নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ থেকে ২৩ অক্টোবর বঙ্গোপসাগরসহ দেশের সব নদ-নদীতে ইলিশ মাছ ধরার ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তা মানা হচ্ছে না। প্রথম আলোয় সোমবার প্রকাশিত প্রতিবেদন থেকে তা স্পষ্ট। নিষেধাজ্ঞা জারির ঠিক পরদিনই উপকূলীয় জেলা বরগুনার তালতলী ও পাথরঘাটা উপজেলার বিভিন্ন ঘাট থেকে প্রচুরসংখ্যক মাছ ধরার ট্রলার সাগরে রওনা হয়েছে। ট্রলারমালিকদের বরাতেই প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণাঞ্চলের কোনো মাছ ধরার ট্রলারই এখন ঘাটে নোঙর করা নেই।
কিন্তু নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ টহলের মধ্যেই নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার চলতে পারছে কীভাবে? যারা নিষেধাজ্ঞাকে অর্থহীন, অকার্যকর করে দিয়ে ইলিশ শিকার চালিয়ে যেতে পারছে, তারা তা পারছে কিসের জোরে? ট্রলারমালিকদের অকপট স্বীকারোক্তি: তাঁদের ক্ষমতার উৎস টাকা, অর্থাৎ ঘুষ। ট্রলারপ্রতি ৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ঘুষ দেওয়ার বিনিময়ে তাঁরা এই নিষেধাজ্ঞার মধ্যেই সাগরে ট্রলার পাঠাতে পেরেছেন। কাদের দেওয়া হয়েছে এই ঘুষ? কোস্টগার্ডের সদস্য ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের। তবে ঘুষের টাকা তাঁরা সরাসরি গ্রহণ করেননি। এ কাজে নিয়োজিত আছে স্থানীয় কিছু লোক, যারা কোস্টগার্ডের ‘সোর্স’ ও মৎস্য বিভাগের লোকজনের দালাল হিসেবে কাজ করে।
বরগুনার জেলা মৎস্য কর্মকর্তা অভিযোগ অস্বীকার করেই ক্ষান্ত হননি, এ কথাও বলেছেন যে মৎস্য বিভাগের সামর্থ্য নেই সাগরে গিয়ে ট্রলার আটকায়। তাই, নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায় তিনি নৌবাহিনী ও কোস্টগার্ডের ওপর চাপানোর চেষ্টা করেছেন। নৌবাহিনী-কোস্টগার্ডেরও দায়িত্ব অনেক বটে, কিন্তু মৎস্য বিভাগের দায়মুক্তির সুযোগ নেই। মাছ ধরার ট্রলারগুলো নিষেধাজ্ঞার সময় কেন ঘাটে বাঁধা নেই, কেন ও কীভাবে সাগরে যেতে পারল—এই প্রশ্নের উত্তর তিনটি কর্তৃপক্ষকেই দিতে হবে। ঘুষের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি দিতে হবে। যেসব ‘দালাল’ ঘুষের টাকা আদায় করেছে, আর যেসব ট্রলারের মালিক ঘুষ দিয়ে সাগরে ট্রলার পাঠিয়েছেন, তাঁদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ পদক্ষেপ নিতে হবে।