নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের ছেলেমেয়েরা রাস্তায় নেমে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে, দেশের জনপরিবহনের গলদগুলো কোথায় এবং কীভাবে সেসব গলদ দূর করা সম্ভব। ৯০ শতাংশ মানুষ ট্রাফিক আইন মানে না—এই কথা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মুখে উচ্চারিত হওয়ার আগেই স্কুল-কলেজের ছেলেমেয়েরা ঢাকার রাস্তায় দেখিয়ে দিয়েছে, কীভাবে ট্রাফিক আইন ভঙ্গ করা হয় এবং কীভাবে তার প্রতিকার করা সম্ভব। লেন ভেঙে এলোমেলোভাবে যানবাহন চালানো, পরস্পরকে ডিঙিয়ে আগে যাওয়ার চেষ্টা, উল্টো পথে যাওয়া—এসব বেআইনি ও বিপজ্জনক প্রবণতা ত্যাগ করলে সড়কের শৃঙ্খলা ও নিরাপত্তা যে অনেকটাই ফেরানো সম্ভব, তা তারা প্রত্যক্ষভাবে দেখিয়ে দিয়েছে।
কিন্তু দুঃখের বিষয়, ছেলেমেয়েরা ঘরে ফিরে যাওয়ার পর সড়কের বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতা সেই আগের অবস্থায় ফিরে গেছে। ইতিমধ্যে ঘটা করে ট্রাফিক সপ্তাহ শুরু করা হয়েছে, কিন্তু ট্রাফিক ব্যবস্থার কোনো উন্নতি হয়নি। বরং তীব্র যানজট ও ভীষণ বিশৃঙ্খলায় মানুষের চলাচল মন্থর হয়ে পড়েছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্যে ট্রাফিক পুলিশের কঠোর তৎপরতা ফলপ্রসূ হচ্ছে না; হাজার হাজার মামলা ও জরিমানা করেও পুলিশ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারছে না।
গতকাল প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ট্রাফিক আইন অমান্য করার দায়ে রাজধানী ঢাকায় আট দিনে প্রায় ৬৫ হাজার মামলা করা হয়েছে। শুধু মোটরসাইকেলের চালকদের বিরুদ্ধেই মামলা হয়েছে প্রায় ৩৪ হাজার। এ থেকেই পরিষ্কার হয়, ট্রাফিক আইন ভঙ্গ করার প্রবণতা কত ব্যাপক। সবচেয়ে বেশি লক্ষণীয় হলো উল্টো পথে যানবাহন চালানোর প্রবণতা; এই অভিযোগে ৫ হাজার ৭৫২টি মামলা করা হয়েছে। যে শহরের বাসিন্দাদের মধ্যে উল্টো পথে যানবাহন চালানোর প্রবণতা এত ব্যাপক, সেখানে সড়কের নৈরাজ্য ও নিরাপত্তাহীনতা দূর করা অত্যন্ত কঠিন। কারণ, উল্টো পথে যানবাহন চালানো যে বেআইনি ও বিপজ্জনক—এই ন্যূনতম দায়িত্ববোধ বিপুলসংখ্যক মানুষের নেই। উপরন্তু ক্ষমতাবান মানুষদের একটা অংশ মনে করে, ট্রাফিক আইন তাদের জন্য প্রযোজ্য নয়, সুতরাং উল্টো পথে যান চালানোয় তারা দ্বিধাবোধ করে না। আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা অনেক ক্ষমতাবান মানুষকেও উল্টো পথে যান চালানো থেকে বিরত করেছে।
শিক্ষার্থীদের আন্দোলনের চাপে পরিবহন আইন সংশোধন করে চালকদের সাজা বৃদ্ধি, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাফিক আইন কার্যকরভাবে প্রয়োগ করার তাগিদও সৃষ্টি হয়েছে বলে লক্ষ করা যাচ্ছে। কিন্তু জনসাধারণের দৃষ্টিভঙ্গি ও অভ্যাসে এই আন্দোলনের ইতিবাচক প্রভাব পড়েছে—এমন লক্ষণ বাস্তবে দেখা যাচ্ছে না। জনসাধারণের বোধোদয় হয়ে থাকলে পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে হাজার হাজার মামলা ও জরিমানা করার সুযোগ পেত না।
গত রোববার দুপুরে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে উল্টো পথে মোটরসাইকেল চালানোয় এক যুবককে বাধা দেওয়া ও মামলা করার পর
ট্রাফিক পুলিশের পাঁচজন সদস্য শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। মোটরসাইকেলটির যুবক আরোহী দলবল নিয়ে পুলিশ বক্সে আক্রমণ চালিয়েছেন। পুলিশ তাঁদের কয়েকজনকে আটক করেছিল, কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ট্রাফিক আইন কার্যকর করার একটা বড় প্রতিবন্ধকতার দৃষ্টান্ত এই ধরনের ঘটনা। এর জন্য সাধারণ মানুষ দায়ী নয়; দায়ী রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি ও গোষ্ঠীর সদস্যরা। তাঁদের ক্ষেত্রে আইন প্রয়োগের বাধা দূর করার দায়িত্ব সরকারের রাজনৈতিক নেতাদের।
তবে বিপুলসংখ্যক সাধারণ মানুষকেও ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস করতে হবে। এ বিষয়ে দায়িত্ববোধ ও সচেতনতা বাড়াতে হবে। সড়ক নিরাপদ হতে পারে সবার মিলিত প্রচেষ্টায়।