দেশের উত্তর জনপদের সীমান্তসংলগ্ন ও অবহেলিত অঞ্চল হিসেবে নীলফামারী জেলা পরিচিত। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে নীলফামারী জেলার চিত্র করুণ। জেলা শহর থেকে জলঢাকা উপজেলা শহরের মধ্যে সংযোগ সড়কটি সংকীর্ণ ও জনসাধারণের চলাচলের জন্য বর্তমানে অপ্রতুল হয়ে দাঁড়িয়েছে। সড়কটি প্রায় এক লেন, যা দিয়ে কোনোমতে একটি গাড়ি চলাচল করতে পারে। দুটি গাড়ি পারাপারের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। রাস্তাটি চিকন ও সংকীর্ণ হওয়ার কারণে বিগত সময়ে কয়েকটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে এবং অনেকের প্রাণহানি হয়।
রাস্তাটি দিয়ে জেলা শহর থেকে জলঢাকা-তিস্তা ব্যারাজ-পাটগ্রাম-বুড়িমারী রুটে অসংখ্য গাড়ি চলাচল করে। আবার নীলফামারী-কিশোরগঞ্জ হয়ে অসংখ্য গাড়ি রংপুর শহরে যাতায়াত করে। অফিশিয়ালসহ বিভিন্ন কাজে জলঢাকা, কিশোরগঞ্জ ও ডিমলা উপজেলার পূর্ব অংশের লাখ লাখ মানুষ এই রাস্তাটি দিয়ে নীলফামারী জেলা শহরে যাতায়াত করে। কিন্তু যে হারে জনগণ ও গাড়ি সড়কটি দিয়ে চলাচল করে, সেই প্রয়োজনে তা সম্প্রসারণ করা হয়নি। তাই বাস্তবতার নিরিখে ও নাগরিক প্রয়োজনে নীলফামারী-জলঢাকা ২৩ কিলোমিটার সড়কটি সম্প্রসারণ করা দরকার। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. জিয়াউর রহমান
জলঢাকা, নীলফামারী।