১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠার আরও একটি দৃষ্টান্ত স্থাপিত হলো। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ তাঁর দ্বারা সংঘটিত অপরাধগুলোর শিকার ব্যক্তিদের পরিবারবর্গসহ বাংলাদেশের সব ন্যায়বিচারপ্রত্যাশী মানুষের জন্য স্বস্তিদায়ক।
মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া এ সপ্তম রায়ে বলা হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে উত্থাপিত ২৩টি অভিযোগের মধ্যে নয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। প্রমাণিত সব অভিযোগই গণহত্যার; বিশেষভাবে আলোচিত কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতনচন্দ্র সিংহকে তাঁর বাসভবনে হত্যা করার ঘটনায় পাকিস্তানি সেনাদের সঙ্গে তিনি নিজেও অংশ নিয়েছিলেন।
চট্টগ্রামে সালাউদ্দিন কাদের চৌধুরীর পৈতৃক বাসভবনে নির্যাতনকেন্দ্র স্থাপন, অনেক মানুষকে ধরে এনে সেখানে নির্যাতন ও হত্যা করার অভিযোগসহ রাউজানের কয়েকটি গ্রামে গণহত্যায় অংশগ্রহণ ও সহযোগিতার অভিযোগগুলোও প্রমাণিত হয়েছে। অবশ্য তিনি নিজে ও তাঁর পক্ষের সাক্ষীরা দাবি করেছিলেন, অপরাধগুলো সংঘটনের অভিযোগে উল্লিখিত সময়ে তিনি বাংলাদেশেই ছিলেন না; ১৯৭১ সালের ২৯ মার্চ তিনি ঢাকা ছেড়ে করাচি চলে যান এবং ফিরে আসেন তিন বছর পর ১৯৭৪ সালে। কিন্তু তাঁর ও তাঁর পক্ষের সাক্ষীদের এই দাবি আদালতে সত্য বলে প্রমাণিত হয়নি।
প্রধান বিরোধী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে নৃশংস নানা অপরাধ সংঘটনের অভিযোগ ট্রাইব্যুনাল গঠনের অনেক আগে থেকেই সুবিদিত। এত দিন তাঁর বিচার হয়নি বলে তাঁর অপরাধের শিকার ব্যক্তিদের পরিবার-পরিজনের সংক্ষুব্ধ হওয়ার যুক্তিসংগত কারণ ছিল। এই রায়ের মধ্য দিয়ে সেই সংক্ষুব্ধতা নিরসনই প্রধান তাৎপর্যপূর্ণ বিষয়। কেননা, অপরাধ সংঘটিত হলে তার আইনি প্রতিকারের মধ্য দিয়েই শুধু সংক্ষুব্ধের ন্যায়বিচার লাভের অধিকার নিশ্চিত হয়। এবং সেটাই জনমনে এই আস্থা ফিরিয়ে আনতে পারে যে বাংলাদেশ আইনের শাসনের ভিত্তিতে পরিচালিত হওয়ার পথ থেকে বিচ্যুত হয়নি।
দীর্ঘ সময় ধরে মানবতাবিরোধী অপরাধের বিচারের উদ্যোগ না নেওয়া, বরং উল্টো তাঁদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাওয়া, রাজনৈতিক ক্ষমতা ভোগ করা, এমনকি মন্ত্রীর আসনে বসা—এসবের মধ্য দিয়ে ন্যায়বিচারকে যেভাবে দূরে সরিয়ে রাখা হয়েছিল, তাঁদের বিচারের মধ্য দিয়ে বাংলাদেশ সেই ঐতিহাসিক বিচ্যুতি তার গ্লানি থেকে মুক্ত হওয়ার প্রয়াস চালাচ্ছে। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ আছে; বিবাদীপক্ষের উচিত হবে সে আইনি প্রক্রিয়া অবলম্বন করা। অথচ চট্টগ্রাম মহানগরে ও রাঙামাটিতে আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই নিয়ে সাতজন অভিযুক্তের বিরুদ্ধে সাজার রায় ঘোষিত হলো; আপিল বিভাগের রায়ে কাদের মোল্লার ফাঁসিসহ ছয়জনের বিরুদ্ধেই সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ফাঁসির রায় হলো। এখন প্রয়োজন এ রায়গুলো দ্রুত কার্যকর করার উদ্যোগ নেওয়া; এটিই স্বাভাবিক ও সংগত প্রত্যাশা। কেননা, আদালতের রায় কার্যকর হওয়ার মধ্য দিয়েই কেবল বিচারের চূড়ান্ত লক্ষ্য বাস্তবায়িত হতে পারে।