আগামী সাধারণ নির্বাচন দলীয় সরকারের, নাকি নির্দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে অক্ষম। কিন্তু তাকে অবশ্যই সংবিধান অনুযায়ী চলতে হবে। আর সরকার ও কমিশনের সাংবিধানিক পথচলা এ ক্ষেত্রে এক নয়।
সংবিধানের ১২৩ অনুচ্ছেদে কমিশনের ওপর অর্পিত আছে নির্দিষ্ট দায়িত্ব। এতে সংসদ নির্বাচন কখন হবে, সে বিষয়ে দুটি ধারা আছে। নির্বাচন অনুষ্ঠানের সময় সম্পর্কে সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৩(ক)-তে বলা হয়েছে, ‘সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে মেয়াদ অবসানের কারণে সংসদ ভাঙিয়া যাইবার ক্ষেত্রে ভাঙিয়া যাইবার পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে।’ একই অনুচ্ছেদের ৩(খ)-তে বলা হয়েছে, ‘মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভাঙিয়া যাইবার ক্ষেত্রে ভাঙিয়া যাইবার পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হইবে।’ বর্তমান সংসদ আপনাআপনি ভেঙে যাবে ২৪ জানুয়ারি ২০১৪। এখন আগামী ২৭ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে ভোট গ্রহণে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে কিনা আমরা জানি না, তবে নির্বাচন কমিশনের সচিব কিছুটা অস্বাভাবিক উপায়ে ২০১৪ সালের জানুয়ারির তৃতীয় সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের একটি প্রকাশ্য ইঙ্গিত করেছেন। সচিব কমিশন বা কমিশনের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় নেই। তার ওপরে কমিশনের একাধিক সদস্য বলেছেন, তাঁরা এ বিষয়ে কিছুই জানেন না। উপরন্তু পত্রিকায় খবর বেরিয়েছে যে, আইনমন্ত্রী শফিক আহমেদের বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে নির্বাচন অনুষ্ঠান নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়নি।
সংসদ রেখে নতুন নির্বাচন করা হবে, না ভেঙে দিয়ে করা হবে, সে প্রশ্ন রাজনৈতিক। এ বিষয়ে কমিশনের ভূমিকা নেই। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্য সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করার আভাস দিয়েছিলেন। কিন্তু সত্য এটাই যে, সরকারি দলের তরফে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো ঘোষণা নেই। তবে আইনমন্ত্রীর বাসভবনের বৈঠকটি ইঙ্গিত দিচ্ছে যে, ক্ষমতাসীন দল সাংবিধানিক জটিলতার বিষয়ে সচেতন রয়েছে। আর নির্বাচন কমিশনের সচিবের সম্ভাব্য তারিখটিও তাৎপর্যপূর্ণ। এটি ‘পূর্ববর্তী ৯০ দিনের’ মধ্যে রয়েছে। আইনজীবী রফিক-উল হক বলেছেন, সরকার চালাক হলে ২০ জানুয়ারি সংসদ ভেঙে দেবে, তাহলে তারা জটিলতা এড়িয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে পারবে। কিন্তু তাঁর এই পরামর্শ সরকার গ্রহণ করতে পারে, কিন্তু কমিশন গ্রহণ করতে পারে না। আর নির্বাচন ছাড়া ২০ জানুয়ারি পর্যন্ত যাওয়ার সাংবিধানিক পথ রুদ্ধ বলেই প্রতীয়মান হয়। কারণ, সংবিধান ধরেই নিয়েছে, কোনো সরকার ও সংসদকে পাঁচ বছরের মেয়াদ পুরো করতে হলে তাকে অবশ্যই একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে ৩০০ নতুন সদস্য নির্বাচিত করে ফেলতে হবে। তবে সামগ্রিক বিচারে বলা যায়, কমিশনের উচিত নয় নির্বাচন সম্পন্ন বা ভোট গ্রহণের তারিখ সম্পর্কে জনগণকে অন্ধকারে রাখা। কমিশনের উচিত হবে নতুন নির্বাচন অনুষ্ঠানে তাদের পরিকল্পনা প্রকাশ করা।