে দেশবাসী নিশ্চয় তাকে স্বাগত জানাবে।
একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিযোগী সব পক্ষের জন্য সমতল ভূমি তৈরি করা জরুরি। ক্ষমতাসীনেরা সংবিধানের দোহাই দিয়ে বলে আসছেন, বর্তমান সংসদ বহাল রেখেই নির্বাচন হবে। সে ক্ষেত্রে যে সমতল ভূমি তৈরি হবে না, বরং বৈষম্যমূলক অবস্থা তৈরি হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনেও সেই সত্য তুলে ধরা হয়েছে। এ ব্যাপারে বিরোধী দলের মধ্যে যে শঙ্কা ও উদ্বেগ রয়েছে, তা অপনোদনের দায়িত্ব সরকারেরই। প্রধানমন্ত্রী নিশ্চয়ই ভুলে যাননি, ১৯৯৬ ও ২০০৭ সালে তৎকালীন ক্ষমতাসীনদের একগুঁয়েমির কারণে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হতে পারেনি এবং জাতিকে সে জন্য অনেক খেসারত দিতে হয়েছে।
এ অবস্থায় প্রধানমন্ত্রীর উচিত, তাঁর প্রতিশ্রুত ‘যেকোনো ত্যাগ স্বীকারের’ বিষয়টি পরিষ্কার করা। মনে রাখতে হবে, বিরোধী দলকে সংসদে এসে বক্তব্য দেওয়ার আহ্বান জানালেই সমস্যার সমাধান হবে না। বিরোধী দলের দাবির কতটুকু সরকার মেনে নিতে রাজি আছে, সে কথাও খোলসা করে বলতে হবে। প্রধানমন্ত্রী যদি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির মতো একটি একতরফা ও প্রহসনমূলক নির্বাচন না চান, তাহলে নির্বাচনের আগে অর্থাৎ আর কালক্ষেপণ না করে সরকারি দলকে বিরোধী দলের সঙ্গে সমঝোতায় আসতে হবে।
প্রধানমন্ত্রী তাঁর ঘোষিত ত্যাগ স্বীকারের বিষয়টি পরিষ্কার করলে বিরোধী দলও ইতিবাচক সাড়া দেবে, আশা করি। দেশবাসী
বিরোধী দলের ঘোষণামতে ‘দেশ অচল করা আন্দোলন’ কিংবা সরকারের মনোবাঞ্ছা অনুযায়ী একতরফা নির্বাচন চায় না। তারা চায় অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল। হাতে সময় বেশি নেই, যা করার এখনই করুন।