নূর হোসেনের গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে যথাসম্ভব দ্রুত ফিরিয়ে এনে বিচার শুরু করতে হবে।
গত বছর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় দুই দেশের ফেরার আসামিকে সংশ্লিষ্ট মামলার যেকোনো পর্যায়ে পরস্পরের কাছে হস্তান্তর সম্ভব বলে পুলিশের ঊর্ধ্বতন মহল মনে করছে। ইতিমধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নূর হোসেনকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে৷ তবে এই প্রক্রিয়া যেন কোনোক্রমেই দীর্ঘসূত্রতার কবলে না পড়ে, সে বিষয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন। নূর হোসেনের প্রত্যর্পণ প্রশ্নে ক্ষমতাসীন দলের তরফে কোনো অনভিপ্রেত মন্তব্য একেবারেই কাম্য নয়। এটা জনগণের কাছে অহেতুক ভুল বার্তা পৌঁছাতে পারে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল ঢাকায় এক ফল প্রদর্শনীতে গিয়ে বলেছেন, ‘ভারতে নূর হোসেনের গ্রেপ্তার হওয়ার বিষয়ে সরকার কিছু জানে না। সরকার যেটুকু জেনেছে তা গণমাধ্যমের মাধ্যমে৷’ অথচ ১৬ জুন ঢাকা ও কলকাতার পত্রপত্রিকায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্ধৃতি দিয়েই ওই উদ্যোগ নেওয়ার খবর ছাপা হয়েছে৷ শনিবার রাতে নূর হোসেনের আটক ও রোববার বারাসাতের আদালতে তাঁর আট দিনের রিমান্ড মঞ্জুরের পরে সোমবারে এসে সৈয়দ আশরাফের এই মন্তব্য আসলে ইঙ্গিত দেয় যে তাঁর সরকার না হলেও তিনি অন্তত ব্যক্তিগতভাবে বিষয়টির গুরুত্ব অনুধাবনে উদাসীন৷
নূর হোসেন পালিয়ে যাওয়ায় মানুষের মনে হতাশা সৃষ্টি হয়েছিল। অনেকেই সংশয়গ্রস্ত হয়ে পড়েছিলেন যে তাঁর অনুপস্থিতিতে বিচার বাধাগ্রস্ত হতে পারে৷ এখন ধর্মের কল বাতাসেও নড়েছে। সঙ্গীদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ার পরিণতিতে রেস্তোরাঁকর্মীরা তাঁকে ধাওয়া করে আটকপূর্বক পুলিশের হাতে সোপর্দ করেন৷ খবরে প্রকাশ, পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বাগুইআটির যে পাঁচতলা বাড়ির ৫০৩ নম্বর কক্ষে নূর হোসেন থাকতেন, সেটি দুই মাস ধরে ভাড়া করেছিলেন তাঁরই অপর দুই সঙ্গী৷ কিডনি চিকিৎসার অজুহাত দেখিয়ে ওই ঘর ভাড়া করার বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে প্রতীয়মান হয়৷
আমরা আশা করব, নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণই করবে এবং এই আলোচিত হত্যারহস্যের জট খোলার ক্ষেত্রে তাদের বিশেষজ্ঞ জ্ঞান ও প্রাপ্ত তথ্য দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে৷ বাংলাদেশের জনগণ এটাকে স্বাগত জানাবে। বারাসাতের আদালত নূর হোসেনকে আট দিনের রিমান্ড মঞ্জুর করায় অনেকের মনে এ আশাবাদ বাড়তেই পারে যে বিষয়টিকে ভারত কেবলই তিন ব্যক্তির মামুলি অনুপ্রবেশ সমস্যা হিসেবে দেখবে না।
নূর হোসেনকে দ্রুত ফিরিয়ে আনলেই শুধু চলবে না, তাঁকে দ্রুত কাঠগড়ার দাঁড় করাতে বিশেষ উদ্যোগ নিতে হবে। এটা সম্ভব হলে তাকে সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের অঙ্গীকারের বহিঃপ্রকাশ হিসেবে মানুষ স্বাগত জানাবে৷ এ ক্ষেত্রে মোদির নতুন সরকারের সহায়তাদানও আন্তসীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অব্যাহত অঙ্গীকারের একটি সার্থক প্রতিফলন হিসেবেই দেখা হবে।