
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন নির্বাচন হবে আগামী ২৭ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে। কারণ হিসেবে বহু সংবাদমাধ্যম বলেছে সংবিধানে বলা আছে যে সরকারের মেয়াদ পূর্তির শেষ নব্বই দিনের মধ্যে নির্বাচন হতে হবে।
স্পষ্টত সবাই ধরে নিচ্ছেন—ধারণা করছি খোদ প্রধানমন্ত্রীসহ যে সংবিধানের কোনো এক অনুচ্ছেদে বলা আছে এ দেশের সরকারের মেয়াদ পাঁচ বছর। ২ সেপ্টেম্বর সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সূত্র ধরে প্রথম আলোসহ অন্য আরও যে তিনটি পত্রিকা পড়েছি, সবাই একই প্রতিবেদন করেছে। অর্থাৎ সরকারের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন হবে।
অধমের কাছে যে সংবিধান আছে সেটার চতুর্থ ভাগের শিরোনাম হলো ‘নির্বাহী বিভাগ’। এই চতুর্থ ভাগের শুরু ৪৮ অনুচ্ছেদ থেকে। ৪৮ থেকে ৫৪ অনুচ্ছেদ হলো রাষ্ট্রপতিসংক্রান্ত। তারপর নির্বাহী বিভাগসংক্রান্ত এই চতুর্থ ভাগের দ্বিতীয় পরিচ্ছেদ। এই দ্বিতীয় পরিচ্ছেদে কুল্যে চারটি অনুচ্ছেদ—৫৫ থেকে ৫৮। এই চারটি অনুচ্ছেদের শিরোনাম হলো ‘প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা’।
সংবিধানের ‘নির্বাহী বিভাগ’-সংক্রান্ত এই চতুর্থ ভাগে প্রথমে রাষ্ট্রপতি, পরে ‘প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা’, তার ‘স্থানীয় শাসন’ (৫৯ ও ৬০ অনুচ্ছেদ) আর আরও চারটা অনুচ্ছেদ (৬১, ৬২, ৬৩, ৬৪) যেগুলোর বিষয়বস্তু হলো প্রতিরক্ষা বিভাগ, যুদ্ধ ঘোষণা ও অ্যাটর্নি জেনারেল। তারপর ৬৫ অনুচ্ছেদ থেকে সংবিধানের পঞ্চম ভাগ, অর্থাৎ ‘আইন সভা’ বা সংসদ।
একদম অ আ ক খ র মতো বলছি তার কারণ প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাসংক্রান্ত যে চারটি অনুচ্ছেদ (৫৫ থেকে ৫৮) সেগুলোর কোথাও সরকারের বা প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার বা মন্ত্রীদের মেয়াদ পাঁচ বছর—এই বিধান তো খুঁজে পাইনি।
বুঝিল কেমনে যে সরকারের মেয়াদ পাঁচ বছর এবং সেই পাঁচ বছর শেষ হবে ২৪ জানুয়ারি, ২০১৪-তে।
সংবিধানের ষষ্ঠ ভাগ হলো বিচার বিভাগ নিয়ে। বিচার বিভাগের কোনো মেয়াদের কথা সংবিধানে বলা নেই। বলা আছে বিচারপতিদের অবসরের বয়সের কথা।
মেয়াদ বলা আছে সংসদের বেলায়। ৭২(৩) অনুচ্ছেদে বলা আছে—‘রাষ্ট্রপতি পূর্বে ভাঙ্গিয়া না দিয়া থাকিলে প্রথম বৈঠকের তারিখ হইতে পাঁচ বৎসর অতিবাহিত হইলে সংসদ ভাঙ্গিয়া যাইবে।’
অনেকটা একইভাবে রাষ্ট্রপতির পদের মেয়াদ পাঁচ বছরে নির্দিষ্ট করে দেওয়া আছে। কিন্তু সরকারসংক্রান্ত এ ধরনের কোনো মেয়াদ সংবিধানে নির্দিষ্ট করা নেই। থাকতেও পারে না। কারণ, সংসদীয় ব্যবস্থায় বহু কারণেই সরকারের মেয়াদ সংসদের মেয়াদের থেকে কম হতে পারে। মন্ত্রিসভা বহু কারণে সংসদ নির্বাচনের দুই-তিন বছরের মাথায় বিলুপ্ত হতে পারে। নতুন সরকার—নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত হতে পারে।
প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হতে পারে। সে ক্ষেত্রে মেয়াদ কম হবে।
সচিববর্গের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে হয়তো সংসদের মেয়াদকেন্দ্রিক আলোচনাই হয়েছে। তবে সংবাদমাধ্যমে সংবাদটা পরিবেশিত হয়েছে সরকারের মেয়াদকেন্দ্রিক সিদ্ধান্ত হিসেবে।
প্রায়ই মন্ত্রিপরিষদের সচিব মন্ত্রিসভা ও অন্যান্য বৈঠকের পর সংবাদমাধ্যমকে ব্রিফ করেন। মন্ত্রিপরিষদ সচিব যদি সরকারের মুখপাত্রের ভূমিকা ক্রমাগতভাবে পালন করেন, তাহলে ধরেই নিতে হবে সিস্টেমে ভীষণ ওলটপালট হচ্ছে। পরিণতি—সরকার মনে করছে তার মেয়াদ পাঁচ বছর!!
২.
