জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৪ অক্টোবর। ১৯৪৫ সালের এই দিনে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। আক্ষেপের বিষয়, যে বহুপক্ষীয় বিশ্ব বিনির্মাণের উদ্দেশ্যে জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল, আজ এত দিন পরও সেই বহুপাক্ষিকতা অধরা থেকে গেছে।
কোভিড-১৯ মহামারি এখন ডিগ্লোবালাইজেশন বা বিশ্বায়নের উল্টো পথে হাঁটার নতুন যুগের সূচনা করেছে। সার্বভৌমত্ব, জাতীয়তাবাদ ও স্বনির্ভরতার প্রচারে উচ্চকিত হয়ে বহু দেশের সরকার এখন সংরক্ষণবাদে ঝুঁকেছে এবং বিশ্ব থেকে নিজেদের বিচ্ছিন্ন করে রাখার পথে হাঁটছে। তাঁরা বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি ও বাণিজ্য সমঝোতার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নও তুলছে। জাতিসংঘের বিভিন্ন তহবিলে চাঁদা দিতেও অনীহা দেখাচ্ছে। ফলে এই বিশ্ব সংস্থার কার্যক্রম আগের মতো থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
গত ২২ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কোভিড-১৯ মহামারিকে বৈশ্বিক মহামারির ‘পঞ্চম ঘোড়সওয়ার’ (খ্রিষ্টধর্মের ভাষ্যমতে, বিপথগামী মানুষের সাজা দিতে ঘোড়ায় চড়া চারজনকে পাঠানো হয়েছিল; যারা যুদ্ধ, মারি, মড়ক দিয়ে গণহারে মানুষ মেরেছিল। এই চার ঘোড়সওয়ারকে ‘মহাদুর্যোগের চার ঘোড়সওয়ার’) বলে উল্লেখ করেছেন।
করোনাভাইরাসের উত্থান, প্রবল গতিতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া, প্রাণহানির সংখ্যা বেড়ে যাওয়া (ইতিমধ্যেই প্রাণহানি ১০ লাখ ছাড়িয়েছে) ইত্যাদির কারণে নাটকীয়ভাবে বৈশ্বিক অর্থনীতিতে ধস নেমেছে। ১৯৩০–এর দশকের ঐতিহাসিক ‘গ্রেট ডিপ্রেশন’–এর পর বড় ধসের মুখে বিশ্বকে আর পড়তে হয়নি। এর ফলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।
যে বড় বড় শক্তি বহুপাক্ষিকতার প্রসার চেয়ে এই সংস্থা প্রতিষ্ঠা করেছিল, সেই শক্তিগুলোই এখন বহুপাক্ষিকতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুপাক্ষিকতার ধারণা থেকে সম্পূর্ণ সরে এসেছেন। তিনি একই পথ অনুসরণ করতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে উসকানি দিচ্ছেন। ট্রাম্প সম্প্রতি বলেছেন, তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিতে চান। এই সংস্থায় তিনি যুক্তরাষ্ট্রের তহবিল সরবরাহ বন্ধ করে দিতে চান। এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সবার স্বার্থ সুরক্ষার যে অঙ্গীকারের মধ্য দিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই অঙ্গীকার থেকে যুক্তরাষ্ট্র সরে এসেছে।
করোনা মহামারি ইউরোপকেও স্বার্থপরতার ‘ভাইরাসে’ সংক্রমিত করেছে। এই মহাদেশটিকে একসময় আঞ্চলিক যুক্ততার ‘পতাকাবাহী’ হিসেবে মনে করা হতো। কিন্তু এই মহামারির কারণে শেনজেন এলাকার এক দেশের নাগরিকের অন্য দেশে অবাধে যাওয়ার সুযোগ থমকে গেছে।
করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ প্রকাশ পাওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তাদের সীমানা আটকে দেয়। চীনের বাইরে প্রথম ভাইরাসটি ধরা পড়ে ইতালিতে। সেখানে প্রবল সংক্রমণ শুরু হলে দেশটি প্রতিবেশী দেশগুলোর কাছে চিকিৎসা সরঞ্জাম সহায়তা চেয়েছিল, কিন্তু ইইউভুক্ত দেশগুলো সেই সহায়তা দিতে প্রথমে রাজি হয়নি। এর মধ্য দিয়ে এই অঞ্চলের মধ্যে যে সংহতি ও পারস্পরিক যুক্ততা ছিল, তাতে চিড় ধরে। বহুপাক্ষিকতার জন্য যে আস্থা থাকা দরকার, তার ঘাটতি এ সময় প্রকাশিত হয়ে পড়ে।
চীন-আমেরিকা উত্তেজনাও বহুপাক্ষিকতার জন্য হুমকি হয়ে পড়েছে। উদারপন্থীরা হুঁশিয়ারি দিচ্ছেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলো যদি জাতিসংঘ থেকে নিজেদের দূরে সরিয়ে রাখে, তাহলে চীন সেই শূন্যস্থান পূরণ করবে এবং চীনের একতরফা প্রভাব বেড়ে যাবে। চীন বহুপাক্ষিকতার কথা বললেও দেশটি তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের মধ্য দিয়ে অসম দ্বিপাক্ষিকতাকেন্দ্রিক মনোভাব প্রকাশ করেছে। এই প্রকল্প জাতিসংঘ পর্ষদের বহুপক্ষীয় দেখভালের মাধ্যমে বাস্তবায়ন না করে চীন তার অংশীদার দেশগুলোকে ঋণের জালে জড়িয়ে ফেলছে এবং দেনাগ্রস্ত দেশগুলোকে দিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করাচ্ছে।
সারা পৃথিবীর ৪০টির বেশি দেশের শান্তি মিশনে জাতিসংঘের ৯৫ হাজার সেনা, পুলিশ ও বেসামরিক কর্মী কাজ করেন। কিন্তু সদস্যদেশগুলো চাঁদা ঠিকমতো দিচ্ছে না। ৮০০ কোটি ডলার চাঁদা বর্তমানে অনাদায়ি রয়েছে। বাজেট ঘাটতির কারণে জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে কাজ করতে বেগ পেতে হচ্ছে। ধনী দেশগুলো বৈশ্বিক স্বার্থকে ছোট এবং জাতীয় স্বার্থকে বড় করে দেখার ফলে এই অবস্থা তৈরি হয়েছে।
এই অবস্থা থেকে বেরিয়ে আসতে না পারলে অচিরেই জাতিসংঘের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
ইংরেজি থেকে অনূদিত, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
শশী থারুর : জাতিসংঘের সাবেক সহকারী মহাসচিব ও ভারতের সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী