নির্বিচারে ঋণ দেওয়ার বিপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহককে ঋণ দেওয়া যেমন ব্যাংকের কাজ, তেমনি প্রদত্ত ঋণ যথাসময়ে আদায় নিশ্চিত করাও ব্যাংকের দায়িত্বের মধ্যে পড়ে। সে কারণেই ঋণ দেওয়ার ক্ষেত্রে যাচাই-বাছাই ও সতর্কতা জরুরি। কিন্তু প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদন থেকে দেখা যায়, চট্টগ্রামের বড় বড় গ্রাহককে মোট ১০ হাজার কোটি টাকা ঋণ দিয়ে বিভিন্ন ব্যাংক এখন বিপদে পড়েছে। কেননা, ঋণ আদায় তো দূরের কথা, কোনো কোনো গ্রাহকের খোঁজই পাওয়া যাচ্ছে না। যে গ্রাহকেরা ঋণ নিয়েছিলেন নিজেদের ব্যবসায় বিনিয়োগ বাড়ানোর জন্য, তাঁদের অনেকেই তা না করে শেয়ারবাজারে খাটিয়ে হয়েছেন সর্বস্বান্ত। আবার অনেকে কিনেছেন জমি। সর্বোপরি, দেশ থেকে টাকাও পাচার করেছেন কেউ কেউ।
সব মিলিয়ে পুরো বিষয়টি গভীর উদ্বেগের, বিশেষ করে কয়েক বছর ধরে দেশের আর্থিক খাতে একের পর এক যে অনিয়ম-বিশৃঙ্খলা দেখা দিয়েছে, চট্টগ্রামে বিপুল পরিমাণ ঋণ আটকা পড়ে যাওয়া সেই বিশৃঙ্খলতারই ধারাবাহিক প্রকাশ। ২০১০-১১ সালে কৃত্রিমভাবে ফুলিয়ে-ফাঁপিয়ে শেয়ারবাজার থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে যাওয়া এবং বাজারের বিপর্যয় ঘটানোর মধ্য দিয়েই আর্থিক খাতে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি করা হয়। এরপর সরাসরি ব্যাংক খাতে ঋণ প্রদানে অনিয়ম-বিশৃঙ্খলার ঘটনা একের পর এক ঘটতে থাকে, যার ভয়াবহ রূপ দেখা যায় হল-মার্ক কেলেঙ্কারিতে, যেখানে দুই হাজার ৭০০ কোটি টাকা জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংক থেকে একপ্রকার লুটে নেওয়া হয়। আবার রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকেও হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনা চিহ্নিত হয়। দেখা গেছে, রাজনৈতিক যোগসাজশ ও কেন্দ্রীয় ব্যাংকের দুর্বল নজরদারি এ ধরনের বিশৃঙ্খলা ও কেলেঙ্কারিকে কার্যত উৎসাহিত করেছে।
চট্টগ্রামে ভোগ্যপণ্যের আমদানিকারককে ব্যাংক অর্থায়ন করেছে পণ্য আমদানির জন্যই। এখন সেই আমদানিকারক যদি ঋণের টাকা পুরোটা আমদানির কাজে ব্যবহার না করে বড় অংশ জমি বা শেয়ারে বিনিয়োগ করে বসেন, তাহলে হবে কীভাবে? ফলে দেখা যাচ্ছে, ব্যাংকের যেমন কিছু নজরদারির দুর্বলতা রয়েছে, তেমনি রয়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ীর অসততা। আবার ব্যাংকগুলো বছরের পর বছর বড় অঙ্কের ঋণ দিয়েছে অনেক নামীদামি ও বনেদি ব্যবসায়ীকে; মূলত তাঁদের ব্যবসার আয়তন ও সুনাম বিবেচনায় নিয়ে। কিন্তু প্রদত্ত ঋণ তো এক দিনে খেলাপি হয়নি, এক দিনে হঠাৎ কেউ টাকা পাচার করেননি। ঋণ আদায় যখন অনিয়মিত হয়ে পড়ে, ব্যবসার গতি-প্রকৃতি যখন এলোমেলো হয়ে যায়, তখন তা ব্যাংকের চোখে একেবারেই ধরা পড়বে না, এটা বিশ্বাসযোগ্য নয়।
সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে বিপুল পরিমাণ ঋণ পুনরুদ্ধার করা এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এটা তো প্রায় নিশ্চিত যে কিছু ঋণ কখনোই উদ্ধার করা যাবে না। মামলা দায়ের করা এবং পুনঃ তফসিলের মাধ্যমে ব্যাংকগুলো নিজেদের
হিসাবের খাতা কিছুটা পরিষ্কার করার চেষ্টা করলেও তাতে অনেক অসম্পূর্ণতা রয়ে যাবে।