নিয়মরক্ষার ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববার বাংলাদেশে যে নির্বাচন হয়ে গেল আনুষ্ঠানিকভাবে, তা বিবেচিত হবে দশম জাতীয় সংসদ নির্বাচন হিসেবে। দেশের রাজনৈতিক ইতিহাসে এই নির্বাচন আরেকটি কলঙ্কিত ও একগুঁয়েমির নির্বাচন হিসেবেই চিহ্নিত হবে। তবে এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষতিকর প্রভাব সহজে ঘুচবে না। নির্বাচন যেমন নতুন সরকার দেয়, তেমনি দৃঢ় রাজনৈতিক স্থিতিরও নিশ্চয়তা দেয়। এই নির্বাচন একটি ‘নতুন সরকার’ হয়তো দেবে, কিন্তু রাজনৈতিক স্থিতি বলে কিছুর নিশ্চয়তা দেবে না। বরং সামনের দিনগুলোতে কী হতে যাচ্ছে—এমন প্রশ্ন ও আশঙ্কাই দেশবাসীর মনে আরও গভীরভাবে চেপে বসেছে। এই দুঃসময় কবে কেটে যাবে, তার উত্তর দুই দলের কাছ থেকেই মানুষ জানতে চাইবে।
অর্ধেকের বেশি আসনে নির্বাচন আগেই হয়ে গিয়েছিল; দেশের অর্ধেকের বেশি ভোটারকে ভোটই দিতে হয়নি। এই নির্বাচন যেমন অংশগ্রহণমূলক ছিল না, তেমনি এতে ছিল না প্রতিদ্বন্দ্বিতাও। ফলে, ভোটারদের উপস্থিতি বা উৎসাহ—কোনোটাই ছিল না ৫ জানুয়ারির এই ‘সংবিধান রক্ষার’ ভোটে। এর পরও অনিয়মের অভিযোগ উঠেছে, প্রাণহানির ঘটনা ঘটেছে, সহিংসতা হয়েছে। এই নির্বাচনের জন্য এক দিনের ‘ভোটকেন্দ্র’ শতাধিক স্কুল পুড়েছে।
বিএনপি ও তাদের নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট এই নির্বাচন শুধু বর্জন করেনি, প্রতিরোধেরও ডাক দিয়েছিল; সেই ডাকে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের লক্ষণ আমরা দেখিনি। নির্বাচনের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন বা প্রতিরোধ বলতে যা বোঝায়, তার কিছুই চোখে পড়েনি। নির্বাচন প্রতিরোধে তারা কার্যত যে পথ বেছে নিয়েছিল, তা হলো নাশকতা ও দুর্বৃত্তপনা। নির্বাচন প্রতিরোধে ব্যর্থ হয়ে বিএনপির পক্ষ থেকে ফের ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করা হয়েছে। যে আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই, সেই আন্দোলনের অর্থ হলো আরও ধ্বংস আরও প্রাণহানি। বিরোধী দলের বর্জন বা ‘প্রতিরোধের চেষ্টায়’ এই নির্বাচন ঠেকেনি। কিন্তু এই নির্বাচনের রাজনৈতিক বৈধতা ও নৈতিকতা বলে যে বিষয় আছে, সেটা সরকার ও সরকারি দলের কোনো বিবেচনার মধ্যেই ছিল বলে মনে হয় না।
সরকার সংবিধান রক্ষার নামে এই নির্বাচনের পক্ষে যত সাফাই ও যুক্তিই তুলে ধরুক না কেন, দেশের মানুষ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ ধরনের একটি নির্বাচনের গ্রহণযোগ্যতা পাওয়ার কারণ নেই। এমনই এক নিয়মরক্ষার নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, সেই সরকারের সাংবিধানিক ভিত্তি থাকলেও নৈতিক ভিত্তি যে দুর্বলতর হবে, সে ব্যাপারে সন্দেহ নেই। গণতন্ত্র প্রতিষ্ঠা কিংবা জনগণের পছন্দসই প্রতিনিধি বাছাই যদি নির্বাচনের লক্ষ্য হয়ে থাকে, ৫ জানুয়ারির নির্বাচন তা কোনোভাবেই পূরণ করবে না।