নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন করার কথা জানিয়েছে। বিলম্বে হলেও ইসি স্বীকার করেছে যে জাতীয় নির্বাচন একটি মহাযজ্ঞ এবং সেনাবাহিনীর সহায়তা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা কেবল দুরূহ নয়, অসম্ভবও। বিরোধী দল অনেক আগে থেকেই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে আসছিল। সে ক্ষেত্রে কমিশন এই বলে স্বস্তিবোধ করতে পারে যে তারা অন্তত বিরোধী দলের একটি দাবি পূরণ করেছে।
কিন্তু নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, সব প্রতিযোগীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। এ ক্ষেত্রে কমিশন এখন পর্যন্ত কার্যকর পদক্ষেপ নিতে পেরেছে, সে কথা বলা যাবে না। নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে যে রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে, সে বিষয়ে কমিশনের কি কিছুই করার নেই? আছে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি কিংবা নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জন্য অবশ্যই ইসিকে নির্বাহী বিভাগের ওপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। সংবিধান অনুযায়ী নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে ২৭ অক্টোবর থেকেই।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, সমঝোতার জন্য দেশবাসী উন্মুখ হয়ে আছে এবং তাঁরাও সমঝোতা চান। আমরা মনে করি, এই সমঝোতা প্রতিষ্ঠায় ইসিও যথাযথ ভূমিকা রাখতে পারে। রাজনৈতিক বিরোধের মূল উৎস যেহেতু নির্বাচন, সেহেতু কমিশন কোনোভাবেই তা উপেক্ষা করতে পারে না। সংবিধান অনুযায়ী নির্বাচনের সময় শুরু হলেও নির্বাহী বিভাগের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রয়াস লক্ষ করা যায়নি।
অস্বীকার করার উপায় নেই যে বর্তমান ইসির প্রতি বিরোধী দলের যে অনাস্থা ও অবিশ্বাস ছিল, পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে তারা এর অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছিল। কিন্তু সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড পুনরায় ইসির ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে। জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশের সংশোধনী সম্পর্কে নীরবতা পালন কিংবা প্রার্থিতা বাতিলের বিধান রহিত করায় তাদের ভূমিকাকে কিছুটা হলেও বিতর্কিত করেছে।
নির্বাচন কমিশন এখনই তফসিল ঘোষণা না করার পক্ষে রাজনৈতিক সমঝোতাকে অজুহাত হিসেবে খাড়া করেছে। সংবিধানমতে, সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। কিন্তু নির্বাচন কমিশনের দাবি, নির্বাচনী তফসিল ঘোষণার পরই ক্ষণগণনা শুরু হবে। এই মধ্যবর্তী সময়ে যদি কমিশনের কিছুই করার না থাকে, তাহলে তাদের উচিত হবে অবিলম্বে তফসিল ঘোষণা করে নির্বাহী বিভাগের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। সরকারের মন্ত্রীরা সরকারি কাজে গিয়ে একতরফা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, তা মেনে নেওয়া যায় না। এটাই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির বড় অন্তরায়।
রাজনৈতিক সমঝোতার ব্যাপারে কমিশন কিছু না করতে পারুক, অন্তত এ কথা তো বলতে পারে যে সব প্রতিযোগীর জন্য অনুকূল পরিবেশ প্রতিষ্ঠা ছাড়া তাদের পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। তাদের অনড় অবস্থান প্রতিযোগীদের লাগাম টেনে ধরতে সহায়তা করবে বলে আমাদের বিশ্বাস।