নিউজপ্রিন্টের পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদপত্রকে শিল্প ঘোষণার পর যেখানে সরকারের দায়িত্ব ছিল এই শিল্পের বিকাশে সহায়ক ভূমিকা রাখা, সেখানে তারা সেটি না করে বরং এই শিল্পের বিরুদ্ধেই অবস্থান নিচ্ছে; যা কেবল সংবাদপত্রশিল্প নয়, গোটা প্রকাশনা ও মুদ্রণশিল্পকেই মারাত্মক হুমকির মধ্যে ঠেলে দেবে।
গতকাল মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত খবরে জানা যায়, একটি প্রভাবশালী মহল বিদেশি নিউজপ্রিন্টের ওপর আমদানি শুল্ক বাড়ানোর উদ্যোগ নিলেও ততটা সফল হয়নি। এরপর তারা নতুন চক্রান্তে লিপ্ত হয়। যার অংশ হিসেবে সংবাদপত্র, প্রকাশনা ও মুদ্রণশিল্পের জন্য ব্যবহূত আমদানি করা নিউজপ্রিন্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে (বিএসটিআই) পরীক্ষা-নিরীক্ষা বাধ্যতামূলক করার অপচেষ্টা চালাচ্ছে। আরও দুর্ভাগ্যজনক যে, বাণিজ্য মন্ত্রণালয় সংবাদপত্রশিল্পের কল্যাণের কথা না ভেবে ওই মহলবিশেষের স্বার্থ রক্ষায় তৎপর রয়েছে।
যেখানে বিদেশ থেকে আমদানি করা ভোগ্যপণ্য ও যেসব পণ্য মানবদেহে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, সেসব পণ্যের গুণমানই সরকার বিএসটিআইকে দিয়ে পরীক্ষা করতে পারছে না, সেখানে আমদানি করা নিউজপ্রিন্টের বিএসটিআইয়ের পরীক্ষা বাধ্যতামূলক করার অর্থ সংবাদপত্রশিল্পকে নতুন সংকটে ঠেলে দেওয়া। গত ২৪ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে সংবাদপত্রশিল্পের মালিক এবং কাগজ বিপণনের সঙ্গে জড়িত সাতটি সংগঠন ন্যায়সংগতভাবেই বিএসটিআইয়ের বাধ্যতামূলক পরীক্ষার বিরোধিতা করেছে। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদের ভাষ্যমতে, কাগজের মান পরীক্ষা ও ঋণপত্রের শর্ত পূরণ করেই পণ্য আমদানি করা হয়, সেখানে নতুন করে বিএসটিআইয়ের পরীক্ষার কোনো প্রয়োজন নেই। তার পরও রহস্যজনক কারণে বাণিজ্য মন্ত্রণালয় নতুন আমদানি নীতিতে নিউজপ্রিন্টের বিএসটিআইয়ের পরীক্ষা বাধ্যতামূলক করতে উঠেপড়ে লেগেছে।
বিএসটিআই দ্বারা আমদানি করা নিউজপ্রিন্টের পরীক্ষার সুযোগ চট্টগ্রামে না থাকায় পণ্যের নমুনা ঢাকায় পাঠিয়ে করতে হলে ২০ থেকে ২৫ দিন সময় লাগবে এবং সেই সময়ে বন্দর কর্তৃপক্ষ ও শিপিং এজেন্সিকে ক্ষতিপূরণ দিতে হবে। দ্বিতীয়ত, অনেক প্রতিষ্ঠানের পক্ষেই এত দিন আগে নিউজপ্রিন্ট আমদানি করে বন্দরে ফেলে রাখা সম্ভব হবে না।
শিল্পমন্ত্রীর স্বীকারোক্তি অনুযায়ী বিএসটিআই আমদানি করা সব ভোগ্যপণ্যের মান পরীক্ষা করতে পারছে না। এ অবস্থায় বিএসটিআইয়ের মাধ্যমে বিদেশি নিউজপ্রিন্টের মান পরীক্ষার কোনো যুক্তিই থাকতে পারে না।
এ অবস্থায় আমরা বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়কে আমদানি করা নিউজপ্রিন্টের ওপর বিএসটিআইয়ের পরীক্ষা বাধ্যতামূলক করার অপ্রয়োজনীয় তৎপরতা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি। এর পরও যদি তারা তাদের অবস্থানে অনড় থাকে তাহলে বুঝতে হবে সংবাদপত্রশিল্প নয়, মহলবিশেষের স্বার্থ রক্ষাই তাদের লক্ষ্য।