নির্বাচনকালীন সরকারের প্রস্তাব আনুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী নির্বাচন নিয়ে সৃষ্ট সংকটের যে আশু ও শান্তিপূর্ণ সমাধান জরুরি, তা সবাই স্বীকার করবেন। প্রশ্ন হলো, সেই সমাধানটি কীভাবে হবে। দেশবাসী চায় সমস্যার শান্তিপূর্ণ সমাধান এবং একটি অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল। কিন্তু ক্ষমতাসীন ও বিরোধী দল এ ব্যাপারে পরস্পরবিরোধী অবস্থান নেওয়ায় আগামী নির্বাচন নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ফলে দেশের মানুষ তো বটেই, বিদেশের শুভার্থীরাও বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ইতিমধ্যে জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দুই নেত্রীকে চিঠি লিখে দ্রুত সংলাপে বসার তাগিদ দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদলও প্রাকনির্বাচনী পরিস্থিতি দেখতে এখন ঢাকায়। বিদেশি শুভার্থীদের তাগিদকে ক্ষমতাসীনদের কেউ কেউ বহিঃশক্তির হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন। আমরাও মনে করি, বাংলাদেশের সমস্যা যদি বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব সমাধান করতে পারেন, তাহলে বিদেশিদের নাক গলানোর প্রয়োজন পড়ে না।
কোনো অবস্থায় অনির্বাচিত ব্যক্তিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা যাবে না—এই যুক্তিতে সরকার তত্ত্বাবধায়কব্যবস্থা বাতিল করেছে। কিন্তু পঞ্চদশ সংশোধনীতে সংসদ বহাল রেখে যে নির্বাচন করার বিধান রাখা হয়েছে, তাতে লেভেল প্লেয়িং ফিল্ডের প্রশ্নই আসে না, এমনকি নির্বাচন করাও কঠিন বলে মন্তব্য করেছেন একজন নির্বাচন কমিশনার।
এই প্রেক্ষাপটে আগামীকাল যে সংসদ অধিবেশন শুরু হতে যাচ্ছে, সেটিই সম্ভবত নবম জাতীয় সংসদের শেষ অধিবেশন। এই অধিবেশনে বিরোধী দলের উপস্থিতি একান্ত জরুরি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শিগগিরই নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেওয়ার কথা বলার এক দিন পর তার প্রতি ক্ষমতাসীন দলের একজন জ্যেষ্ঠ নেতা স্বাগত জানিয়েছেন। এটি ইতিবাচক বলেই মনে করি। একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে ক্ষমতাসীন দলটি আন্তরিক হলে সমস্যার সমাধান অসম্ভব নয়।
দেশবাসী আশা করে, বিরোধী দল এই অধিবেশনে সক্রিয় অংশ নেবে এবং নির্বাচনকালীন সরকারের কাঠামো সম্পর্কে তাদের রূপরেখা তুলে ধরবে। একইভাবে সরকারি দলও চাইলে বিকল্প প্রস্তাব দিতে পারে। এর মাধ্যমে দেশের মানুষ উভয়ের প্রস্তাব সম্পর্কে জানতে এবং এর গুণাগুণ বিচার করতে পারবে। ক্ষমতাসীনদের মনে রাখতে হবে, মানুষের জন্যই সংবিধান ও আইন। তাই, সেই সংবিধানের কোনো ধারা যদি বৃহত্তর জনগণের স্বার্থের পরিপন্থী হয়, তাহলে সেটি অপনোদন এবং আবার জনস্বার্থে নতুন ধারা সংযোজন করতে বাধা কোথায়?
একটি সংসদ বহাল রেখে আরেকটি সংসদের নির্বাচন করলে কখনোই লেভেল প্লেয়িং ফিল্ড হতে পারে না। ১৯৯৬ ও ২০০৬ সালে বর্তমান বিরোধী দল যে ভুল করেছিল, ক্ষমতাসীনেরা সেই ভুলের পুনরাবৃত্তি করবেন না বলেই আমাদের বিশ্বাস। একগুঁয়েমি ও জবরদস্তির ফল কখনোই ভালো হয় না।