নোয়াবের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদপত্রশিল্পের কর্মীদের জন্য গঠিত অষ্টম বেতন বোর্ড রোয়েদাদ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আলোচনা করার যে প্রস্তাব দিয়েছে, তা যৌক্তিক বলেই আমরা মনে করি। যেকোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া কিংবা তাদের সুবিধা-অসুবিধার বিষয়টি দেখা সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে।
গত বৃহস্পতিবার সংগঠনের পক্ষে দেওয়া যুক্ত বিবৃতিতে সংবাদপত্রশিল্পের কর্মীদের জন্য বেতন বোর্ড গঠন এবং এর পটভূমি ব্যাখ্যার পাশাপাশি সংবাদপত্রশিল্পের কিছু বাস্তব সমস্যা তুলে ধরা হয়েছে, যেগুলো মোটেই উপেক্ষণীয় নয়। বিশেষ করে ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে নিউজপ্রিন্টের আমদানি শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করায় এই সমস্যাসংকুল শিল্পের জন্য তা মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। দেশীয় কাগজশিল্প রক্ষার দোহাই দিয়ে নিউজপ্রিন্টের আমদানি শুল্ক বাড়ানো হলেও বাস্তবতা হলো, দেশীয় কোনো প্রতিষ্ঠানই সংবাদপত্রের চাহিদা অনুযায়ী মানসম্পন্ন নিউজপ্রিন্ট উৎপাদন করতে পারছে না।
দ্বিতীয় কথা হলো, নোয়াব বেসরকারি বিজ্ঞাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি বিজ্ঞাপনের মূল্যহার বাড়ানোর দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন থেকে। কিন্তু সরকার তাদের কথায় কর্ণপাত করেনি। বরং অর্থ মন্ত্রণালয় সরকারি বিজ্ঞাপনের পরিমাণ ও মূল্য কমানোর উদ্যোগ নিয়েছে, যা সংবাদপত্রশিল্পকে আরও নাজুক অবস্থায় ঠেলে দেবে। সরকারি বিজ্ঞাপন নিয়ে অনিয়ম-দুর্নীতিও এখন আর লুকোছাপার বিষয় নয়।
নোয়াবের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ২০১২ সালের ১৬ মে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নোয়াব বেশ কিছু সমস্যার কথা তুলে ধরলে তিনি সেগুলো সহানুভূতির সঙ্গে দেখার আশ্বাস দিয়েছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতেই নোয়াব অষ্টম বেতন বোর্ডে অংশ নেয়। কিন্তু বাস্তবতা হলো, গত ১৬ মাসেও সরকারের পক্ষ থেকে সংবাদপত্রশিল্পের সহায়ক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
নোয়াব সংবাদপত্রশিল্পের কর্মীদের জন্য গঠিত বেতন বোর্ডের চেয়ারম্যানের এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছে। বেতনকাঠামোর ব্যাপারে মালিক ও শ্রমিকপক্ষ মতৈক্যে পৌঁছতে না পারায় চেয়ারম্যানকে একটি প্রস্তাব পেশ করার জন্য বলা হয়েছিল। কিন্তু তিনি কারও সঙ্গে আলোচনা না করেই নতুন বেতনকাঠামো সরকারের কাছে পেশ করেছেন, যা শ্রম আইন, ২০০৬-এর ১৪৪, ১৪৫ ও ১৪৬ ধারার সঙ্গে সংগতিপূর্ণ নয়। আরও উদ্বেগের বিষয় হলো ওই একতরফা ও অযৌক্তিক প্রস্তাব মন্ত্রিসভাও নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।
এই অবস্থায় প্রস্তাবিত বেতন বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন করতে হলে নোয়াব যেসব সমস্যার মুখোমুখি, সেগুলোর দ্রুত ও টেকসই প্রতিকার আবশ্যক। আমরা অবিলম্বে নিউজপ্রিন্টের ওপর আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এই শিল্পের কর্মীদের ন্যায়সংগত বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা প্রদানের বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু তার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয় সেই সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য সংবাদপত্রশিল্পের আর্থিক সামর্থ্য বাড়ানো।