নূর হোসেনদের অস্ত্রগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিটি কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত ব্যক্তিকে অপহরণের পর হত্যা করার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি নূর হোসেন ও তঁার সাত সহযোগীর নামে নিবন্ধিত মোট ১১টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করে সেগুলো দ্রুত জব্দ করার নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক৷ কিন্তু এই নির্দেশ দ্রুত বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ৷ কারণ, নূর হোসেন ও তঁার সহযোগীরা গা ঢাকা দেওয়ার পরেই কেবল এমন নির্দেশ দেওয়া হলো৷
অপহরণের ঘটনায় মামলা হওয়ার পরেও নূর হোসেন ও তঁার সহযোগীরা অন্তত দুই দিন প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছেন৷ তখন তঁাদের গ্রেপ্তার করা কিংবা তঁাদের অস্ত্রগুলোর লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত কেন নেওয়া হয়নি, তা একটা বড় প্রশ্ন৷ তার থেকেও জরুরি প্রশ্ন, এই লোকগুলো আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছিলেন কীভাবে? কী বিবেচনায়, কী যোগ্যতার মাপকাঠিতে তঁাদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে? তঁারা ক্ষমতাসীন দলের লোক—এটাই কি তঁাদের আগ্নেয়াস্ত্র বহন ও ব্যবহারের যোগ্যতা বলে বিবেচিত হয়েছে? নারায়ণগঞ্জের জেলা প্রশাসন কিংবা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের কি নূর হোসেন ও তঁার এই সহযোগীদের স্বভাব-চরিত্র সম্পর্কে কিছুই জানা ছিল না?
এমন নয় যে, হত্যার অভিযোগে নূর হোসেনের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা এবারই প্রথম ঘটল৷ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় তঁার বিরুদ্ধে যে মোট ২২টি মামলা আছে, তার মধ্যে হত্যা মামলার সংখ্যাই ছয়টি৷ ছয়টি হত্যা মামলাসহ ২২টি মামলার আসামি হয়েও সেই ব্যক্তি ঘুরে বেড়িয়েছেন একটি নয়, দুটি আগ্নেয়াস্ত্র নিয়ে৷ একটি পিস্তল তঁার জন্য যথেষ্ট ছিল না, তঁাকে একটি শটগানেরও লাইসেন্স দেওয়া হয়েছে! তঁার সহযোগীদের অনেকেরই দুটি করে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স আছে৷
লক্ষণীয় বিষয়, কাউন্সিলর নজরুল অপহৃত হওয়ার সপ্তাহ দুই আগে খোদ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে নূর হোসেনের নাম উল্লেখ করে অভিযোগ করেছিলেন যে, নূর হোসেন তঁাকে হত্যা করতে পারেন৷ তখন কি প্রশাসনের অজানা ছিল যে, নূর হোসেন ও তঁার সহযোগীদের কাছে আগ্নেয়াস্ত্র আছে? নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের এই বিলম্বিত নির্দেশ নিহত সাত ব্যক্তি ও তঁাদের স্বজনদের জন্য অর্থহীন৷
সন্ত্রাসী ও দুর্বৃত্ত হিসেবে পরিচিতি থাকার পরেও আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়া শুধু নূর হোসেন ও তঁার সহযোগীদের মধ্যে সীমাবদ্ধ নেই; সারা দেশে এমন ব্যক্তির সংখ্যা অনেক৷ তঁাদের লাইসেন্স পাওয়ার প্রধান কারণ রাজনৈতিক৷ একাধিকবার সরকার পরিচালনাকারী উভয় বড় দলেই নূর হোসেনরা আছেন৷ তঁাদের সবার অস্ত্রের লাইসেন্স বাতিল করে অস্ত্রগুলো জব্দ করা হোক৷ ভবিষ্যতে রাজনৈতিক বিবেচনায় অস্ত্রের লাইসেন্স দেওয়া বন্ধ করতে হবে৷