নিন্দা জানাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের গণতন্ত্রের অভিযাত্রা প্রতিহত করতে গিয়ে সরকার যে দেশের মানুষকেই বড় ধরনের প্রতিরোধের মুখে ফেলে দিয়েছে, সে বিষয়ে সন্দেহ নেই। কয়েক দিন ধরে দেশের অন্যান্য স্থান থেকে রাজধানীকে প্রায় বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এর পক্ষে সরকার বিরোধী দলের নাশকতার দোহাই দিলেও গত রোববার সুপ্রিম কোর্ট চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রচ্ছায়ায় সরকারি দলের একশ্রেণীর নেতা-কর্মী আইনজীবীদের ওপর ঘৃণ্য ও বর্বরোচিত হামলা চালিয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
বিরোধী দলের কর্মসূচির প্রথম দিনে সরকারদলীয় নেতা-কর্মীরা সুপ্রিম কোর্ট চত্বরে ঢুকে আইনজীবীদের ওপর কেবল হামলাই চালাননি, নারী আইনজীবীকে কিল-ঘুষি, লাথি মেরে রাস্তায় ফেলে দিয়েছেন, তাঁর পোশাক ছিঁড়ে ফেলেছেন। প্রথম আলোর ছবিতে দেখা যায়, একদল বেপরোয়া যুবক একজন নারী আইনজীবীকে রাস্তায় ফেলে দিয়ে লাঠিপেটা করছেন। একইভাবে সরকারি দলের সমর্থকদের হাতে লাঞ্ছিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাবেশেও হামলার ঘটনা ঘটেছে। এরাই নাকি গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার রক্ষক!
সুপ্রিম কোর্ট চত্বরে রাজনৈতিক সভা-সমাবেশ করা বেআইনি। এ ব্যাপারে সর্বোচ্চ আদালতের নিষেধাজ্ঞা আছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মিছিল-সমাবেশ করলে তাঁদের বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা নিতে পারে। কিন্তু সেই সুপ্রিম কোর্ট চত্বরে বিরোধী দলের সমর্থকেরা সমাবেশ করলে সরকারি দলের কর্মীরা তাঁদের ওপর মাস্তানি করতে পারেন না। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, আইনজীবীদের সমাবেশে বিরোধী দলের নেতারাও যোগ দিয়েছেন। বিরোধী দলের নেতারা আইনজীবীদের সমাবেশে যোগ দিলেই কী তাঁদের ওপর হামলা করতে হবে? সরকারি দলের সমর্থকদের হাতে যে নারী নিগৃহীত ও লাঞ্ছিত হয়েছেন, তিনি বহিরাগত নন, সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
গণতন্ত্র, সংবিধান, মুক্তিযুদ্ধের চেতনা—সবকিছু সভ্য মানুষের জন্য। কিন্তু যাঁরা প্রকাশ্য রাজপথে নারীদের লাঠিপেটা করেন, সেই অসভ্যদের হাতে যে এর কোনোটাই নিরাপদ নয়, সেই সত্যটি ক্ষমতাসীনদের বুঝতে হবে। বিরোধী দলের নৈরাজ্য ঠেকাতে সরকারি দলের নেতা-কর্মীরা যে দুই দিন ধরে রাজধানীতে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছেন, তার জবাব কী?
এই ন্যক্কারজনক ঘটনার পর আমরা আশা করেছিলাম, সরকারি দলটির পক্ষ থেকে অনুশোচনা করা হবে। কিন্তু সেই অনুশোচনার বদলে পরদিন দ্বিগুণ উৎসাহ নিয়ে সুপ্রিম কোর্ট এলাকায় প্রতিবাদ সমাবেশ করেছেন তাঁরা। শান্তিপূর্ণ প্রতিবাদ-সমাবেশ করার অধিকার নিশ্চয়ই তাঁদের আছে। কিন্তু তাই বলে অন্যের সভা-সমাবেশের ওপর হামলা চালাতে পারেন না।
সরকার যদি সত্যি সত্যি আইনের শাসনে বিশ্বাসী হয়, যদি নারী নির্যাতকদের বিরুদ্ধে কঠোর হয়, তাহলে পত্রিকায় প্রকাশিত ছবি দেখে দেখে অপরাধীদের শনাক্ত করে তাঁদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। বিশ্বজিৎ হত্যাকারীদের চেয়ে এঁদের অপরাধও কোনো অংশে কম নয়।