নিনিয়ান, জিমি কার্টার, অস্কার ফার্নান্দেজের পর কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যার নিনিয়ান স্টিফেন অস্ট্রেলিয়ার সাবেক গভর্নর জেনারেল। ১৯৯৪-এর শেষ প্রান্তিকে এসেছিলেন বাংলাদেশে। জিমি কার্টার বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের একসময়কার প্রেসিডেন্ট। তিনিও একাধিকবার এসেছেন। তবে আজকের আলোচ্য বিষয় ২০০১ সালের জুলাই-আগস্ট মাসে তাঁর ছয় দিনের সফর। অস্কার ফার্নান্দেজ তারানকো জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল। সবেমাত্র বাংলাদেশ সফর করে গেলেন। তিনজনই সম্মানিত ব্যক্তি। তাঁদের বাংলাদেশ সফরে সবারই আনন্দিত হওয়ার কথা। কিন্তু তাঁরা যেসব কারণে এসেছেন, এগুলো গভীরভাবে বিচার-বিশ্লেষণ করলে কি আদৌ আনন্দিত হওয়া যায়?

১৯৭১ সালে স্বাধীনতার পর দু-দুটো সামরিক শাসন আসে। এ থেকে গণতন্ত্রে  উত্তরণ হয় ১৯৯১-এর নির্বাচনের মাধ্যমে। ১৯৯৫-এর দিকে তদানীন্তন বিরোধী দল আওয়ামী লীগ জাতীয় নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনকে তুঙ্গে নেয়। এর বিপরীতে অনড় অবস্থানে থাকে তখনকার সরকারি দল বিএনপি। গণতান্ত্রিক শাসনব্যবস্থা হুমকির সম্মুখীন হয়। হরতাল-অবরোধে দেশ প্রায় অচল হয়ে পড়ে। বিবদমান দুই পক্ষের মধ্যে আপসের জন্য দেশের সুধীজন অনেক প্রচেষ্টা নেন। কিন্তু সেগুলো সফল হয়নি। সে অবস্থায় কমনওয়েলথ তার সদস্যরাষ্ট্রটির গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখতে অচলাবস্থা নিরসনে মধ্যস্থতা করার সিদ্ধান্ত নেয়। এর মহাসচিব তার বিশেষ দূত হিসেবে পাঠান স্যার নিনিয়ান স্টিফেনকে। তাঁর আন্তরিক ও কঠোর শ্রম সফল হয়নি। শাসক দল একতরফা একটি নির্বাচন করে। কিন্তু আন্দোলনে অচল হয়ে পড়ে সরকারব্যবস্থা। তখন তারাই তড়িঘড়ি করে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে সংযোজন করে দায়িত্ব ছাড়ে।

অতঃপর ১৯৯৬-এর জুনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিজয়ী হয় আওয়ামী লীগ। তারা গঠন করে সরকার। আর মেয়াদ শেষে ২০০১ সালের জুলাইয়ে ক্ষমতা ত্যাগ করে গঠিত হয় আরেকটি তত্ত্বাবধায়ক সরকার। বিভিন্ন কারণে কিছুটা অস্থিরতা দেখা দিলে দেশ-বিদেশে আমাদের গণতন্ত্রের ধারাবাহিকতা সম্পর্কে আশঙ্কিত হন অনেকেই। তখন কার্টার সেন্টারের পক্ষ থেকে এলেন জিমি কার্টার। তিনি সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ-আলোচনা করেন এবং অনেক পরামর্শ দেন। তাঁর প্রতিবেদনে উল্লেখ রয়েছে, বাংলাদেশে গণতান্ত্রিক ধারাবাহিকতায় অন্তরায় দুটো প্রধান দলের মধ্যে বৈরিতা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মতভেদ ও হানাহানি। যা-ই হোক, সেযাত্রা আমরা পাড়ি দিলাম। বিপুল আসনে জয়ী হয়ে বিএনপি-জামায়াত জোট সরকার গঠন করে।

২০০৬-এর শেষে সরকারের মেয়াদ শেষ হওয়ার কথা। গঠিত হবে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু ২০০৪-এ সংবিধানে একটি সংশোধনী এনে বিচারপতিদের চাকরির বয়স বৃদ্ধিসংক্রান্ত একটি সিদ্ধান্ত কাল হয়ে দাঁড়াল। ধরে নেওয়া হয়, একজন বিশেষ ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান করতে এ সংশোধনী আনা হয়েছিল। আবার নির্বাচন কমিশনেও কতিপয় বিতর্কিত নিয়োগ এবং তাঁদের কিছু কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়ে পড়ল। হরতাল-অবরোধ আসতে থাকল বিরোধী দলের পক্ষ থেকে। সবকিছু উপেক্ষা করে তদানীন্তন রাষ্ট্রপতি নিজে তত্ত্বাবধায়ক সরকারপ্রধানের দায়িত্ব নেন। তাঁর কার্যক্রম পূর্বেকার সরকারেরই ছায়া দৃশ্যমান হতে থাকে। নির্বাচন কমিশনও নিজেদের স্বাধীন সত্তা তুলে ধরে সবার আস্থা অর্জনে সক্ষমতার পরিচয় দেয়নি। এবারে স্যার নিনিয়ানরা কেউ এলেন না। তবে এ দেশে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা দিন-রাত প্রচেষ্টা চালালেন একটি আপসের। ফল হলো না। এল এক-এগারো। দুই বছরের জন্য গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ছন্দপতন ঘটল সামরিক হস্তক্ষেপে। তবে সামনে রইল নতুন একটি বেসামরিক সরকার তত্ত্বাবধায়ক সরকার নামেই।

