ন্যূনতম যোগ্যতা
এইচএসসি পরীক্ষার ফল বেরিয়েছে। গতবারের তুলনায় এবার পরীক্ষার ফল খারাপ হয়েছে। বিশেষ করে কুমিল্লা ও চট্টগ্রাম বোর্ডে। বেশির ভাগ শিক্ষার্থী তাঁদের আশানুরূপ ফল অর্জন করতে পারেননি। রাজনৈতিক বিতর্কের পাশাপাশি সৃজনশীল পদ্ধতি এই খারাপ ফলের জন্য অনেকাংশে দায়ী। বিশেষ করে গ্রামের শিক্ষার্থীদের ক্ষেত্রে শহর এলাকার শিক্ষার্থীরা সৃজনশীল পদ্ধতি বুঝতে পারলেও গ্রামের শিক্ষার্থীরা এ ব্যাপারে একেবারেই অজ্ঞ থেকে গেছেন। কারণ, গ্রামে উন্নত ও দক্ষ শিক্ষকের অনেক অভাব রয়েছে। বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে। এ বছর বাংলা ও রসায়নে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হয়েছে। আর সে কারণে শিক্ষার্থীরা আশানুরূপ ফল অর্জন করতে পারেননি। সামগ্রিকভাবে পাসের হার ৭১ দশমিক ৩ শতাংশ হলেও জিপিএর দিক দিয়ে গ্রামের শিক্ষার্থীরা অনেক পিছিয়ে রয়েছেন।
সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু এমন অনেক শিক্ষার্থী আছেন, যাঁদের পরীক্ষার ফল এতটাই খারাপ হয়েছে যে তাঁদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যোগ্যতা গতবারের চেয়ে কম। বিশেষ করে কুমিল্লা ও চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীদের। এই দুই বোর্ডের গ্রামের শিক্ষার্থীরা জিপিএর দিক থেকে অনেক পিছিয়ে আছেন।
তাই বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আবেদন করতে পারবেন না, যদি গতবারের মতো যোগ্যতা চাওয়া হয়। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির ক্ষেত্রে যোগ্যতা শিথিল করা হলে গ্রামের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা তাঁদের মেধা যাচাইয়ের সুযোগ পাবেন। তাই গতবারের চেয়ে যোগ্যতা শিথিল করার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সেই সঙ্গে ন্যূনতম যোগ্যতা ২ দশমিক ৫ করার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।
ফরহাদুল ইসলাম
মিরসরাই, চট্টগ্রাম।