১০০ নম্বরের প্রিলিমিনারি, ৯০০ নম্বরের লিখিত ও ২০০ নম্বরের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দুই বছর অপেক্ষার পর গত ২১ নভেম্বর ৩৩তম বিসিএসের প্রকাশিত ফলাফল অনুযায়ী সাত হাজার ৪৬২ জন পদবঞ্চিতের তালিকায়! এই দুর্ভাগা মেধাবীদের মধ্যে সৌভাগ্যক্রমে কেউ কেউ ‘নন-ক্যাডার নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০১০’ অনুযায়ী অদূরভবিষ্যতে ‘নন-ক্যাডার’-এর জন্য সুপারিশ পেলেও পেতে পারেন, তবে কমিশন নিশ্চয়তা দিচ্ছে না।
যে আট হাজার ৫২৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়েছে, তাঁদের মধ্যে ছয় হাজার ৪৮২ জনই চিকিৎসক। বাকি স্বল্পসংখ্যক অন্য দুর্লভ ক্যাডারের জন্য সুপারিশপ্রাপ্ত। এর মধ্যেও আবার কোটার পাল্লা ভারী!
এই সাত হাজার ৪৬২ জনের বিষয়ে কমিশন ‘প্রচেষ্টা গ্রহণ’ করবে। তবে কমিশনের প্রচেষ্টা কেন যেন মেধাবীদের অনুকূলে হয় না! ৩৪তম বিসিএসের বাছাই পর্বেই কমিশন কাউকে না জানিয়ে কোটাধারীদের জন্য ‘বিশেষ কাট মার্ক’ নির্ধারণ করেছিল। পরীক্ষার প্রশ্নও সহজ হয়েছিল। কী কারণে কর্মকমিশন এসব অপকৌশল অবলম্বন করে, তা জানা নেই। শেষ পর্যন্ত আন্দোলন ছাড়া বিকল্প নেই তাঁদের। তাঁদের কারও কারও সরকারি চাকরির বয়স নেই, কারও বেসরকারি চাকরি ও কোটা নেই। ক্যাডারের সম্ভাবনা হারিয়ে এখন তাঁদের একটাই দাবি, ৩৩তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হোক।
নাজমুল হুদা
মিরপুর, ঢাকা।