যেভাবেই হোক এখন এটা স্পষ্ট যে বর্তমান নবম সংসদ বহাল থেকে বা রেখে দশম সংসদের নির্বাচন হবে। বিএনপির যে গোটা তিরিশেক সংসদ সদস্য আছেন, তাঁরাও কি নিজ নিজ পদে থেকে নির্বাচন করবেন? আওয়ামী লীগ ক্ষমতাসীন মহাজোটের সাংসদেরা যদি তাঁদের নিজ নিজ পদে থেকে নির্বাচন করেন এবং সেটা যদি অন্যায় হয়, তাহলে বিএনপির সাংসদদের সেপ্টেম্বরের মধ্যেই পদত্যাগ করা উচিত। অবশ্য এ দেশে স্বেচ্ছায় কেই-বা পদ ছাড়তে চায়। পদ আঁকড়ে ধরার যুক্তি তাঁরাও অতি সহজে দাঁড় করাতে পারবেন।
তবে প্রধানমন্ত্রীর সচিব-বৈঠকের পর এটা স্পষ্ট যে সুষ্ঠু নির্বাচন আর সম্ভব নয়। অর্থাৎ যেহেতু বর্তমান নবম সংসদ ২৪ জানুয়ারি পর্যন্ত বহাল থাকছে এবং সাংসদেরা নিজ পদে থেকে তাঁদের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে যে নির্বাচন যুদ্ধে অবতীর্ণ হবেন, সে নির্বাচন যুদ্ধে তাঁরা অনেক সুবিধাজনক অবস্থায় থাকবেন।
এই অসম যুদ্ধে বিরোধী দলগুলো অবতীর্ণ না হওয়ার কথা। এমনিতে নির্দলীয় নির্বাচনকালীন সরকারের দাবিতে বিরোধীরা আপাতত অটল। তদুপরি শুধু দলীয় সরকার ছাড়াও সরকারি সাংসদদের বিরুদ্ধে নির্বাচনে নামতে হয়, তাহলে তাদের সিদ্ধান্ত কী হবে, সেটা বলাই বাহুল্য। নির্বাচন হবে একতরফা।
আমাদের রাজনীতিতে তো যৌক্তিকতা ভেসে গেছে বহু আগে। আমরা যাঁরা রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত নই, তাঁদের যৌক্তিকতা বিসর্জন দেওয়ার তো প্রয়োজন নেই। যেমন, ৫০ বছর ধরে রাজনীতি করার পর এবং তার মধ্যে গোটা দুই দশক নেতৃত্বের পর্যায়ে থাকার পরও—রক্তের আত্মীয়তার কারণে পুত্রসম কারও কারও গুণগান গাইতে গাইতে মুখে ফেনা তুলে ফেলা।
শেষ মুহূর্তের একটা যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে ১২ সেপ্টেম্বর শুরু হওয়া সংসদ অধিবেশন সাত দিনে শেষ হয়ে যাওয়ার সঙ্গে সংসদ ভেঙে দেওয়া। অর্থাৎ সেপ্টেম্বরের তৃতীয় অথবা সর্বশেষ চতুর্থ সপ্তাহে এই নবম জাতীয় সংসদ ভেঙে দেওয়া।
বলা বাহুল্য, এতে বিরোধী দলের দাবি পূরণ হবে না। এ পর্যায়ে এসে বিরোধী দলও হয়তো আশা করে না যে সংবিধান সংশোধন করে তাদের সব দাবি এ সরকার মেনে নেবে।
তবে সরকার সংসদ বহাল রেখে চরমভাবে অসম নির্বাচন পরিস্থিতি থেকে সরে আসতে পারে এই সেপ্টেম্বর মাসে সংসদ ভেঙে দিয়ে। দলীয় সরকার থাকবে, কিন্তু অন্তত দলীয় সংসদ তো থাকবে না।
সংবিধান অনুযায়ী প্রতি নয়জন নির্বাচিত মন্ত্রীর জন্য একজন অনির্বাচিত ব্যক্তি মন্ত্রী হতে পারেন। সেই বিবেচনায় নির্বাচনকালীন মন্ত্রিসভা যদি ১৮ জন নির্বাচিত ব্যক্তির সঙ্গে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে দুজন অনির্বাচিত ব্যক্তি থাকতে পারেন, যাঁরা উভয়, বিশেষত বিরোধী দলের আস্থাভাজন হবেন। স্বরাষ্ট্র আর প্রতিরক্ষা মন্ত্রণালয় নির্বাচনকালীন সময়ে অতি গুরুত্বপূর্ণ। ওই দুটো মন্ত্রণালয় যদি দলীয় মন্ত্রিসভার নাগালের বাইরে থাকে আর সংসদ ভেঙে দেওয়া হয়, তাহলে কি জোড়াতালির অথচ মোটামুটি গ্রহণযোগ্য একটা ব্যবস্থা কি দাঁড় করানো যায়?
৩.
আজতক বলা হচ্ছে সিরিয়ায় এক লাখের বেশি নিরীহ নাগরিক নিহত হয়েছে সরকার আর বিরোধীদের লড়াইয়ের ফলে। ২০ লাখ লোক আশপাশের দেশে শরণার্থী হিসেবে মানবেতর জীবন কাটাচ্ছে। দেশের অভ্যন্তরে আরও ৫০ লাখ লোক স্থানান্তরিত হয়েছে অর্থাৎ নিরাপত্তার খোঁজে শহর ছেড়ে গ্রামে বা নিজ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এভাবে মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ সিরিয়াবাসী সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাসায়নিক বোমায়ও নিরীহ নাগরিক নিহত হচ্ছে।
সব পক্ষের ক্ষমতার নেশায় মত্ত আর ক্ষমতালোভী রাজনৈতিক নেতৃত্বের কাছে ঢাকা থেকে দামেস্কের দূরত্ব হয়তো অনেক বেশি। আমার কাছে অনেক কম। আর সময় তার থেকেও কম।
ড. শাহদীন মালিক: অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট, অধ্যাপক ও পরিচালক, স্কুল অব ল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়।