আগামী সংসদ নির্বাচনকালীন সরকারপদ্ধতি কী হবে, তা নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যকার বিতর্কের সুরাহা হয়নি বলে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতি গ্রহণে ঘাটতি থাকার সুযোগ নেই। কারণ, নবম জাতীয় সংসদের মেয়াদ নিশ্চিতভাবেই শেষ হবে নির্দিষ্ট তারিখে: ২০১৪ সালের ২৪ জানুয়ারি। এই তারিখের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা সাংবিধানিক বাধ্যবাধকতা। ফলে, জানুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি সামনে রেখে নির্বাচন কমিশনকে সব প্রস্তুতি নিতে হবে। কিন্তু পত্রপত্রিকায় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে প্রতীয়মান হচ্ছে, নির্বাচনের ব্যাপারে কমিশনের প্রস্তুতি নেই। এমনকি নির্বাচন কমিশনাররা এ সম্পর্কে অনেক কিছুই জানেন না।
যেমন, শুক্রবারের প্রথম আলোর প্রধান প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী জানুয়ারির তৃতীয় সপ্তাহে নির্বাচন হতে পারে। কিন্তু নির্বাচন কমিশনার আবদুল মোবারক প্রথম আলোকে বলেছেন, এমন কথা তিনি এই প্রথম শুনলেন। এ বিষয়ে কমিশনের বৈঠকে কোনো আলোচনা হয়নি। আরেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেছেন, তিনিও এ বিষয়ে কিছু জানেন না। কমিশনের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়নি।
২০১২ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নিয়ে বর্তমান নির্বাচন কমিশন দেড় বছরে কী কাজ করেছে, এই প্রশ্ন তুলতে হয়। দায়িত্ব নেওয়ার পরই কমিশন দশম সংসদ নির্বাচনের জন্য একটি কর্মপরিকল্পনা গ্রহণ করে। সে পরিকল্পনার একটি অংশ ছিল নির্বাচনসংক্রান্ত আইন বা গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংস্কারের জন্য রাজনৈতিক দল, গণমাধ্যম ও বিশেষজ্ঞদের সঙ্গে কমিশনের আলোচনায় বসার কথা ছিল গত বছরের অক্টোবরে। কিন্তু কোনো আলোচনা হয়নি। বরং কমিশন এককভাবেই আইন সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেটাও এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি।
আইনটি সংশোধিত আকারে পাস হওয়ার পরও অনেক কাজ করতে হবে: সংশোধিত আইনের আলোকে নির্বাচনী আচরণবিধি ও নির্বাচন পরিচালনাবিধি সংশোধন করতে হবে। আইন সংশোধন বাকি থাকায় এই কাজগুলোও রয়ে গেছে। এ ছাড়া নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও ভোটার তালিকা ছাপার কাজও শেষ করা হয়নি। তা ছাড়া নির্বাচনসংশ্লিষ্ট বিভিন্ন ফরম, নির্বাচন পরিচালনা নির্দেশিকাসহ বিভিন্ন নির্বাচনী উপকরণ ছাপা, সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার কাজও বাকি রয়েছে।
নির্বাচন কমিশনের এত বিপুল কাজ অসম্পন্ন থাকার কী যুক্তিসংগত কারণ থাকতে পারে? নির্বাচনকালীন সরকারপদ্ধতি নিয়ে বিতর্কজনিত অনিশ্চয়তা তো অজুহাত হিসেবে গ্রহণযোগ্য হতে পারে না। নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। তার কাজ প্রাতিষ্ঠানিক, নিয়মিত এবং তা কোনোভাবেই রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়। সংবিধানের বেঁধে দেওয়া সময় বিবেচনায় রেখে সব কাজ যথাসময়ে সম্পন্ন করা না হলে, দিনে দিনে জমে ওঠা বিপুল কর্মযজ্ঞ শেষ মুহূর্তে একসঙ্গে করতে গেলে লেজেগোবরে অবস্থার সৃষ্টি হবে। সে পরিস্থিতি প্রত্যাশিত নয়।