প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য তাঁর আগের অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এর আগে খোদ জাতীয় সংসদে তিনি বলেছিলেন, নির্বাচনের সময় সংসদ ভেঙে দেওয়া হবে। এমনকি অন্তর্বর্তী সরকারে বিরোধী দলের প্রতিনিধিরাও থাকতে পারেন বলে তিনি অভিমত দিয়েছেন। এখন উল্টা বক্তব্য রাজনৈতিক মহলে গ্রহণযোগ্য হতে পারে না।
বিএনপির অবস্থান বরং অনেক নমনীয়। উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির নেতৃত্বের একাংশ যেমন সম্ভাবনা শেষ হয়ে গেছে বলে ভাবছে, অন্যদিকে দলের অপর অংশ সমঝোতার জন্য চেষ্টা অব্যাহত রাখার কথা বলছে। তাদের নীতি অনেকটা ‘অপেক্ষা করো, দেখো’ ধরনের।
বিএনপির এই অবস্থান রাজনৈতিক দায়িত্বশীলতার পরিচয় বহন করে। কারণ, জাতিসংঘের মহাসচিব টেলিফোনে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সঙ্গে কথা বলার পর একটি নতুন মাত্রা যোগ হয়েছে। এর ফলাফল সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই কেবল চূড়ান্ত পদক্ষেপ নেওয়া বাঞ্ছনীয়। বিএনপির মূল নেতাদের অনেকে এ রকম ভাবছেন। এটা আশার কথা। কারণ, চূড়ান্ত আন্দোলন দেশে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে দেবে, যা কারও কাম্য হতে পারে না।
কিন্তু ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগ দায়িত্বশীল অবস্থান থেকে বিচ্যুত হতে পারে না। তারা যখন অক্ষরে অক্ষরে সংবিধান মেনে চলার কথা বলছে, তখন বিরোধী দলকে উপযুক্ত মর্যাদা দিতে হবে। এটাও সংবিধানেরই কথা। বিরোধী দলকে বাইরে রেখে সংসদীয় গণতন্ত্র চলে না। সুতরাং খণ্ডিতভাবে সংবিধান মেনে চলার কথা বলে কোনো সুফল পাওয়া যাবে না।
সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। সামনে অন্তত দুটি সুযোগ রয়েছে। প্রথমত, ১২ সেপ্টেম্বর আহূত সংসদের শেষ অধিবেশনে বিএনপির সঙ্গে সমঝোতার সুযোগের সদ্ব্যবহার করা। দুই পক্ষই বলছে সমঝোতা চায়। কিন্তু আলোচনার প্রস্তাব কে দেবে, সে প্রশ্নে সবকিছু থমকে আছে। সমঝোতায় দুই পক্ষের সম্মতি থাকলে কে আগে আলোচনার আহ্বান জানাবে, সেটা বড় বিষয় নয়।
দ্বিতীয়ত, চলতি মাসের মাঝামাঝি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা। সেখানে তাঁর সঙ্গে জাতিসংঘের মহাসচিবের মতবিনিময়ের সুযোগ থাকবে। তা ছাড়া এই সময় জাতিসংঘের অতিরিক্ত মহাপরিচালক (রাজনৈতিক) অস্কার ফার্নান্দেজ তারানকোর আবার বাংলাদেশে আসার কথা আছে। এই আসা-যাওয়ার মধ্যে কোনো সমঝোতা হয় কি না, তা দেখার অবকাশ রয়েছে।
সব দলের অংশগ্রহণে নির্বাচনের প্রশ্নটিকে সবার ওপরে স্থান দিতে হবে।