প্রধান বিরোধী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল নির্বাচনের তফসিল স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁর এই আহ্বানের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনে যাওয়ার আগ্রহই প্রকাশ পেয়েছে।
কেননা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের তফসিল বাতিল করার দাবি জানাননি বা নির্বাচন কমিশনের এখতিয়ার নিয়েও প্রশ্ন করেননি। তিনি নির্বাচনে যাতে সব দল অংশ নিতে পারে, সেই সুযোগেরই ইঙ্গিত দিয়েছেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদও বলেছিলেন, তফসিল সংশোধন হতে পারে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও ২ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নিয়ে আপত্তি তুলেছেন।
বিএনপি যদি এই মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তও নেয়, বর্তমান তফসিলে সেটি সম্ভব হবে না। কেননা ২ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। সময় হাতে আছে মাত্র দুই দিন। এই দুই দিনে ৩০০ আসনের প্রার্থী বাছাই কোনোভাবেই সম্ভব নয়।
অন্যদিকে রাজনৈতিক বিবেচনার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিইসি যেখানে সবাইকে নিয়ে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের কথা বলে আসছেন, সেখানে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করাই সমীচীন নয় কি? নির্বাচন নিয়ে সৃষ্ট রাজনৈতিক সংকট নিরসনে জাতিসংঘের মহাসচিবের দূত হয়ে সংস্থাটির সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো আসছেন ৬ ডিসেম্বর। জাতিসংঘের মহাসচিব দুই দলের শীর্ষ নেত্রীর কাছে চিঠিও দিয়েছেন। এ ছাড়া ব্রিটিশ প্রতিমন্ত্রী ব্যারোনেস সাইদা ওয়ারসি আসছেন ১২ ডিসেম্বর। ইসি নির্বাচনের তফসিল পুনর্নির্ধারণ না করলে এসব উদ্যোগ অর্থহীন হয়ে পড়বে।
সে ক্ষেত্রে নির্বাচন কমিশনের উচিত রাজনৈতিক দলগুলোর সমঝোতার সুযোগ করে দিতে অন্তত মনোনয়নপত্র দাখিলের তারিখ আরও এক সপ্তাহ বা তার চেয়ে বেশি সময় বাড়িয়ে দেওয়া। তাতে নির্ধারিত সময়ে নির্বাচন করতে অসুবিধা হওয়ার কথা নয়। এর আগে ২০০৬ ও ২০০৮ সালে একাধিকবার নির্বাচনী তফসিল পুনর্নির্ধারণের নজির আছে।
আশা করি, নির্বাচন কমিশন বিষয়টির গুরুত্ব অনুধাবন এবং নির্বাচনের তফসিল পুনর্নির্ধারণ করার কাজটি যত দ্রুত সম্ভব করবে।