গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করা হয়েছে। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত তাঁর স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর দিনটিকে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করে আসছিলেন বহু বছর ধরে। তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন আরও অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান। সরকারি ঘোষণার মাধ্যমে সেই বেসরকারি উদ্যোগের স্বীকৃতি মিলল। এটি ভালো পদক্ষেপ।
কিন্তু এই ঘোষণা সড়কপথে মানুষের যাত্রা নিরাপদ করবে কি না, তা নির্ভর করছে সড়ক দুর্ঘটনা বন্ধে সরকার কী কী কার্যকর ব্যবস্থা নেয়, তার ওপর।
সরকারের পক্ষ থেকে যখন জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের ঘোষণা এল, তখনই প্রথম আলোর খবর—‘১১৪ দিনে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২ জন’। এটি পুলিশের দেওয়া তথ্য। এর বাইরেও অনেক দুর্ঘটনা ঘটে। পুলিশের হিসাব অনুযায়ী, ২০১৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় মারা গেছে ২ হাজার ৩৭৬ জন। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে এই সংখ্যা ২১ হাজারের বেশি। এসব দুর্ঘটনার মূলে রয়েছে যানবাহনের অত্যধিক গতি, চালকের বেপরোয়া মনোভাব ও সড়কের কাঠামোগত দুর্বলতা।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মহোদয় সম্প্রতি জাতীয় সংসদে বলেছেন, কোনো সংস্থা সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়িয়ে বলেছে। দুর্ঘটনার সংখ্যা বাড়িয়ে বলা যেমন কাম্য নয়, তেমনি সমস্যাটি উপেক্ষা করারও সুযোগ নেই। মন্ত্রী যদি সংখ্যার বিতর্কে না গিয়ে দুর্ঘটনা রোধে কী কী ব্যবস্থা নিয়েছেন এবং তাতে কী সুফল পাওয়া গেছে, সেটি জানাতেন, দেশবাসী আশ্বস্ত হতে পারত। যানবাহনে প্রশিক্ষিত চালক নিয়োগ, সুষ্ঠু সড়ক ব্যবস্থাপনার পাশাপাশি কাঠামোগত দুর্বলতা কাটিয়ে উঠতে পারলে দুর্ঘটনার সংখ্যা অনেক কমিয়ে আনা যেত।
সড়ক দুর্ঘটনা রোধে সড়ক পরিবহন আইনের খসড়া মন্ত্রিসভায় পাস হলেও জাতীয় সংসদে উত্থাপন করা হয়নি। পরিবহন মালিক ও শ্রমিকেরা আইনটির বিরোধিতা করছেন বলে গণমাধ্যমে খবর এসেছে। এই খাতে কোনো আইন করতে গেলেই দুষ্টচক্র ‘গেল’ ‘গেল’ বলে রব তোলে। সড়কপথ নিরাপদ করতে হলে এই পরিস্থিতির অবসান ঘটাতেই হবে।