সে সরকারের সময়ে কতিপয় প্রতিষ্ঠানসহ নির্বাচন কমিশন পুনর্গঠিত হয়। সংস্কার আসে নির্বাচনী আইন ও বিধিবিধানে। তৈরি হয় সারা দেশের সব ভোটারের ছবিযুক্ত ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র। ২০০৮-এর ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত মহাজোট মহাবিজয় লাভ করে ৬ জানুয়ারি, ২০০৯ সরকার গঠন করে। সংবিধানে নির্বাচনকালীন সরকারব্যবস্থার বিধানটি নিয়ে তেমন রাজনৈতিক বিতর্ক ছিল না। প্রায় সব দলেরই অবস্থান ছিল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পক্ষে। এমনকি সংবিধান সংশোধন-সংক্রান্ত জাতীয় সংসদের কমিটির কাছেও রাজনৈতিক দলগুলোর বক্তব্য তা-ই ছিল। তবে জনৈক ব্যক্তির এতৎসংক্রান্ত একটি রিট আবেদন হাইকোর্ট বিভাগে খারিজ হলেও আপিল বিভাগের বিভক্ত রায়ে তা মঞ্জুর করা হয়। বলা হয়, অনির্বাচিত সরকার অসাংবিধানিক। তবে তাঁদের প্রথম সংক্ষিপ্ত আদেশে আগামী দুটো সংসদ নির্বাচন এ ধরনের সরকারের অধীনে করা যায় বলে মতামত ছিল। কিন্তু সরকার এর সুদূরপ্রসারী প্রভাব সম্পর্কে কোনো গুরুত্ব না দিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল নিশ্চিত করল। দেশ যাত্রা শুরু করল আরেকটি অনিশ্চিত গন্তব্যে।

প্রধান বিরোধী দলের নেতৃত্বে গঠিত জোট দাবি করছে নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত তারা সংসদ নির্বাচনে অংশ নেবে না। পক্ষান্তরে সরকারি দল বলছে, সংবিধানে নির্দেশিত সরকারপদ্ধতি অনুসরণ করে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সে বিধান অনুসারে তখন সরকারই ক্ষমতায় থাকার কথা। অবশ্য তাদের পক্ষ থেকে কোনো কোনো সময়ে বলা হচ্ছে, সে সরকার অন্তর্বর্তীকালীন। আবার সময়ে সময়ে এটাও বলা হচ্ছে, সে সরকারে অন্যান্য দলের অংশগ্রহণও থাকতে পারে। এ নিয়ে সংবিধান সংশোধনের পর থেকে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে। হরতাল-অবরোধ আর হিংসাত্মক কার্যকলাপে হতাহত হচ্ছে অনেক। এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট হয় এমন কিছু বিষয়, যার রেশ ধরে আন্দোলন ও সংঘাতে আরও ঘোলাটে হয় পরিস্থিতি। গণতান্ত্রিক অগ্রযাত্রার ভবিষ্যৎ সম্পর্কে কেউ কেউ সংশয়বাদী হয়ে উঠছেন। বন্ধুপ্রতিম দেশগুলোও উৎকণ্ঠিত। সহিংস পথ পরিহার করে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পরামর্শ দিয়ে যাচ্ছেন তাদের রাষ্ট্রদূতেরা।

মাঝেমধ্যে আলোর রশ্মি দেখা দেয় সংলাপের সংবাদে। কিন্তু তার পরপরই শর্ত ও পাল্টা শর্তে সেই আলো মিলিয়ে যায় গভীর অন্ধকারে। এক চরম অনিশ্চয়তা ও ব্যাপক সহিংসতার মধ্যে এবারে সমাধানের প্রচেষ্টায় অগ্রণী হলেন জাতিসংঘের মহাসচিব। তিনি বিবদমান সব পক্ষকে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য জোর তাগিদ দিয়ে যাচ্ছেন। পাঠালেন বিশেষ দূত হিসেবে সে সংস্থার সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোকে। চার দিনব্যাপী তাঁর সফরকালে কিছুটা বরফ গলতে শুরু করার লক্ষণ দেখা গেল। কিন্তু তাঁর প্রস্থানের পরপরই পরিস্থিতি পূর্ববৎ। কিন্তু জনগণ চায় ধারাবাহিক গণতান্ত্রিক শাসনব্যবস্থা। চায় রাজনৈতিক নেতারা নিজ থেকেই যেকোনো রাজনৈতিক সমস্যা সমাধান করবেন। যেমনটা করেন অন্য গণতান্ত্রিক দেশগুলোর নেতারা।

