নির্বাচন সামনে রেখে জনপ্রশাসন নিজেদের মতো সাজানোর যে সংস্কৃতি চলছে দীর্ঘদিন ধরে, এবারও এর ব্যতিক্রম দেখা যাচ্ছে না। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার জোরেশোরেই এ কাজে নেমে পড়েছে। বাধ্যতামূলক অবসর, বদলি, পদায়ন ও পদোন্নতি—এসবই এখন হচ্ছে নির্বাচনী হিসাব-নিকাশ সামনে রেখে। কিন্তু দুই দশক ধরে নির্বাচনী বিবেচনায় প্রশাসনকে সাজানোর এই অসাধু চর্চা জনপ্রশাসনকে কোথায় নিয়ে গেছে, সেই বিবেচনাবোধটি সম্ভবত ক্ষমতাসীনেরা হারিয়ে ফেলেছে।
প্রথম আলোর প্রতিবেদন বলছে, বিএনপি ও জামায়াত-সমর্থক হিসেবে পরিচিত কর্মকর্তারা যাতে সরকারবিরোধী কিছু করতে না পারেন, সে জন্য সরকার তাঁদের বাধ্যতামূলক অবসরে পাঠাচ্ছে। মাঠপর্যায়ের প্রশাসনেও নির্বাচন মাথায় রেখে বদলি, পদায়ন ও পদোন্নতি দেওয়া হচ্ছে। এটা স্পষ্ট যে সরকার-সমর্থক হিসেবে বিবেচিত ব্যক্তিরাই এতে প্রাধান্য পাচ্ছেন। এই অবস্থায় বিএনপি ও জামায়াত-সমর্থক হিসেবে পরিচিত কর্মকর্তাদের বসে থাকার কথা নয়। তাঁরা নিজেরা সলাপরামর্শ ও করণীয় ঠিক করছেন। এ ধরনের পরিস্থিতি প্রশাসনের জন্য খুবই উদ্বেগজনক।
প্রজাতন্ত্রের কর্মকর্তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ নেই। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, অনেক কর্মকর্তার রাজনৈতিক যোগাযোগ বা আনুগত্যের বিষয়টি আর লুকানো কিছু নয়। এ ধরনের পরিস্থিতিতে কিছু কর্মকর্তা নিজেদের সরকারের অনুগত প্রমাণের চেষ্টা করেন এবং বিনিময়ে পদায়ন, বদলি বা পদোন্নতির ক্ষেত্রে বাড়তি সুযোগ প্রত্যাশা করবেন। অন্যদিকে যাঁরা অতীতে অন্য দলের সমর্থক হিসেবে পরিচিত, তাঁরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। দলীয় রাজনীতির বাইরে থাকা অনেক দায়িত্বশীল ও দক্ষ কর্মকর্তাও এসব কারণে যথাযথভাবে মূল্যায়িত হন না। এতে তাঁদের মনোবল ভেঙে যাওয়াই স্বাভাবিক।
রাজনৈতিক বিবেচনায় প্রশাসনের কর্মকর্তাদের মূল্যায়নের যে সংস্কৃতি চলে আসছে, তা কোনোভাবেই কাম্য হতে পারে না। এতে নিজের কাজ ও দক্ষতা প্রমাণের চেয়ে একজন কর্মকর্তা দলের প্রতি আনুগত্য প্রমাণেই বেশি সচেষ্ট থাকেন। মেধা ও দক্ষতার চেয়ে দলীয় আনুগত্য যখন বিবেচনার বিষয় হয়ে দাঁড়ায়, তখন সেই প্রশাসন কর্মক্ষমতা হারাবে, এটাই স্বাভাবিক। কোনো কর্মকর্তার বিরুদ্ধে অপরাধ বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থাকলে আইনি প্রক্রিয়ায় ও বিধিবিধান মেনেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এটা করতে না পারলে দল-সমর্থক কর্মকর্তাদের খেয়োখেয়িতে প্রশাসনে বিশৃঙ্খলা বাড়তে থাকবে।
ক্ষমতাসীনদের এটা বিবেচনায় নেওয়া উচিত যে গত বিএনপি-জামায়াত জোট সরকারও আওয়ামী লীগ-সমর্থক হিসেবে বিবেচিত জনা পঞ্চাশেক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল। ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগে সেই সরকার একইভাবে প্রশাসনকে নিজেদের মতো করে ঢেলে সাজিয়েছিল। নির্বাচনের সময় তা কাজে লেগেছিল এমন প্রমাণ নেই। আমরা আশা করব, সরকার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এ ধরনের কাজ থেকে নিজেকে বিরত রাখবে এবং প্রশাসনকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রেখে দায়িত্বশীলতার পরিচয় দেবে।