নির্বাচন কমিশনের পরনির্ভরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক লেখক একবার আক্ষেপ করে বলেছিলেন যে আকাশের দিকে তাকিয়ে থেকে তাঁর চোখ ব্যথা করেছিল। কিন্তু তিনি একগাছি কালো কেশও খুঁজে পাননি। কেবল কালো মেঘ ঠাহর করেছেন। বর্তমান নির্বাচন কমিশন (ইসি), যার ২৭ অক্টোবরেই ভোট গ্রহণে সম্পূর্ণরূপে সক্ষম থাকার কথা—তাদের সব ব্যাপারে সরকারের দিকে তাকিয়ে থাকাটা লজ্জাজনক। সরকারের অবয়বে কী দেখতে চায় কমিশন? তাদের যান্ত্রিক উত্তর, বিরোধী দলকে নির্বাচনে আনা তাদের কর্তব্যের মধ্যে পড়ে না। তাহলে নির্বাচনটি তারা কি কেবল সরকারি দলকে নিয়েই করবে?
সংবিধানের ১২৬ অনুচ্ছেদ বলেছে, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী লোকবল সরবরাহ করা নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হবে। বলার অপেক্ষা রাখে না যে নির্বাচন কমিশন বিতর্কিত হতে চলেছে, এই ১২৬ অনুচ্ছেদ প্রয়োগ না করার জন্য। হাবভাবে মনে হচ্ছে, তারা একটি ফরমায়েশি নির্বাচন অনুষ্ঠান করতেই উদগ্রীব। কিন্তু এর পরিণাম কী হবে, তা কি কমিশন একবারও ভেবে দেখেছে?
নির্বাচন কখন হবে, সেই বিষয়ে কমিশনের উচিত ছিল আগেই সংসদ নেতার কাছে চিঠি দেওয়া। ভারতীয় লোকসভা রেখে কীভাবে লোকসভা নির্বাচন হয়, সে বিষয়ে সংসদে আলোচনাও হয়েছে। অথচ নির্বাচন কমিশন প্রতিবেশী দেশের রেওয়াজ অনুসরণেও উদ্যোগী নয়। সরকারি দল ধূম্রজাল সৃষ্টি করে রেখেছে, যাতে কেউ বুঝতে না পারে যে আগামী নির্বাচনটি কখন ও কীভাবে হবে। সে ক্ষেত্রে নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব ও কর্তব্যবোধ থেকে বিস্মৃত হওয়া চলবে না। নির্বাচনের সব প্রতিযোগীর জন্য সমান সুযোগ তৈরি করতে হবে।
সরকারি দল ‘সংবিধান অনুযায়ী’ নির্বাচন করার ঘোষণা দিচ্ছে। অথচ সংবিধানের ব্যাখ্যায় তারা নির্দিষ্ট নয়। এর আগে সংসদ নেতা ২৪ অক্টোবরের মধ্যে সংসদ ভেঙে দেওয়ার কথা বলেছিলেন। এখন স্পিকার বলছেন, ২৪ অক্টোবরে ভাঙা সম্ভব নয়। কারণ, আরপিও সংশোধন বিল পাস হয়নি। সরকারি দল যদি এই আরপিও পাস করাতে সংসদের মেয়াদের শেষ দিন পর্যন্ত সময় নেয়, নির্বাচন কমিশন কি তা মেনে নেবে? সে ক্ষেত্রে তো সংবিধানে নির্দেশিত তারিখের মধ্যে নির্বাচন করা সম্ভব হবে না।
নির্বাচন ছাড়া ক্ষমতায় টিকে থাকার দুরভিসন্ধি রাজনৈতিক দলের থাকতে পারে। আমাদের কথা হলো, নির্বাচন কমিশন কেন তার অংশীদার হবে? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনের প্রতি জনগণের যে আস্থা ও বিশ্বাস থাকার কথা, তা ইতিমধ্যে তারা অনেকটা খুইয়ে ফেলেছে। এখন তাদের কর্তব্য হবে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পাশাপাশি সেই নির্বাচন যাতে সবার অংশগ্রহণে হতে পারে, সেই পরিবেশ তৈরি করা। এ ক্ষেত্রে সরকারি দল বা অন্য কেউ বাধা হয়ে দাঁড়ালে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদকে দেশবাসী টি এন সেশনের ভূমিকায়ই দেখতে চায়, কেএম সাদেক বা এম এ আজিজের ভূমিকায় নয়।