এ ক্ষেত্রে পুনঃপুন ব্যর্থতা এবং বিদেশি বন্ধুদের সহায়তার আবশ্যকতা আমাদের স্বাধীন সত্তা ও গণতান্ত্রিক ব্যবস্থা পরিচালনার সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে। অথচ আমাদের স্বাধীনতা আন্দোলনের প্রধান চেতনা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা। প্রত্যাশা ছিল স্বাধীন বাংলাদেশের গণতন্ত্র স্থায়ী ও ধারাবাহিকভাবে সমৃদ্ধ হবে। কিন্তু আমরা কি চলছি সে পথ ধরে? শুধু জেদ ছেড়ে কিছু কিছু ছাড় দিলেই বিভ্রাট বড় হয় না। আর কথায় কথায় স্যার নিনিয়ানদের ছুটে আসতে হয় না। 

সাম্প্রতিক সংলাপের যে উদ্যোগ, তাতে শর্ত জুড়ে দিয়ে কিংবা সহমর্মিতার প্রমাণ না রাখলে এটা সফল হওয়ার বিষয়টি অনিশ্চিত থাকবে। আনুষ্ঠানিক প্রস্তাব এখনো যায়নি। কিন্তু বলা হচ্ছে, অনির্বাচিত কেউ নির্বাচনকালীন সরকারে থাকতে পারবেন না। অথচ পঞ্চদশ সংশোধনীর পরও মন্ত্রিসভার সদস্যসংখ্যার ১০ শতাংশ অনির্বাচিতদের মধ্য থেকে নেওয়া যায়। আছেনও। আবার সরকারের রুলস অব বিজনেসে প্রধানমন্ত্রীকে সহায়তা করার জন্য উপদেষ্টা নিয়োগের বিধানও আছে। বর্তমান উপদেষ্টাদের সবাই অনির্বাচিত। আর এ বিষয়গুলোর অনুসরণও নির্বাচনকালীন সরকার গঠনে কেন করা যাবে না, তা বোধগম্য নয়।

সহমর্মিতা প্রশ্নে বলা চলে, সংলাপকে সামনে রেখে সরকারের বিরোধী দলের নেতা-কর্মীদের ছোটখাটো কারণ বা অকারণে হয়রানি করা থেকে বিরত থাকা উচিত। তাঁদের আইনানুগ কোনো কর্মসূচিতে প্রতিবন্ধকতার সৃষ্টি করলেও সংলাপের পরিবেশ বিঘ্নিত হবে। তেমনি বিরোধী দল যেকোনো কারণেই সংলাপ সামনে রেখে হরতাল-অবরোধজাতীয় কর্মসূচি দিলে তা-ও পরিবেশের বিঘ্নই ঘটাবে। উভয় পক্ষই সংযমী ও আন্তরিক হয়ে সফল সংলাপের মাধ্যমে সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে। নির্বাচনকালীন সরকারপদ্ধতি কী হবে, তা তারা স্থির করতে পারে। এমনই একটি অবস্থায় পৌঁছতে হবে, যাতে সব দলের অংশগ্রহণে একটি পক্ষপাতহীন নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়। উল্লেখ করা প্রাসঙ্গিক হবে যে এ ধরনের পরিবেশে অনুষ্ঠিত সব কটি নির্বাচনে গঠিত সংসদ মেয়াদ পুরো করেছে। এবারের সংসদও করবে, এমনটাই আশা করা যায়। আর দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত কোনো নির্বাচনে গঠিত সংসদ মেয়াদ পুরো করতে পারেনি। বিষয়টি শুধু কাকতালীয় বলে উপেক্ষা করা সমীচীন হবে না।

তবে কীভাবে সংকট থেকে উত্তরণ ঘটাবেন, তা ঠিক করতে হবে নেতাদেরই। সমঝোতার রাস্তায় যেতে এবার প্রভাব রেখেছেন জাতিসংঘের মহাসচিব। এভাবে নিজেদের ঘরের বিষয় মীমাংসায় আর কতকাল আমরা অন্যদের ওপর নির্ভরশীল থাকব? আর কেই-বা আসবে এ ধরনের বিপরীত মেরুতে অবস্থানকারী উভয় পক্ষকে একটি মেরুতে আনতে? তাদেরও তো মান-মর্যাদা আছে। আছে সময়ের মূল্য।

 আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।