নিরাপদ খাদ্যের নিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু সেমাই, সামান্য মিষ্টিমুখ ছাড়া ঈদে অতিথি আপ্যায়ন হয় না। কিন্তু যখন দেখা যায় চট্টগ্রাম নগরের রাজাখালী ও খাতুনগঞ্জ এলাকায় ৫০টিরও বেশি কারখানায় ব্যস্ত ঈদের মৌসুমে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি হচ্ছে এবং ভালো-মন্দ দেখার কেউ নেই, সত্যিই আতঙ্কিত হতে হয়।
প্রথম আলোয় প্রকাশিত ছবিতে দেখা যায়, শনিবার সেখানে এক শ্রমিকের গায়ের ঘামে সেমাই মাখামাখি হয়ে যাচ্ছে। এই সেমাইই আমরা বাজার থেকে বেশ চড়া দামে কিনে খাই। এর আগে, বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে পুলিশ তিনটি সেমাই কারখানা বন্ধ করে দিয়েছে। সেখানেও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছিল। ভেজাল খাদ্যে ছেয়ে গেছে সারা দেশ।
বিশ্বের যেকোনো সভ্য দেশে অন্তত নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য আইনকানুন ও তার সুষ্ঠু প্রয়োগের নিশ্চয়তা দেওয়া হয়। সরকারের ন্যূনতম দায়িত্ব হলো নাগরিকদের খাদ্যপ্রতারকদের হাত থেকে রক্ষার সুব্যবস্থা করা। এ জন্য মানুষ কর দেয়। তার পরও যদি খাদ্যের বাজার কিছু মুনাফালোভী ব্যবসায়ীর হাতে ছেড়ে দেওয়া হয়, মানুষ ভরসা পাবে কোথায়?
খাদ্যে ক্ষতিকর রাসায়নিক, মাত্রাতিরিক্ত হরমোন ও অ্যান্টিবায়োটিক, কীটনাশক প্রয়োগ বা স্বাস্থ্যহানিকর রং মেশানো হয়। শাকসবজি, মাছ-গোশত, রুটি-মাখন-দুধ—সবকিছুই পরীক্ষার দাবি রাখে। বিভিন্ন কারখানা ও দোকানপাটে নিয়মিত অভিযান চালিয়ে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারকে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করতে হবে। তবে দায়িত্বশীলতার সঙ্গে অভিযান পরিচালিত হওয়া একান্ত প্রয়োজন। তা না হলে হিতে বিপরীত হতে পারে। বাড়াবাড়ির কারণে অতীতে ফল ব্যবসায়ীরা ধর্মঘট করেছেন। শেষ পর্যন্ত মাঝপথে অভিযান বন্ধ করতে হয়েছে।
ভেজাল খাদ্যের কারণে ক্যানসার, কিডনি বিকল সবকিছুই হতে পারে। মানুষকে অন্তত এটুকু নিশ্চয়তা দিতে হবে যে বাজারের খাদ্য নিরাপদ।