নোটারি পাবলিকদের বয়স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞ আইনজীবীদের মধ্য থেকে নোটারি পাবলিক নিয়োগ দেওয়া হয়। প্রত্যেক নোটারি পাবলিককেই আইনের ডিগ্রিধারীসহ আইনজীবী হিসেবে অভিজ্ঞ হতে হয়। এমনিতেই আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় সেশনজটের কারণে পড়াশোনা শেষ করতে অনেক সময় লেগে যায়, তা ছাড়া বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়াসহ আইনজীবী হিসেবে অভিজ্ঞতা অর্জন করতে অনেক সময় পার হয়ে গেলেও নোটারিদের বয়সের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে—যা নিতান্তই অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। নোটারি অধ্যাদেশ ও বিধিমালার বিধি ৮ ক-তে উল্লেখ রয়েছে যে ‘প্র্যাকটিসের ক্ষেত্রে বয়সের প্রতিবন্ধকতা: অত্র বিধিমালা যা কিছু থাকুক না কেন, কোনো ব্যক্তির বয়স ৬০ বছরের অধিক হলে তিনি নোটারি হিসেবে প্র্যাকটিস করার যোগ্য হবেন না: তবে শর্ত থাকে যে, উক্ত ব্যক্তির শারীরিক ও মানসিক উপযুক্ততা সম্পর্কে নিবন্ধিত চিকিৎসক কর্তৃক প্রদত্ত মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে সরকার তাকে ৬৫ বছর পর্যন্ত নোটারি হিসেবে প্র্যাকটিস করার অনুমতি দিতে পারবেন।’
বিচার বিশ্লেষণ করে দেখা গেছে উল্লিখিত বিধিটি বর্তমান সময়ের প্রেক্ষাপটে পরিবর্তনশীল। কারণ, নোটারি পাবলিক হিসেবে নিয়োগ পেতে যে অধিক সময় লেগে যায় তাতে করে বেঁধে দেওয়া এই বয়সসীমা প্র্যাকটিসের জন্য নিতান্তই কম, কারণ নোটারিদের কার্যক্রম বয়সের ক্ষেত্রে বাধা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না বিধায় বয়সের এই সীমাবদ্ধতা বিলুপ্ত করা একান্ত জরুরি হয়ে পড়েছে।
তাই সার্বিক দিক বিবেচনা করে নোটারি পাবলিকদের প্র্যাকটিসের সময়সীমা আজীবন নির্ধারণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের আশু দৃষ্টি আকর্ষণ করছি।
মো. তাজুল ইসলাম খান
অ্যাডভোকেট, গেন্ডারিয়া।