নিমসার বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ক্যান্টনমেন্টের কয়েক কিলোমিটার পশ্চিমে নিমসার বাজারটি অবস্থিত। নিমসার বাজার বাংলাদেশের বৃহত্তম তরকারির বাজার। ঢাকা-চট্টগ্রামের মতো ব্যস্ততম মহাসড়কের ওপরই প্রতিদিন বাজারটি বসে। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন শত শত ট্রাক, লরি তরকারি নিতে নিমসার বাজারে আসে এবং এখান থেকে বিভিন্ন তরকারি দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যায়।
যেখানে-সেখানে বাস-ট্রাক রাখার ফলে এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়। এবং তাতে যাত্রীসাধারণের দুর্ভোগের অন্ত থাকে না। ঘণ্টার পর ঘণ্টা যাত্রীদের এখানে অপেক্ষা করতে হয়। দেশের আমদানি-রপ্তানির ক্ষেত্রে বলতে গেলে প্রয় পুরোটাই এ মহাসড়কের মাধ্যমে হয়ে থাকে। যানজট অর্থনীতির ক্ষেত্রেও বিরূপ প্রভাব ফেলে।
এ মহাসড়কসংলগ্ন রয়েছে ঐতিহ্যবাহী নিমসার জুনাব আলী কলেজ। স্থানীয় প্রভাবশালী তরকারি ব্যবসায়ীরা কলেজের দেয়ালসংলগ্ন আড়ত তৈরি করে কলেজের প্রধান গেট বন্ধ করে দিয়েছেন। ছাত্রছাত্রীদের অন্য এক বিকল্প রাস্তা দিয়ে কলেজে যাওয়া-আসা করতে হয়। আড়তগুলোর কারণে কলেজটি পুরোপুরি দেখা যায় না এবং কলেজের শিক্ষার পরিবেশও দারুণভাবে ব্যাহত হচ্ছে এবং কলেজটির সৌন্দর্যহানি ঘটেছে।
কলেজ কর্তৃপক্ষ ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে আছে। কলেজসংলগ্ন এসব আড়ত উচ্ছেদ করে বাজারটি রাস্তার দক্ষিণ পাশে খাসজমিতে স্থানান্তর করে কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে এবং মহাসড়কের যানজট নিরসন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়টির প্রতি দৃষ্টি দেবেন কী?
সফিক উদ্দিন আহমেদ, কুমিল্লা।